বাংলাদেশের ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত তিনি। বাংলাদেশে খেলা হলেই গ্যালারিতে থাকে সরব উপস্থিতি। ক্রিকেটের সঙ্গে পরিচয় ছেলের সূত্রে, ছেলে খেলেন জাতীয় দলে। তাঁর নতুন পরিচয়, বাংলাদেশ অধিনায়কের বাবা! মুশফিকুর রহিমের বাবা মাহবুব হামিদ জানালেন তাঁর অনুভূতি ছেলের অধিনায়ক হওয়ার খবর কখন শুনলেন?মাহবুব হামিদ: একটি টিভি চ্যানেলে ব্রেকিং নিউজ দেখাচ্ছিল। সেই চ্যানেলেই আমার এক আত্মীয় কাজ করে। সে-ই আমাকে বলেছে। আর পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছিল, আগে থেকেই তাই আঁচ করতে পারছিলাম। কেমন লাগল শোনার পর?মাহবুব: এটা তো একটা বিরাট ব্যাপার। অনেক বড় সম্মানের। বাংলাদেশে এখন যে অবস্থা, এটা তো শুধু একটা ক্রিকেট টিম নয়, গোটা বাংলাদেশের টিম। আল্লাহর অশেষ রহমত, মুশফিক এই সম্মান পেয়েছে। বাবা হিসেবে আপনার অনুভূতি কেমন?মাহবুব: অকল্পনীয় একটা ব্যাপার। অনেক গর্বের। ক্রিকেটবোদ্ধারা হয়তো অনেক ভালো বোঝেন, আমরা তো অতশত বুঝি না। শুধু জানি, এটা অনেক বড় একটা পাওয়া। ও মানুষ ছোট, কিন্তু দায়িত্বটা অনেক বড়। মুশফিকের ছেলেবেলাটা কেমন ছিল?মাহবুব: আমার চার ছেলে-এক মেয়ে। ওদের মধ্যে মুশফিক বরাবরই ব্যতিক্রম। ও সব সময় সময় মেনে চলত। সেই ক্লাস সিক্সে জেলা স্কুলে পড়ার সময় থেকেই। স্কুলে যেতে আধঘণ্টার মতো লাগত, ও এক ঘণ্টা আগেই বের হয়ে যেত। ছোট থেকেই সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে। পোশাক-আশাক, ঘর—সবই পরিচ্ছন্ন হওয়া চাই। আর খুব জেদি। কোনো জিনিসের জন্য জেদ নয়। হয়তো স্যার একটা রচনা মুখস্থ করতে বলেছে, রাত যতই হোক শেষ করবেই। কোচ হয়তো একটা জিনিস দেখিয়ে দিত, একদম পারফেক্ট না হওয়া পর্যন্ত করতেই থাকত। এখনো একই রকম সময় মেনে চলে, পরিষ্কার থাকে, খেলা নিয়ে জেদি। বাংলাদেশে সবাই ছেলেকে ডাক্তার-ইঞ্জিনিয়ার বানাতে চায়, আপনি ছেলেকে বিকেএসপিতে পাঠিয়েছিলেন কেন?মাহবুব: এটা নিয়ে একটা মজার গল্প আছে। ও বিকেএসপিতে পরীক্ষা দিতে চাইল, আমার ছোট ভাইয়ের সঙ্গে ওকে পাঠিয়ে দিলাম। ভাইভাতে ১০০-তে ৯৮ পেয়েছিল। এর পর আবার চার সপ্তাহের ক্যাম্পে ডাকা হলো, সেখানে পেয়েছিল ‘অতি উত্তম’। পরে ভর্তি করানোর সময় আমি নিজে গেলাম। তখন বিকেএসপির হেড কোচ ছিলেন ফাহিম (নাজমুল আবেদীন) স্যার, উনি আমাকে জিজ্ঞেস করলেন, ‘জেলা স্কুলের ছেলে, রোলও ১০-এর মধ্যে, ওকে বিকেএসপিতে কেন দিচ্ছেন?’ প্রশ্ন শেষ হওয়ার আগেই আমার উত্তর, ‘টিভিতে ছেলের খেলা দেখতে চাই!’ অধিনায়ক ছেলের কাছে প্রত্যাশা কী?মাহবুব: যে প্রত্যাশা নিয়ে বোর্ড ওকে দায়িত্ব দিয়েছে, সেটা যেন পূরণ করতে পারে। আল্লাহ যেন ওকে সেই সামর্থ্য দেন। ক্রিকেট খেলাটা তো আর ‘ওয়ানম্যান শো’ নয়, সবার অবদান লাগে। সৌরভ গাঙ্গুলীর মতো মুশফিক যেন সবাইকে এক করতে পারে। কোনো উদ্যাপন হবে না?মাহবুব: নাহ...আমার মনে হয়, এসবে ভালোর চেয়ে খারাপই বেশি হয়। বাড়তি কিছু করার কি প্রয়োজন? মুশফিক যখন নিজে গাড়ি কিনল, তার আগে বলেছিলাম ‘কী দরকার কেনার? আমি তো একটা কিনে দিয়েছিই। আমরা মধ্যবিত্ত পরিবার, এসব করলে অহমিকা চলে আসতে পারে।’ ওকে সব সময়ই বলি যেন অহমিকা চলে না আসে। আপনাকে তো গ্যালারিতে নিয়মিত দেখা যায়, আনন্দ-উল্লাস করেন, বাঁশি বাজান। শুধু ছেলের নয়, বাংলাদেশ ক্রিকেটেরও বড় সমর্থক আপনি!মাহবুব: ও যখন জিম্বাবুয়েতে সেঞ্চুরি করল, আমি ওমরাহ করার জন্য মক্কায়। ফিরে এসে ফোন করে বললাম, তোমার জন্য খুশি, কিন্তু দল হারায় কষ্টটা আরও বেশি। ওই ম্যাচটা জিতলে আমরা সিরিজও জিতে যেতাম। মুশফিকের ভালো চাই, কিন্তু দলের ভালো আরও বেশি করে চাই। আর আগে তো এত বুঝতাম না, টেস্ট ক্রিকেট নিয়ে খুব একটা নেতিবাচক ধারণা ছিল—কাজটাজ নাই, ৫ দিন ধরে খেলে। কিন্তু একটু একটু করে বুঝতে শেখার পর মজাটাও পেতে শুরু করেছি। আর মাঠে যাই সব সময় ছেলেদের উৎসাহ দিতে। আমাদের দল তো আর ইংল্যান্ড-অস্ট্রেলিয়া না, ভালো-খারাপ সব সময়ই পাশে থাকতে হবে। কথা হয়েছে ছেলের সঙ্গে?মাহবুব: ফোন করেছিল ৬টার দিকে। বলল, ‘বাবা বোর্ডে যাচ্ছি, দোয়া করো।’ আমি বলেছিলাম, ‘শান্ত থাকো, অধিনায়ক হয়েছ কিন্তু বাড়তি উচ্ছ্বাসের কিছু নেই। মানুষের প্রত্যাশার কথা মনে রাখবে।’