ভালো সময়টা যেন খুব দ্রুতই ফুরিয়ে গেল! প্রস্তুতি ম্যাচগুলোয় দু-একটা ভালো ইনিংসের সম্ভাবনা জাগালেও জেমি সিডন্সের পছন্দের খেলোয়াড় স্টুয়ার্ট ল-র সময়ে এসে যেন খুঁজে পাচ্ছেন না নিজেকে। জাতীয় দলের ব্যাটসম্যান রকিবুল হাসান অবশ্য জীবনেরই অংশ মনে করছেন একে টি-টোয়েন্টি, ওয়ানডের দলে সুযোগ পাননি। হতাশ নিশ্চয়ই?রকিবুল হাসান: হতাশার কিছু নেই। আমি মনে করি, এটা পার্ট অব ক্রিকেট লাইফ। পজিটিভলি নিচ্ছি এবং নিজের খেলার উন্নতি নিয়ে ভাবছি। আগের রকিবুলকে আমরা এখন দেখছি না। ব্যাটে নিয়মিত রান নেই। সমস্যা কোথায়?রকিবুল: একজন খেলোয়াড়ের জীবনে এমন সময় আসেই। তখন হয়তো সে সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারে না। এই সময় ধৈর্যটা অনেক গুরুত্বপূর্ণ। আমিও চেষ্টা করছি ধৈর্য ধরতে। নিজের উনিশ-বিশ হওয়া জায়গাগুলোয় উন্নতি আনতে চাইছি। অনেক ম্যাচে ব্যাটিং-অর্ডারে আমি আমার জায়গায় খেলতে পারিনি। তিনে খেলতে হয়েছে, সাতে খেলতে হয়েছে। এসব ছোটখাটো সমস্যা আছে। এর মধ্যেই আমি নিজের খেলায় উন্নতি আনতে মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। জায়গা বদল করে খেলাও তাহলে রান না পাওয়ার একটা কারণ?রকিবুল: অবশ্যই। আপনি যখন চার নম্বরে খেলবেন আপনার খেলার স্ট্র্যাটেজি এক রকম হবে, সাত নম্বরে খেললে স্বাভাবিকভাবেই অন্য রকম হবে। দলের অনেক চাওয়া-পাওয়া থাকে, ম্যাচে অনেক রকম পরিস্থিতি তৈরি হয়। আপনি বললেন খারাপ সময় যাচ্ছে...এই সময়ের অনুভূতিটা কেমন?রকিবুল: খুব যে একটা খারাপ সময় যাচ্ছে, তা-ও বলব না। বড় ইনিংস না হলেও সাম্প্রতিক সময়ে ৩০-৩৫ রানের কিছু ইনিংস আমার ছিল। চার দিনের ম্যাচে একটা ৭২ রানের ইনিংস ছিল। তবে এটা আমার জন্য নতুন অভিজ্ঞতা। এই সময়টায় কীভাবে নিজেকে ঠিক রাখতে হয়, এখন বুঝতে পারছি। ফর্ম ফিরে পেতে দলের সঙ্গে প্র্যাকটিসের বাইরে নিজে আলাদা করে কিছু করছেন?রকিবুল: হ্যাঁ, ব্যাটিংয়ের ওপর ব্যক্তিগতভাবে কিছু কাজ করছি। কোচের সাহায্যও নিচ্ছেন নিশ্চয়ই?রকিবুল: না, এখনো সেভাবে তাঁকে প্র্যাকটিসে পাইনি। কোচ তো এখন সিরিজ নিয়ে খুব ব্যস্ত। তবে কোচ আসার পর তাঁর সঙ্গে আলাদা কথা হয়েছে। জেমি সিডন্সের পছন্দের খেলোয়াড়দের মধ্যে ছিলেন আপনি। অনেকে বলেন, তাঁর চলে যাওয়াটাও আপনার ফর্ম নাড়িয়ে দিয়ে থাকতে পারে। কী বলবেন?রকিবুল: আসলে যেটা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ন্ত্রণ করতে পারবেন না। কোচের পছন্দ থাকতেই পারে। তবে এর পেছনে খেলোয়াড়ের ট্যালেন্ট, পারফরম্যান্স অবশ্যই কাজ করে। এটা তাঁর ব্যাপার ছিল, আমাকে পছন্দ করতেন। দলের অনেককেই পছন্দ করতেন। তবে এই জিনিসগুলো আমার ওপর কোনো প্রভাব ফেলছে বলে মনে করি না। মানুষের জীবনটাই এ রকম। এটাকে পজিটিভলি নিচ্ছি। কোচের সুদৃষ্টিতে থাকার সুবিধা কী? না থাকার অসুবিধাই বা কী?রকিবুল: সবকিছুর মূলেই পারফরম্যান্স। কারও ফোকাস পেতে অবশ্যই পারফর্ম করতে হবে। আমি মনে করি, আমার যথেষ্ট সামর্থ্য আছে এই পর্যায়ে পারফর্ম করার। অনেক ভালো পারফরম্যান্স করেছি জীবনে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দুটি টেস্টও আছে। কতটা আশাবাদী টেস্ট দলে থাকার ব্যাপারে?রকিবুল: সব ধরনের ক্রিকেটেই খেলার সামর্থ্য রাখি বলে আমার ধারণা। সব ধরনের ক্রিকেটেই আমার পারফরম্যান্স আছে। টেস্ট খুব বেশি খেলা হয়নি। টেস্টের চেয়ে আমার ওয়ানডে পারফরম্যান্সই আমার বেশি ভালো। যারা আমাকে টেস্ট খেলোয়াড় বলে, হয়তো বলার জন্য বলে ফেলে। কিন্তু ক্রিকেটবোদ্ধারা বোঝে, আমি যেই পজিশনে ব্যাটিং করি, এ জায়গায় সব ব্যাটসম্যানের খেলাই একটু রক্ষণাত্মক। পার্টনারশিপের দরকার হয়, পাওয়ার প্লে চলে যায়, তখন ধরে খেলতে হয়।