‘মানুষ খুব দ্রুত ভুলে যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঃস্বপ্নের মতো একটা সিরিজ কাটল, তাঁর মানদণ্ডে ভালো কাটেনি আসলে বছরটাই। তবে দুঃসময় অনেক কিছুই শিখিয়েছে তাঁকে, করেছে আরও সমৃদ্ধ। তামিম ইকবাল জানালেন, এই শিক্ষাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে চান সামনে শেষ ইনিংসটায় তো শুরুটা দারুণ হয়েছিল, কিন্তু আম্পায়ারের ভুল সিদ্ধান্ত সব শেষ করে দিল...তামিম ইকবাল: ভুল সিদ্ধান্ত খেলারই অংশ, আক্ষেপ করে কী লাভ। বাজে সময়ে আসলে কোনো কিছুই পক্ষে যায় না। এই সিরিজে ওই একটা ব্যাপারই বাকি ছিল, শেষ ইনিংসে সেটাও হয়ে গেল।  ক্যারিয়ারের সবচেয়ে বাজে সিরিজ কি এটাই?তামিম: আপাতত তা-ই। এর আগেও টানা ৭-৮ ইনিংস ফিফটি পাইনি, তবে অন্তত ৩৫-৪০ রান করেছি। এই সিরিজে সেটাও হয়নি। সেদিক থেকে চিন্তা করলে অবশ্যই এটা সবচেয়ে বাজে সিরিজ। তবে এমন খারাপ সময় কিন্তু সব ক্রিকেটারের জীবনেই আসে। ২০-২৫টি সিরিজ খেলেছি, একটা মাত্র সিরিজ এতটা বাজে গেল। সে ক্ষেত্রে উল্টো অবাক হতে হয়, আমার বাজে সময় এত পড়ে এল! যত বড় ক্রিকেটারই হন না কেন, বাজে সময় আসবেই। একদিক থেকে খারাপ হয়নি, বাজে সময়ে অনেককে চিনতে পেরেছি। খারাপ সময়টা কি তাহলে আপনাকে আরও সমৃদ্ধ করল?তামিম: বলতে পারেন। কথায় আছে না, দুঃসময়েই প্রকৃত বন্ধুকে চিনতে পারা যায়, চারপাশের জগৎটাকে ভালো করে জানা যায়। সেই উপলব্ধি আমার হয়েছে। তবে কারও বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। দিন শেষে সবচেয়ে বড় দায়টা তো আমারই। আমি পারিনি।  মাঠের বাইরের নানা ঘটনা কি পারফরম্যান্সে প্রভাব ফেলেছে?তামিম: ওসব নিয়ে কথা বলতে চাই না। কারণ ওই ব্যাপারগুলো আমি সামান্যতম গুরুত্বও দিই না। একটা ব্যাপারই শুধু খারাপ লেগেছে, মানুষ সবকিছু খুব দ্রুত ভুলে যায়। ব্যাট হাতে আমি কী করেছি, অনেকেই এখন বেমালুম ভুলে গেছে। সমস্যা নেই। টেন্ডুলকারের মতো ব্যাটসম্যানকেও একসময় লেখা হয়েছিল ‘এন্ড-উলকার।’ কিন্তু টেন্ডুলকারের ‘এন্ড’ হয়নি। আমি হয়তো টেন্ডুলকারের ধারেকাছেও নেই, তবে নিজের সামর্থ্যের ওপর আমার আস্থা আছে। আমি জানি, আমি ফিরবই। এই বছরটাকে কীভাবে মূল্যায়ন করবেন?তামিম: সবাই বলাবলি করছে, তামিম এত বাজে করেছে, বছরটা ভালো যায়নি। তার পরও যদি পরিসংখ্যান দেখেন, টেস্ট-ওয়ানডে দুটিতেই দলের তৃতীয় সর্বোচ্চ রান আমার। পাকিস্তান সিরিজের আগে টেস্টে সর্বোচ্চ রান আমারই ছিল। এত বাজে ফর্মে থাকার পরও যদি এ-ই হয়, এখন শুধু ভালোর আশাই করতে পারি। যাদের সঙ্গে আমি ক্রিকেট নিয়ে কথা বলি, যেমন ভাইয়া (নাফিস ইকবাল) ও অন্যরা সবাই বলছে, ‘বাজে সময় আবার কী, ২০টা সিরিজ খেললে একটা খারাপ যাবে না?’ টানা ৭ ইনিংস ফিফটি পাইনি, কিন্তু ৭ নম্বর ইনিংসেও দলের সবাই আশা করছে, আমি একটা কিছু করে ফেলব। আমার ওপর সবার এই বিশ্বাস আমাকে অনুপ্রেরণা জোগায়। আমার ভক্ত ও দেশের ক্রিকেট সমর্থকদের শুধু বলব, আমার পাশে থাকুন, দোয়া করুন। ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এখন কী পরিকল্পনা?তামিম: ইচ্ছা ছিল, বেশ কয়েক দিন ক্রিকেট নিয়ে ভাবব না। প্রিমিয়ার ক্রিকেটের অর্ধেক খেলব না, অর্ধেক খেলব। মোহামেডানে গেলে এটা সম্ভব হতো, এখন সম্ভব হচ্ছে না। কারণ ভিক্টোরিয়ার গুরুত্বপূর্ণ খেলাগুলো লিগের শুরুতেই। তারপরও যে ৪-৫ দিন ফাঁকা আছে, মাথায় ক্রিকেট ঢোকাতে চাই না। কিটব্যাগটা ফেলে রেখেছি। আপাতত একটু ফ্রি থাকতে চাই।  আপনার সবচেয়ে ভালো বন্ধু সাকিব এখন টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়েও এক নম্বর, শুনেছেন নিশ্চয়ই?তামিম: ওকে অভিনন্দন, সতীর্থ হিসেবে গর্ববোধ করি। তবে খুব খারাপও লাগে। এক নম্বরে ও এক-দেড় বছর আগেই উঠতে পারত। কিন্তু আমরা এত কম টেস্ট খেলি...এই দেখুন, সামনে অনেক দিন আমাদের টেস্ট নেই। ক্যালিস-ওয়াটসনরা হয়তো এই সময়ে ৭-৮টা টেস্ট খেলে ফেলবে। সাকিব শীর্ষস্থানটা ধরে রাখার সুযোগই পাবে না। আমি তো ক্যালিসের চেয়ে সাকিবকে একটুও পিছিয়ে রাখি না। বাংলাদেশের মতো দলে খেলে নিজেকে ও যে উচ্চতায় তুলে এনেছে, এটা অবিশ্বাস্য।