‘মাদক ব্যবসায়ী’ হিসেবে গ্রেপ্তার মা-ছেলে রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার খিলগাঁও থেকে ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে গ্রেপ্তার হওয়া মা ও তাঁর দুই ছেলেকে এক দিনের রিমান্ডে আনা হয়েছে। তবে তাঁরা আদৌ মাদক ব্যবসায়ী কি না, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও সে বিষয়ে এখনো নিশ্চিত হাতে পারেননি।গত শুক্রবার খিলগাঁও তিলপাপাড়া ৬ নম্বর সড়কের ২৩৪/এ নম্বর বাড়ি থেকে ২০টি ইয়াবা বড়ি, চারটি গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ চারজনকে গ্রেপ্তার করেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁরা হলেন গৃহবধূ রুবিনা মৃধা (৪০), উন্মুক্ত বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাঁর ছেলে ইউসুফ মৃধা ওরফে রবিন ও খিলগাঁও মডেল স্কুলের দশম শ্রেণীর ছাত্র ইয়াছিন মৃধা। এ ছাড়া মমিনুল ইসলাম নামের একজনকে ওই বাড়ি থেকে গ্রেপ্তার দেখানো হয়। মমিনুল একজন ‘দাগি’ মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। তাঁর বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের অভিযোগে মামলা হয়েছিল। তবে বাকি তিনজনের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেখাতে পারেননি মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা।কর্মকর্তারা জানান, রুবিনার মেজো ছেলে ইমরান মৃধা ওরফে রুবেল মাদক (ইয়াবা) ব্যবসার সঙ্গে যুক্ত। এভাবেই মমিনুলের সঙ্গে রুবেলের বন্ধুত্ব গড়ে ওঠে। ওই বাড়িতে মমিনুলের নিয়মিত যাতায়াত ছিল।২৩৪/এ দোতলা বাড়িটির নিচতলার ভাড়াটে বিষ্ণু আচার্য জানান, ছেলেদের মা রুবিনা মৃধা নিছকই গৃহবধূ। তিনি কীভাবে মাদক ব্যবসায়ী হলেন, বিষয়টি বোধগম্য নয়। বড় ভাই ইউসুফ মৃধা টুকটাক কাজ করেন, পাশপাশি পড়াশোনা করেন। ছোট ভাই ইয়াছিন মৃধা তো একদমই ছোট। এরা মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে তিনি বিশ্বাস করেন না।এ বিষয়ে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটওয়ারী প্রথম আলোকে জানান, তাঁদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা হয়েছে। অস্ত্র আইনের মামলাটি তদন্ত করছে থানার পুলিশ। এখন জিজ্ঞাসাবাদ ও তদন্তের পরেই বেরিয়ে আসবে তাঁরা আসলেই মাদক ব্যবসায়ী কি না।অস্ত্র মামলায় গ্রেপ্তারকৃতদের গতকাল মুখ্য মহানগর আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।উপপরিচালক বলেন, ‘একটা সাধারণ পরিবারের আলমারিতে তো আপনি লোডেড পিস্তল পাবেন না। ইয়াবাও থাকবে না।’ তিনি জানান, মমিনুলের মতো দাগি মাদক ব্যবসায়ীর ওই বাড়িটিতে যাতায়াত রয়েছে।খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘অস্ত্র উদ্ধারের ঘটনায় পরিবারের সবাইকে আসামি করে অস্ত্র মামলা করেছেন মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা। আমরা মামলা নিয়েছি। এখন তদন্ত করে দেখা হবে অস্ত্রটির প্রকৃত মালিক কে।’