‘মানহানিকর হয়রানি’ থেকে রক্ষা পেতে আবেদন
বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী আজ ট্রাইব্যুনালে ‘মানহানিকর হয়রানি’ থেকে রক্ষা পেতে আবেদন করেছেন। বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাকা চৌধুরী এই আবেদন করেছেন। আজ সাকা চৌধুরীর আইনজীবী হুজ্জাতুল ইসলাম আবেদনটি জমা দেন।আবেদনের বিষয়ে সাকা চৌধুরী ট্রাইব্যুনালকে বলেন, ১৬ ডিসেম্বর কাশিমপুর কারাগারে থাকা অবস্থায় তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের কথোপকথনের ১৫ মিনিটের একটি অডিও ফাইল ইউটিউবে ছাড়া হয়েছে এবং এর এক সপ্তাহ পরে আমার নামে ফেসবুকে লেখা হয়েছে। অডিও ফাইলের কণ্ঠ যে সাকা চৌধুরীর—এ বিষয়ে তিনি বলেন, ‘ওই কণ্ঠটি আমারই।’ তিনি বলেন, ‘এত দিন জানতাম জানের নিরাপত্তা নেই, এখন দেখি মানেরও নিরাপত্তা নেই। এখন তো দেখছি আমার মান নিয়ে টানাটানি।’ এসব বিষয়ে তিনি ট্রাইব্যুনালের কাছে সুষ্ঠু তদন্ত চান।তবে সাকা চৌধুরীর বক্তব্যের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ। তিনি বলেন, তাঁর ওই ঘটনা সম্পূর্ণ ব্যক্তিগত। এর সঙ্গে ট্রাইব্যুনালের কোনো সংশ্লিষ্টতা নেই। ওই আবেদন তিনি জেল কর্তৃপক্ষের কাছে করতে পারেন।এ সময় সাকা চৌধুরী বলেন, তিনি যেহেতু ট্রাইব্যুনালে চলমান মামলায় আটক রয়েছেন, তাই ট্রাইব্যুনালের বিচারকেরা এ বিষয়ে আদেশ দিতে পারেন। পরে ট্রাইব্যুনাল বলেন, এ বিষয়ে পরে আদেশ দেওয়া হবে।