‘মানুষকে সেবা দিতেই ডিসিসি ভাগ হচ্ছে’
ঢাকা সিটি করপোরেশন বিভক্তির প্রয়োজনীয়তার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি যুক্তি দেখিয়ে বলেন, জনসেবা নিশ্চিত করতে প্রকৃত ও পুরান ঢাকাকে নিয়ে একটা সিটি করপোরেশন এবং বর্ধিতাংশ নিয়ে অন্য একটা সিটি করপোরেশন বিল সংসদে উপস্থাপন করা হয়েছে। এটা হলে মানুষ সেবাটা ঠিকমতো পাবে।গতকাল রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াৎ আইভী ও ওয়ার্ড কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তৃতায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, বাংলা একাডেমীর পাশে যেখানে তিন নেতার মাজার, ঠিক ওখান থেকেই প্রকৃত ঢাকা। বিশ্ববিদ্যালয় এলাকা ও রেসকোর্স মাঠকে ঢাকার বাইরের এলাকা বলা হতো। এখন ঢাকা বাড়তে বাড়তে উত্তরা হয়ে টঙ্গী পর্যন্ত চলে গেছে।শেখ হাসিনা বলেন, ‘অনেকে বলছেন, ঢাকাকে দুই ভাগ করা হচ্ছে। আমরা কিন্তু তা করছি না। অনেক জ্ঞানী-গুণী টিভিতে বসলেই ঢাকা ভাগ করা হচ্ছে বলে চিৎকার করেন। এখনো উত্তরার লোকজন বলেন, তাঁরা ঢাকা যাচ্ছেন। গুলশান আগে একটা গ্রাম ছিল। জনসংখা প্রতিদিন বাড়ছে। মশা নিধন, রাস্তাঘাটের উন্নয়ন ঠিকমতো করা হয় না। ঢাকা মহানগরে আগে পুলিশের চারটা ভাগ ছিল। এখন আটটা। জনগণকে ঠিকমতো সেবা দেওয়ার জন্যই এটা করা হচ্ছে।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের বিবেচনা কেবল একটাই, আর তা হচ্ছে মানুষ কতটুকু সেবা পাবে। আমাদের প্রতিটি পদক্ষেপ গণমুখী, কল্যাণমুখী ও সেবামুখী।’ শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে এই প্রথম একজন নারী মেয়র হলেন। এটা অত্যন্ত গৌরবের। কেবল নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নয়, মহাজোট সরকার ক্ষমতায় এসে যতগুলো নির্বাচন করেছে, তার সবগুলোই অবাধ ও নিরপেক্ষভাবে হয়েছে। আমরা জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করি। আর এর প্রমাণ নারায়ণগঞ্জের নির্বাচন। এ রকম নির্বাচন অতীতে হয়েছে কি না, সন্দেহ আছে।’শেখ হাসিনা সরকারের পক্ষ থেকে সব রকম সহায়তার আশ্বাস দেন।অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানকসহ মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপেদষ্টা ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।