‘মাধ্যম চিন্তা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
ঢাকা বিশ্ববিদ্যালয় লেকচার থিয়েটারের আরসি মজুমদার মিলনায়তনে প্রথম আলোর সাংবাদিক সাইফুল সামিনের ‘মাধ্যম চিন্তা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ শনিবার বেলা ১১টার দিকে অনুষ্ঠানটি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, সাইফুল সামিনের এই বইটি প্রাতিষ্ঠানিক পর্যায়ে অনেক কাজে লাগবে। গণমাধ্যমের সঙ্গে যাঁরা জড়িত, তাঁরা বইটি থেকে অনেককিছু শিখতে পারবেন বলে তিনি মন্তব্য করেন।বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক ও সিইও মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘মাধ্যম চিন্তা’ বইটিতে সামিনের ছাত্রত্বের ছোঁয়া আছে। সামিনের সামনে সম্ভাবনার অনেক পথ রয়েছে। সে অনেক পথ পাড়ি দেবে। সামিন কখনো হারবে না বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, সামিন সব সময় জয়ী হবে।অনুষ্ঠানে উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ‘মাধ্যম চিন্তা’ গ্রন্থের লেখক ও প্রথম আলোর সাংবাদিক সাইফুল সামিন জানান, তিনি কখনো হারতে চান না। সব সময় সামনে এগিয়ে যেতে চান। সবাই সহযোগিতা করলে সামনে আরও ভালো কিছু করার আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন গীতি আরা নাসরিন, প্রথম আলোর বার্তা সম্পাদক সেলিম খান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রকাশনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রুবায়েত ফেরদৌস।