‘মাতৃভূমির গান’
‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...মা, তোর বদনখানি মলিন হলে, ও মা, আমি নয়নজলে ভাসি’ বাংলাদেশের জাতীয় সংগীতের চরণগুলো নিয়ে গত ৬ থেকে ৯ অক্টোবর কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছিল আর্টক্যাম্প। ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ (বিএটিবি) ও বেঙ্গল গ্যালারি যৌথভাবে এর আয়োজন করে কুষ্টিয়ায় বিএটিবির গেস্ট হাউস কমপ্লেক্সে।দেশের ১২ জন বিশিষ্ট শিল্পী এতে অংশ নেন। চার দিনব্যাপী সেই চিত্রশিবিরে আঁকা ছবি নিয়ে সোমবার থেকে বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে যৌথ চিত্র প্রদর্শনী ‘মাতৃভূমির গান’। স্বাধীনতার ৪০ বছর ও রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। প্রদর্শনীর শিল্পীদের মধ্যে রয়েছেন কাইয়ুম চৌধুরী, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, মাহমুদুল হক, শহীদ কবির, ফরিদা জামান, মোহাম্মদ ইউনুস, কনকচাঁপা চাকমা, মোহাম্মদ ইকবাল, তৈয়বা বেগম ও আনিসুজ্জামান।শিল্পী কাইয়ুম চৌধুরীর আঁকা ছবির শিরোনাম ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। রফিকুন নবী এঁকেছেন নীল আকাশের নিচে বিস্তীর্ণ সবুজ ধানখেতের মাঝে হাতে লাঠি নিয়ে গরু চরাচ্ছে এক রাখাল। আর তার পাশেই আরেক রাখাল একটি মহিষের পিঠে চড়ে আপন মনে বাঁশি বাজাচ্ছে। সোনালি ধানের খেতে একনিষ্ঠ মনে ঘুড়ি ওড়াচ্ছে এক কিশোর। সবগুলো ছবিতেই উঠে এসেছে বাংলার নিসর্গ। মোট ২৪টি চিত্রকর্ম রয়েছে এই প্রদর্শনীতে।আয়োজকেরা জানিয়েছেন, এই চিত্রকর্মগুলোর মধ্য থেকে ১২ জন শিল্পীর ১২টি চিত্রকর্ম নিয়ে ব্রিটিশ-আমেরিকান টোবাকো বাংলাদেশের ২০১২ সালের ক্যালেন্ডার প্রকাশিত হবে। প্রদর্শনী চলবে আগামী ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য এটি উন্মুক্ত থাকবে।