‘মানবতাবিরোধী অপরাধে সহায়তা করেন আলীম’
‘১৯৭১ সালে জয়পুরহাটে আবদুল আলীমের নেতৃত্বে রাজাকার ও শান্তি কমিটি গঠিত হয়। আলীমের সহায়তায় জয়পুরহাটের বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনী লুণ্ঠন, অগ্নিসংযোগ, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে।’বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেওয়ার সময় এ কথা বলেন রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী সাইদুর রহমান। আজ মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ সাইদুর রহমান তাঁর জবানবন্দি দেন। সাইদুর রহমান বলেন, জয়পুরহাটের শাওন লাল বজলারের বাড়ির নিচতলায় সেনাক্যাম্প স্থাপন ও দ্বিতীয় তলায় পাকিস্তানি কমান্ডার মেজর আফজালের থাকার জায়গা করে দেন আবদুল আলীম। এ ছাড়া শাওন লাল বজলারের ধানের চাতালে রাজাকারদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি। শাওন লাল বজলারের গদিঘরে শান্তি কমিটির অফিস স্থাপন করেন। এরপর জয়পুরহাটসহ আশপাশের বেশ কয়েকটি এলাকায় আবদুল আলীমের নেতৃত্বে পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞ চালায়।সাক্ষী জানান, একাত্তর সালে মেজর আফজাল ও ২৪ পাকিস্তানি সেনাকে নিয়ে আবদুল আলীম একটি ছবি তোলেন। সেই ছবিটি মামলার তদন্ত কর্মকর্তা আলতাবুর রহমানের কাছে দেখে তিনি ছবিতে আলীমকে চিনতে পারেন। জবানবন্দির শেষ পর্যায়ে ট্রাইব্যুনালে উপস্থিত আবদুল আলীমকে শনাক্ত করেন সাক্ষী। জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী মুন্সি আহসান কবীর সাক্ষীকে জেরা করেন।