সাফ ফুটবলের প্রস্তুতি ম্যাচে বিদেশি একাদশের বিপক্ষে কালও জিততে পারেনি জাতীয় দল। দুটি ম্যাচে গোল করেছেন জাহিদ হাসান এমিলি। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচ শেষে নিজের ও দলের সমস্যার কথাগুলো বলছিলেন এই স্ট্রাইকার দুটি প্রস্তুতি ম্যাচেই গোল পেলেন। কিন্তু দল তো জিততে পারছে না...জাহিদ হাসান এমিলি: এটা সত্যি, আমরা জিততে পারছি না। তবে কোচ একটু আগেই বলছিলেন, দিন দিন আমাদের খেলার উন্নতি হচ্ছে। সাফ শুরুর আগে এ রকম প্রস্তুতি ম্যাচ যদি আরও কয়েকটা খেলা যায়, তাহলে হয়তো সব ভুল শোধরাতে পারব। আমাদের প্রতিপক্ষ শক্তিশালী। সবাই আফ্রিকান। ওরা পাওয়ার ফুটবল খেলে। তবে আমরা যেটা চাচ্ছি, সেটা কিন্তু এসব ম্যাচে হচ্ছে। ২০০৫ সালে অভিষেকের পর থেকে ভাবা হচ্ছিল অনেক দূর যাবেন? আসলেই কত দূর যেতে পেরেছেন?এমিলি: অভিষেকের পর থেকে এ পর্যন্ত একবারের জন্য হলেও জাতীয় দল থেকে বাদ পড়িনি। আমি সব সময়ই চেষ্টা করি, দেশের জন্য সেরাটা দেওয়ার। হয়তো কখনো খারাপ সময় গেছে, ভালো সময়ও গেছে। একজন খেলোয়াড়ের জন্য এটা স্বাভাবিক একটা ব্যাপার। তবে সব সময় চেষ্টা করি ভালো খেলতে, গোল করতে। শাস্তি-জরিমানা এসব বিতর্ক পেছনে ফেলে আবারও কোচের নজরে এসেছেন। নিজেকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে?এমিলি: শাস্তির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা বিষয়। যা হয়ে গেছে, গেছে। তবে এসব বিষয় এখন একদমই মাথায় নেই। কারণ, আমি জানি, এটা মাথায় নিলে আমার ওপর বেশি চাপ পড়বে। তাই মাথা থেকে সব ঝেড়ে ফেলেছি। এখন আমার পুরো মনোযোগ সাফ ফুটবলের দিকে। কোচ কখনো আপনার ওপর কঠিন, কখনো নরম হচ্ছেন। কোচের এসব বিষয় কীভাবে দেখেন?এমিলি: শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই কোচরা এমন। যখন কোচের মনমতো কিছু হচ্ছে না, তখনই তারা কঠিন। এটা স্বাভাবিক। তবে এটা সত্যি, উনার অনেক ভালো গুণও আছে। রুমে রুমে গিয়ে ম্যাচের পর আমাদের সঙ্গে কথা বলেন। এটা খুবই ইতিবাচক দিক। উনি প্রতিদিনই মজা করেন। কি মাঠে, কি ড্রেসিংরুমে, মানসিকভাবে কখনো বিধ্বস্ত করেন না। দুটো অনুশীলন ম্যাচের একটিতে হার, একটি ড্র। জয়ের অভ্যাসটা থাকলে কি ভালো হতো না?এমিলি: অবশ্যই। সেটা হলে ভালোই হতো। আমার মনে হয়, ম্যাচে যে ভুলগুলো করছি, সেগুলো পরে শুধরে নিতে পারব। জিততেও পারব, ইনশাল্লাহ। আশা করি, পরের ম্যাচ থেকেই জয় পাব। স্ট্রাইকার সমস্যা তো বাংলাদেশের চিরন্তন সমস্যা। নতুনদের মধ্যে সম্ভাবনাময় কাউকে দেখছেন?এমিলি: এটা সত্যি, স্ট্রাইকার একটা বড় সমস্যা। কিন্তু যখন ২০-২২ জনের একটা দল গড়া হয়, তখন তিন-চারজন ভালো স্ট্রাইকার থাকে। এখানে যারা ডাক পেয়েছে, সবাই প্রতিভাবান। মালেক, তৌহিদ, ইমন বাবু—ওদেরও গোল করার ক্ষমতা আছে। ম্যাচে যে কারোর সুযোগ আসতে পারে। আমাদের সবার উচিত গোলের সুযোগগুলো কাজে লাগানো। গত তিন-চার মাস ঘরোয়া ফুটবল বন্ধ। এটাও কি সাফের প্রস্তুতিতে কোনো প্রভাব পড়বে?এমিলি: খেলা চললে সবাই দলের সঙ্গে অনুশীলনে থাকে। একা অনুশীলন আর ক্লাবের সঙ্গে অনুশীলন পুরো আলাদা। আমাদের এই সমস্যাটা অনেক দিনের। তবে আমি জাতীয় দলে না থাকলেও জিমে যাই। অনুশীলন করি।