অনুশীলনে ভালো করেন। কিন্তু প্রতিযোগিতায় গিয়ে নিজের সেরার চেয়ে তাঁরা অনেক পেছনে! এই দুষ্টচক্রে আবারও বাঁধা পড়ে ১০ মিটার এয়ার রাইফেল অলিম্পিকে সরাসরি খেলার শেষ সুযোগও হারালেন বাংলাদেশ পুরুষ দলের দুই শ্যুটার। কাল দোহায় এশিয়ান শ্যুটিংয়ে ভরাডুবির পর ফোনে কারণটা জানালেন তাঁদেরই অন্যতম আবদুল্লাহ হেল বাকি ফলাফল এত খারাপ হওয়ার কারণ কী?আবদুল্লাহ হেল বাকি: কী বলব, বুঝতে পারছি না। বলার তো আসলে কোনো মুখ নেই। তাই কিছু বলতে চাইছি না। তার পরও বলুন। কোনো কারণ তো নিশ্চয়ই আছে?বাকি: আসলে মানসিকভাবেই হেরে গিয়েছি। এত নার্ভাস ছিলাম যে, এভাবে কম্পিটিশন করা যায় না। মনের বাঘই কাল হয়েছে। তাই বলে এত খারাপ স্কোর! ৬০০-তে এই যুগে এসে ৫৮২!বাকি: কী বলব। নিজেও অবাক। আগের দিন অনুশীলনেই করেছি ৫৯৩। দেশে এর চেয়েও বেশি করে এসেছি। আমার তো অনুশীলনে ৫৯৬-৯৭ পর্যন্তও স্কোর উঠেছিল। সেখানে এমন বাজে একটা স্কোর নিজেই মানতে পারছি না। আপনার সতীর্থ আসিফও খারাপ করলেন। তাঁর স্কোর ৫৮৬। তা কী বললেন আসিফ?বাকি: আসিফ ভাই বললেন, অনেক দিন পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় এসেছেন। তাই এ রকম হয়েছে। তিনি নিজেও খুশি নন। আমরা কেউ এখানে খুশি নই। নতুন রেঞ্জে গিয়ে খেলছেন। এটা কি কোনো কারণ?বাকি: এটাকে বড় কোনো কারণ বলব না। দু-চার দিন অনুশীলন করলে নিজেকে মানিয়ে নেওয়া যায়। তবে এটাও ঠিক, আমরা দোহায় এসেছি তিন-চার দিন আগে। অনেকে এসেছে এক মাসও আগে। তবে যত যা-ই হোক, আমাদের আরও বেশি বেশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে হবে। এটার বিকল্প নেই। আপনারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় কমবেশি তো খেলেন। একেবারেই তো নতুন নন...বাকি: হ্যাঁ, আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলি। কিন্তু কত দিন পরপর? আমি ছয় মাস পর আন্তর্জাতিক প্রতিযোগিতায় এলাম। সর্বশেষ গত জুনে জার্মানিতে বিশ্বকাপে গিয়েছিলাম। এখন বুঝুন, ছয় মাস পর বড় আসরে খেললে নার্ভাস তো লাগবেই। এই কথা তো আগেও অনেকবার শোনা গিয়েছে আপনাদের মুখে। এ থেকে পরিত্রাণের উপায় কী?বাকি: উপায় একটাই, আমাদের আরও খেলতে হবে। বছরে অন্তত চার-পাঁচটা আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাওয়া চাই। না হলে যেখানে আছি, সেখানেই থেকে যাব। আমার কথাগুলো অজুহাতের মতো শোনাবে হয়তো। কিন্তু এটাই বাস্তবতা। আপনাদের এই অধোগতি দেখে বিদেশি শ্যুটাররা কিছু বললেন?বাকি: অনেকেই সান্ত্বনা দিয়েছে। বলেছে, পরের বার হবে। এর বাইরে আর তেমন কিছু নয়। আমরা বুঝলাম, নার্ভ শক্ত করে এসব প্রতিযোগিতায় আসতে হবে। আপনার কখন মনে হলো, আজ হচ্ছে না। এটা কি শুরু থেকেই?বাকি: শুরু থেকেই স্কোরে পিছিয়ে পড়ি। ৬০টি শটে আমার পারফেক্ট টেন হয়েছে ৪৩টি। এখন দেখেন, কতগুলো শট টার্গেটে ছিল না। কখনো কী মনে হয় না, সামর্থ্যেরই অভাব আছে?বাকি: সামর্থ্যে আমরা তো অন্যদের চেয়ে পিছিয়ে আছিই। কিন্তু নিজেদের সেরাটা করতে পারলেও হয়। সেটাই পারছি না। সমস্যাটা এই জায়গায়। অনুশীলনে যা করি, প্রতিযোগিতায় এসে তার ধারেকাছেও নেই। এই অবস্থা বদলাতে হবে।