‘মানববন্ধনেই প্রমাণ হয় মানুষ যুদ্ধাপরাধীদের বিচার চায়’
যুদ্ধাপরাধীদের বিচার ও গণতান্ত্রিক অভিযাত্রাকে ব্যাহত করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজধানীর গাবতলী থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ১৪ দলের মানববন্ধন শেষ হয়েছে।আজ মঙ্গলবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত ওই মানববন্ধনে আওয়ামী লীগ ও ১৪ দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। নেতা-কর্মীরা রাস্তার দুই পাশে দাঁড়ান। তবে এ সময় যান চলাচল স্বাভাবিক ছিল।মানববন্ধনে আওয়ামী লীগ ও ১৪ দলের নেতারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা ও যুদ্ধাপরাধীদের বিচারের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখতে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। তাঁরা আরও বলেন, মানুষ যে রাজনৈতিক প্রক্রিয়াকে অব্যাহত রাখতে চায় ও যুদ্ধাপরাধীদের বিচার চায়, আজকের মানবন্ধন তারই প্রমাণ।মানববন্ধনে রাশেদ খান মেনন বলেন, যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছে। অবশ্যই শেষ হবে। আওয়ামী লীগ ও ১৪ দলের নেতা-কর্মীরা মানববন্ধনে ব্যানার, ফেস্টুন নিয়ে গোলাম আযম, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসেন সাঈদীর বিচারের দাবিতে স্লোগান দেন। তাঁরা এ সময় গোলাম আযম, নিজামী ও সাঈদীর প্রতীকী ফাঁসি দেন।মানববন্ধনে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, মাহবুব উল আলম হানিফ, সাহারা খাতুন, সাম্যবাদী পার্টির দীলিপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু প্রমুখ অংশ নেন।