বাজেট নিয়ে আলোচনায় বেশির ভাগ সাংসদ মূল্যস্ফীতিকে সরকারের জন্য বড় চ্যালেঞ্জ মনে করছেন। আলোচনায় অংশ নিয়ে মহাজোটের শরিক হাসানুল হক ইনু বলেন, ‘মানুষ বাজেট বোঝে না, বাজার বোঝে। মানুষ প্রবৃদ্ধি বোঝে না—চাল, ডাল, তেলের দাম বোঝে।’সরকারি দলের সাংসদ আবদুল মতিন খসরু বলেন, ‘জিনিসপত্রের দাম বোঝে মানুষ, প্রবৃদ্ধি বা বাজেট বোঝে না। জনগণ বাজারের থলিতে বাজেট বোঝে।’জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার বলেন, চাল, ডাল, তেলের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে।স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে জাতীয় সংসদের অধিবেশনে আজ রোববার এসব আলোচনা হয়।বাজেট আলোচনায় অংশ নিয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার বলেন, দারিদ্র্য যে বেড়েছে, তার কারণ এই নয় যে খাদ্যপণ্য দেশে নেই। বরং ক্রয়ক্ষমতা না থাকায় দারিদ্র্য হয়েছে। দারিদ্র্য নিরসনে প্রস্তাবিত বাজেটে যেসব ভাতার প্রস্তাব রয়েছে, তা প্রশংসার দাবি রাখে।হাসানুল হক ইনু বাজেট আলোচনার শুরুতে বলেন, গ্রাম, কৃষক ও নারীদের উন্নয়নে মহাজোট এর আগে দুটি বাজেট দিয়েছে। কিন্তু এবারের বাজেটে মনে হচ্ছে, সরকার পিছু হটেছে। সরকার কৃষিতে ভর্তুকি কমিয়েছে, সারের দাম বাড়িয়েছে। তিনি প্রস্তাব করেন, সারের দাম আগের মতো ১২ টাকা কেজি করা হোক। ইনু বলেন, শেয়ার কেলেঙ্কারির প্রেক্ষাপটে বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী। কিন্তু যারা এর জন্য দোষী, তাদের কারাগারে পুরে এসে বাজেট দেননি অর্থমন্ত্রী। শেয়ার কেলেঙ্কারির নায়কদের কেন সরকার ছাড় দিচ্ছে, তা তিনি জানতে চান।হাসানুল হক ইনু বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে মওদুদ আহমদের পরামর্শ না শোনার আহ্বান জানিয়ে বলেন, ‘মওদুদ প্রতিদিন একটা করে মিথ্যাচার করে যাচ্ছেন। উনি বিচারপতিদের বয়স বাড়িয়ে সমস্যা করেছিলেন। মওদুদ আহমদ রাজনীতির কালো ঘোড়া। আমি খালেদা জিয়াকে বলব, মওদুদের একটি কথাও শুনবেন না।’এর আগে আলোচনায় অংশ নিয়ে সরকারদলীয় সাংসদ আবদুস সালাম বলেন, দ্রব্যমূল্যের কারণে মধ্য আয়ের মানুষের জীবন দুর্বিষহ হচ্ছে। মানুষ দুর্নীতির দিকে ঝুঁকে পড়ছে। এ পরিস্থিতিতে বাজেটের বাস্তবায়ন চ্যালেঞ্জের মধ্যে পড়তে পারে বলে মত দেন তিনি।টি আই এম ফজলে রাব্বি চৌধুরী বলেন, মন্ত্রণালয়গুলো এডিপি বাস্তবায়নে ব্যর্থ হচ্ছে। কিন্তু এ বিষয়ে সচিবদের কাছে কৈফিয়ত চাওয়া হয় না। তিনি বলেন, ‘সচিবেরা কি কৈফিয়তের ঊর্ধ্বে?’ তিনি বলেন, প্রতিবছর এপ্রিল-মে-জুন সময়ে ঈদ ও পূজার উত্সবে যেভাবে কেনাকাটা চলে, সেভাবে লুটপাটের জন্য খরচ করা হয়।রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি ও মহাজোট সরকারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সরকার পরিচালিত হলে বিরোধী দলের ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।টিপু মুনশি বলেন, শেয়ারবাজারে ৩০ লাখ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। শেয়ারবাজারকে চাঙা করতে কালো টাকা বিনিয়োগের সুযোগ রাখার জন্য তিনি অর্থমন্ত্রীকে অনুরোধ জানান।বাজেট আলোচনায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন সাংসদ মোশাররফ হোসেন, নাসরিন জাহান, রফিকুল ইসলাম, আমানউল্লাহ, খন্দকার আবদুল বাতেন, নজরুল ইসলাম, জাকির হোসেন, এম এ জব্বার, জয়নাল আবেদিন, আনোয়ার হোসেন, কাজী কেরামত আলী প্রমুখ।