গত ২৫ জুলাই শুরু হয়েছে ফুটবলের ‘বি’ লাইসেন্স কোচিং কোর্স। এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) তত্ত্বাবধানে এই কোচদের প্রশিক্ষণ দিচ্ছেন ইরানের সাবেক পেশাদার কোচ আরদেশির পুরনেমাত আনজালি। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে কোচদের ব্যবহারিক পরীক্ষার এক ফাঁকে তিনি বললেন বাংলাদেশের কোচদের মান এবং অন্যান্য প্রসঙ্গে... এবারই কি প্রথম ঢাকায়?আরদেশির পুরনেমাত আনজালি: না। তিন বছর আগেও একবার এসেছিলাম। শহরটা কেমন লাগছে?আরদেশির: খুবই গরম। আর যানজট একটুও কমেনি। বরং বেড়েছে। এখানকার রিকশা খুব মজার বাহন। লোকজন অতিথিপরায়ণ। আমার তো কয়েকজন ভালো বন্ধুও জুটে গেছে। আপনার কোচিং কোর্স সম্পর্কে কিছু বলুন...আরদেশির: ১৯ জন স্থানীয় কোচ নিয়ে এই কোর্স। তিন সপ্তাহের কোর্সে তিন দিন বিশ্রাম। কোচদের প্রথমে তাত্ত্বিক পাঠ দেওয়া হচ্ছে এবং পরে হচ্ছে ব্যবহারিক ক্লাস। এই কোর্স থেকে তাঁরা কতটুকু উপকৃত হবেন বলে আশা করেন?আরদেশির: এখানকার সবাই কমবেশি কোচিং জানেন। কিন্তু সেগুলো কোনো প্রথাগত পদ্ধতিতে শেখেননি। আমি সেই পদ্ধতিটাই ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি। একটু ব্যাখ্যা করবেন?আরদেশির: খেলোয়াড়েরা কীভাবে আক্রমণে যাবে, কীভাবে সমন্বয়ের মাধ্যমে জায়গা তৈরি করবে, রক্ষণভাগ আগলাবে এগুলো শিখছে। মোট কথা, ফুটবল খেলার মূল কৌশলগুলো শেখানো হচ্ছে। এর বাইরে আর কিছু...আরদেশির: একজন কোচ তো সব সময় জাতীয় দল বা ক্লাবভিত্তিক দলেরই দায়িত্ব নেন না। জুনিয়র ও সিনিয়র খেলোয়াড়দের কেমন ট্রেনিং করাবে সেগুলো তাঁকে জানতে হবে। আর অনুশীলনের পর খেলোয়াড়দের যে শক্তি ক্ষয় হচ্ছে, সেটা পূরণ করার ব্যাপারগুলোও জানতে হবে। ক্রীড়া মনোবিজ্ঞানটাও জানা জরুরি। তাঁদের সম্পর্কে এই কদিনের মূল্যায়ন কী?আরদেশির: তাঁরা শিখতে খুবই আগ্রহী। এটুকু সময়ের মধ্যে অনেক কিছু শেখার চেষ্টা করছেন। যেহেতু দ্বিতীয়বারের মতো এখানে এলাম তাই ওঁদের সঙ্গে আমার বোঝাপড়াটাও ভালোই হচ্ছে। ইরানে এই কোর্সটা কি নিয়মিত হয়? আরদেশির: অবশ্যই। আমাদের দেশে প্রতিটি শহরেই একজন করে আন্তর্জাতিক মানের কোচ আছেন। ইরান ফুটবল ফেডারেশন এমন কোর্স বছরে আটবার আয়োজন করে থাকে। আপনি সংখ্যাগত বিষয়, না গুণগত বিষয়ের ওপর বেশি গুরুত্ব দেন?আরদেশির: মানটাই বেশি দেখি। এটি শেষ হলে এএফসিতে (এশিয়ান ফুটবল কনফেডারেশনে) একটা প্রতিবেদন পাঠাব। তাঁরা কেমন করলেন তার চূড়ান্ত প্রশংসাপত্র দেবে এএফসি। কোচের বাইরে বাংলাদেশের খেলোয়াড়দের সম্পর্কে কিছু অবগত আছেন?আরদেশির: না। খেলোয়াড়দের ব্যাপারে কিছু জানি না। তবে এটুকু জানি, এখানে নতুন মৌসুম শুরু হবে। এখন দলবদলের প্রস্তুতি চলছে। খেলোয়াড়দের জন্য কোনো পরামর্শ আছে আপনার?আরদেশির: বর্তমান খেলোয়াড়দের অন্ততপক্ষে ‘সি’ লাইসেন্স করে রাখা উচিত। আরও উন্নত টেকনিক জানতেই এটা শেখা উচিত তাদের। তরুণেরাই এতে বেশি লাভবান হবে। কারণ ওরাই তো পরে এদের অনুসরণ করবে।