‘মানুষের ভালোবাসাই বড় প্রাপ্তি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন সম্প্রতি। তবে ঘরোয়া ফুটবল খেলছেন। লাল সবুজের সাবেক অধিনায়ক আমিনুল হক দীর্ঘ ক্যারিয়ারের অনেক অজানা কথা বললেন মাসুদ আলমকে প্রশ্ন  ক্যারিয়ারে কোন প্রশ্নটা সবচেয়ে বেশি শুনতে হয়েছে?আমিনুল হক  কঠিন প্রশ্ন। গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন ‘ম্যাচ নিয়ে কী ভাবছেন, কী করতে চান’ জাতীয় প্রশ্নই বেশি শুনেছি। আর একটি প্রশ্নও, ‘দেশের ফুটবল উন্নয়নে কী করা উচিত।’ কোন প্রশ্নটি শুনতে চেয়েছেন কিন্তু কেউ করেনি? আমার এগিয়ে চলায় স্ত্রীর (বিলকিস আরা নিপা) অবদান কতটুকু? বাবা-মা-ভাইয়ের পাশাপাশি তার সহযোগিতাও যে ছিল অনেক। আপনার নিজের চেষ্টা?  আমার চেষ্টা, একাগ্রতা, সময়ানুবর্তিতা, সাধনা, পেশাদারি, অন্যের প্রতি শ্রদ্ধা...এগুলো তো ছিলই। আর একটা ব্যাপার, আমি বরাবরই কোচের চাওয়ার সর্বোচ্চ মূল্য দেওয়ার চেষ্টা করেছি।  শুনেছি বাবার মৃত্যুর সময় আপনি ছিলেন অনুশীলন মাঠে? হ্যাঁ। ১৯৯৮ সালের ১০ ফেব্রুয়ারি বাবা অসুস্থ হয়ে বারডেমে ভর্তি হয়েই কোমায় চলে গেলেন। ১৯ ফেব্রুয়ারি মারা যান। আম্মা-ভাইয়েরা আমাকে এক মুহূর্তের জন্যও হাসপাতালে যেতে দেননি। বলেছেন, তুমি তোমার খেলা চালিয়ে যাও (মুক্তিযোদ্ধায় খেলি তখন)। আমি একটা দিনও হাসপাতালে যাইনি। বাবার লাশ অনুশীলন থেকে এসে বাসায় দেখেছি।  ছোটবেলায় কী হতে চেয়েছেন? আমার বড় ভাই মইনুল হক মইন ঢাকার ঘরোয়া ফুটবলে খেলতেন। তিনি ফুটবলার না হলে আমিও হয়তো আজ ফুটবলার আমিনুল হতাম না। বড় ভাইয়ের হাত ধরেই আমার ভিত্তি। তবে ছোটবেলায় নিয়মানুবর্তিতার মধ্যে চলার কারণে অনেক সময় চাইতাম সেনা অফিসার হব। বাবা-মা কী চাইতেন? ডাক্তার-ইঞ্জিনিয়ার। ছোটবেলায় ব্যথাট্যথা পেয়ে ফুটবল মাঠ থেকে ফিরলে বাবা-মা বলতেন খেলার দরকার নেই। শুরুর দিকে আপনার ফুটবল-জীবনটা কেমন ছিল?  কষ্টকরই ছিল। এর প্রেক্ষাপটটা আগে বলি। আমার ৩-৪ বছর বয়স থেকেই আমরা মিরপুর পল্লবীতে থাকি। থানা খাদ্য নিয়ন্ত্রক হওয়ায় বাবা ঢাকার বাইরেই থাকতেন। মা আর আমরা তিন ভাই (আমি সবার ছোট) থাকতাম বাসায়। সে এক বিরাট গল্প। আচ্ছা, গল্পটা শুনি... আমার প্রথম গোল কিপিং কোচ ছিলেন ইমতিয়াজ ভাই। তাঁর অধীনেই ১৯৯৩ সালে পাইওনিয়ার ফুটবলে সিটি ক্লাবে খেলি। পরের বছরই প্রথম বিভাগের দল ইস্টার্ন ক্লাবে খেলার প্রস্তাব। কিন্তু বড় ভাই তখনকার জাতীয় দলের নামী খেলোয়াড় ইমতিয়াজ সুলতান জনি ভাইয়ের সঙ্গে পরামর্শ করে আমাকে মোহামেডানে অনুশীলন করার সুযোগ করে দেন। পল্লবী থেকে মতিঝিল মোহামেডান ক্লাবে আসতে প্রতিদিন বড় ভাই ২৫ টাকা করে বাস ভাড়া দিতেন। তারপর? পল্লবী থেকে বাস আসত গোলাপশাহ মাজারের পাশে ফুলবাড়িয়া বাসস্ট্যান্ডে। সেখান থেকে হেঁটে আসতাম মতিঝিলে মোহামেডান টেন্টে। ৫ টাকার মতো বাঁচিয়ে হালকা কিছু খাবার খেতাম। ১৯৯৪ সালের ঘটনা, সম্ভবত এইটে পড়ি। ওই বছরই মোহামেডানে রেজিস্ট্রেশন হওয়ার পর ক্লাব আমাকে যাতায়াত ভাতা দিত, তখন একসঙ্গে ৫-৬ হাজার টাকা পাওয়া মানে ছিল বিরাট ব্যাপার। গোলকিপার হলেন কীভাবে? ছোটবেলায় এলাকার খেলায় সবার মধ্যে ছোট মানুষটাকে বলা হতো, তোমার খেলতে হবে না, তুমি পোস্টের নিচে দাঁড়াও। আমি সবার ছোট হওয়ায় পোস্টে দাঁড়াতে হতো আমাকেই। পরে মহসিন ভাই, কানন ভাই, পনির ভাইদের দেখে গোলকিপিংয়ে উদ্বুদ্ধ হই। আরও পরে ডেনমার্কের গোলরক্ষক পিটার স্মেইকেলের ভক্ত বনে যাই। পাইওনিয়ার লিগের কথা বলছিলেন... পাইওনিয়ার লিগ ১৯৯৩ সালে এক বছরই খেলেছিলাম। লিগ পর্যায়ের ৮ ম্যাচে একটি গোলও খাইনি। আমার আসলে পাইওনিয়ারে খেলার কথা ছিল ১৯৯২তে। কিন্তু আমি তখন ছোট। গ্রামের বাড়ি ভোলায় যাওয়ার সময় আম্মা আমাকে নিয়ে যান। বলেছিলেন, তুমি ছোট, কীভাবে একা বাসায় থাকবা। আমিও তখন আম্মাকে ছাড়া থাকতে পারতাম না। ছোটবেলায় গোল কিপিং নিয়ে কতটা আলোড়িত ছিলেন? অনেক, অনেক...। ১৯৯২তে গ্রাম থেকে ঢাকা ফিরলে কোচ ইমতিয়াজ ভাই বললেন, তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তোমার সঙ্গী গোলকিপার শুভ এখন পাখির মতো উড়তে পারে। এই কথা শুনে আমি জেদি হয়ে উঠি—‘শুভর চেয়েও ভালো ডাইভ দিয়ে গোল সেভ করব।’ তখনই পণ করি, বাংলাদেশের শীর্ষ পর্যায়ে একদিন ফুটবল খেলবই।  কদিন আগে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। যাত্রাটা কেমন ছিল?  অসাধারণ। ১৯৯৪-৯৫ সালে মোহামেডানের জুনিয়র গোলকিপার, কিন্তু খেলার সুযোগ হয়নি। ১৯৯৬ সালে ফরাশগঞ্জের হয়ে ঢাকার ফুটবলে অভিষেক। ওই বছরই জাতীয় দলে ডাক। এত তাড়াতাড়ি সব ঘটল ভাবলেই অবাক হই। কেন, অবাক হন কেন?  দশম শ্রেণীতে উঠেই জাতীয় দলে ডাক পাওয়া বিরাট ব্যাপার। দ্রুত পেয়ে যাওয়া প্রতিষ্ঠা ধরে রাখার অদম্য চেষ্টা ছিল আমার। আল্লাহর রহমতে এখনো ভালোভাবে নিজেকে ফিট রাখতে পেরেছি। কয়েকবার ইনজুরিতে পড়া বাদ দিলে দীর্ঘ সময় সুনাম নিয়ে খেলা সহজ নয়। দেশি কোচরা তো বটেই, বিদেশি কোচরাও আপনার ভক্ত বনে যান। কোচদের কি জাদু-টাদু করতেন নাকি?  (হাসি) না, না, সে রকম কিছু নয়। বিদেশি কোচরা এসেই স্থানীয় কোচ বা ম্যানেজমেন্টের কাছ থেকে প্রতিটা খেলোয়াড়ের বিষয়েই খোঁজ নেন। পরে কোচ নিজেও কাজ করেন। বর্তমান কোচ ইলিয়েভস্কিও তো আমাকে খুব করে দলে চান। এখানে আমার কী করার আছে বলুন!  আপনাকে এশীয় মানের গোলরক্ষক বলে গেছেন জর্জ কোটান, ক্রুসিয়ানি, ডিডোরা। আপনি নিজে কী মনে করেন?  আমার ধারণা, সুযোগ পেলে হয়তো ওপরে যেতে পারতাম। শুধু প্রশংসা নয়, কোটান তো আমাকে অনেক জায়গায় ‘মাই সান’ বলে পরিচয় করাতেন। তিনি আমাকে ইনজুরি থেকে সারিয়ে নতুন জীবন দিয়েছেন। তাঁর কাছে চিরকৃতজ্ঞ।  কোটান, ডিডো আপনাকে ইউরোপে নেওয়ার চেষ্টা করেছিলেন। যেতে পারলেন না কেন? ভাগ্যে নেই। কোটান বুন্দেসলিগার দ্বিতীয় স্তরের একটা দলে খেলানোর চেষ্টা করেছিলেন। কিন্তু প্রয়োজনীয় সহযোগিতা পাইনি এখানে। ডিডো ডেনমার্কের একটি প্রথম সারির ক্লাবে খেলানোর ব্যবস্থা করেছিলেন। দুর্ভাগ্য, ইনজুরিতে পড়ায় সুযোগটা নিতে পারিনি।  সৌদি আরবের একটি ক্লাব না আপনাকে পছন্দ করেছিল... হ্যাঁ, ২০০০ সালে বিশ্বকাপ বাছাইয়ে সৌদি আরবে খেলতে গিয়ে ওই প্রস্তাব পাই। কিন্তু ওই বছরই সৌদি ফুটবলে বিদেশি গোলরক্ষক নিষিদ্ধ হয়ে যায়।  সৌদি আরবে তো সেবার পারফরম্যান্স দিয়ে মাত করেছিলেন। কোনো ঘটনা মনে পড়ছে? টুর্নামেন্ট শেষে একদিন শপিংয়ে বের হয়ে দেখি আমার পেছনে কয়েক শ বাঙালি। টিমমেটরা মজা করে বলছিল, ‘তুমি সৌদি আরবে ইলেকশন করলে একবারেই পাস করে যাবা!’ ব্যক্তি আমিনুল নিজেকে কীভাবে মূল্যায়ন করে?  আমি খুবই সাদামাটা, শান্তিপ্রিয়। সততা এবং নিজের প্রতি বিশ্বাস রেখে চলি। নিয়মিত নামাজ পড়ি, সুন্দর ব্যবহার করার চেষ্টা করি। এটা আমার পারিবারিক শিক্ষা। বাংলাদেশের ফুটবলে শেষ তারকা বলা যায় আপনাকে। মাঠে এবং মাঠের বাইরের আচার-আচরণে সবাই আপনার প্রশংসা করেন। এটাকে কীভাবে দেখেন?  ফুটবল জগতে পাওয়া মানুষের ভালোবাসাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আমার আর আসলে কিছু চাওয়ার নেই। তবে আমিই আমাদের ফুটবলের শেষ তারকা নই। আশা করি, আরও অনেক বড় তারকা আসবে।  এখন তো আপনি শুধুই ফুটবলার নন, বাবা-স্বামীও। এই জীবনটা কেমন? মিশ্র অনুভূতির। খেলার ব্যস্ততায় স্ত্রী-সন্তানদের সময় না দিতে পারলে খারাপ লাগে। উল্টোটা হলেই ভালো লাগে বেশি। এ প্রসঙ্গে বলি, আমার মেয়ে আমরিন হক ইয়ানা মনিপুর হাইস্কুলে টুতে পড়ে, ছেলে আবরার হক আয়ান মানারত ইন্টারন্যাশনালে নার্সারিতে। সংসার এবং সন্তানদের স্ত্রী গুছিয়ে রাখে, আমাকে ভাবতেই হয় না (হাসি)।  ছেলেকে ফুটবলার বানাবেন?  সে ফুটবলার হলে আমার আপত্তি নেই। পড়াশোনা করুক, পাশাপাশি পেশাদার খেলোয়াড় হলেও বাধা দেব না। তা যেকোনো খেলাই হোক না কেন।  অনেক তরুণীর মন ভেঙে বিয়েটা হঠাৎই করেছিলেন। অনেক ঝামেলার কথা শুনেছি... আর বলবেন না। ১৯৯৯ সালে বঙ্গবন্ধু কাপে হাতের ইনজুরিতে প্রায় তিন মাস বাসায় ছিলাম। তখন এক বন্ধু আমাকে নিপাদের বাসায় নিয়ে যায়। হঠাৎ পরিচয় থেকে গোপনে বিয়ে (হা হা হা)। বছর খানেক পর বিয়েটা মেনেছে আমার পরিবার।  ফুটবলের পাশাপাশি ব্যবসাও নাকি করেন? হ্যাঁ, মিরপুর এক নম্বরে ক্যাফে ধানসিঁড়ি নামে একটি রেস্টুরেন্ট দিয়েছি। গাবতলীতে আরেকটি রেস্টুরেন্ট ভাড়া দেওয়া আছে। ফুটবলের টাকা দিয়ে ইস্টার্ন হাউজিংয়ে তিনতলা বাড়ি করেছি, আমাদের একটা এনজিও আছে।  ক্যারিয়ারে স্মরণীয় এবং বিস্মরণযোগ্য ম্যাচ বাছতে বললে কোন দুটি বাছবেন..... স্মরণীয়টা হচ্ছে, ২০০৯-এর ডিসেম্বরে আমার অধিনায়কত্বে ঘরের মাঠে এসএ গেমস ফাইনালে আফগানিস্তানের বিপক্ষে ৪-০ জয়। বিস্মরণযোগ্য হলো, এই ২ আগস্ট সুপার কাপের সেমিফাইনালে মোহামেডানের কাছে আমার দল শেখ জামালের ২-৪ গোলে হার। আমার জন্য ম্যাচটা ভালো যায়নি। ভীষণ দুঃখ পেয়েছি। ক্যারিয়ারে তৃপ্তি-অতৃপ্তি? ফুটবলার হিসেবে প্রতিষ্ঠা পাওয়া সবচেয়ে তৃপ্তির। অতৃপ্তি—বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী ফুটবলকে সেই জায়গায় নিতে না পারা। কোনো মজার ঘটনা? আমরা তখন সিলেটে খেলতে গেছি। এক সিলেটিকে দিয়ে সিলেটি ভাষায় লম্বা থ্রোর জন্য বিখ্যাত বেলালকে খ্যাপ খেলার প্রস্তাব দিই ফোনে। সিলেটে গিয়ে খেলতে হবে, ১৫ হাজার টাকা পারিশ্রমিক। বেলাল তো খুশিতে গদগদ, ঢাকা থেকে সে সিলেটে গিয়ে দেখে পুরো ব্যাপারটাই ভুয়া...(হা হা হা)। রাগে অনেক দিন বেলাল আমার সঙ্গে কথা বলেনি। এখন সে ইংল্যান্ডে, নিয়মিতই ফোনটোন করে। ক্রিকেটারদের তুলনায় ফুটবলারদের নামডাক তেমন নেই। খারাপ লাগে না?  একদমই না। আমি বরং ক্রিকেট নিয়ে গর্বিত। আন্তর্জাতিক সাফল্য পেলে ফুটবলারদেরও নামডাক হবে। সুপার কাপের মতো টুর্নামেন্টের সেমিফাইনাল পর্যন্ত গ্যালারি শূন্য ছিল। ফুটবল কি তাহলে মরেই গেছে?  সমস্যাটা আসলে ঢাকায়। জেলা বা থানায় ফুটবল হলে দর্শক উপচে পড়ে। গাছের ডালে উঠে খেলা দেখে। তবে ঢাকায় নিয়মিত ফুটবল চলতে থাকলে মাঠে দর্শক আসবেই। যতদূর জানি, জাতীয় দলে অগের মতো সম্মান পাচ্ছিলেন না বলেই অবসর নিয়েছেন। ব্যাপারটা কি তা-ই?  এটা অন্যতম কারণ। সম্প্রতি আমারই দীর্ঘ সময়ের এক সাথি জাতীয় দলে ডাক না পেয়ে পত্রিকায় বলেছে, আমাকে নাকি পক্ষপাত করে বারবার সুযোগ দেওয়া হয়। তাকে দেওয়া হয় না। যেটা সত্য নয়। ফেডারেশন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। মনটা খারাপ হয়ে যায়। পরিবার থেকেও বলল ‘এবার জাতীয় দল ছেড়ে দাও।’ নতুনদের সুযোগ দেওয়ার তাগিদও ছিল। জাতীয় দল নিয়ে আজ পর্যন্ত দীর্ঘ মেয়াদে পরিকল্পনা হলো না। এই অভিজ্ঞতাটা কেমন? ভালো নয়। টুর্নামেন্ট এলেই ফেডারেশন বলে, তোমরা সাফল্য দাও। সেটিকে পুঁজি করে দেশের ফুটবলে আমূল পরিবর্তন আনতে চাই আমরা। অথচ সাফ গেমস, সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পরও কোনো প্ল্যানিং হয়নি। অর্থনৈতিক সমস্যা এর অন্যতম কারণ।  আপনার দল শেখ জামালকে পাতানো খেলার জন্য জরিমানা করা হয়েছে সম্প্রতি। আপনার জন্য এটা কতটুকু লজ্জার? আমরা পাতানো খেলিনি। তার পরও কথাটা ওঠায় বাংলাদেশ লিগে চ্যাম্পিয়ন হয়েও পুরো আনন্দ পাইনি। পাতানো ম্যাচ গোটা ফুটবলের জন্যই লজ্জার।  ফুটবলাররা বাফুফে সভাপতিকে প্রতিশ্রুতি দিয়েছিলেন পাতানো খেলা খেলবেন না। কিন্তু কোনো খেলোয়াড় কখনো পাতানো খেলা খেলতে অস্বীকৃতি জানিয়েছে কি? আমি জানিয়েছি। কয়েক বছর আগে আমি একটা বড় দলে ছিলাম। চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্য একটা বড় দলের জয় দরকার ছিল আমাদের বিপক্ষে। তখন খুব প্রভাবশালী একজন আমাকে ফোনে ম্যাচটা তাদের ছাড়ার জন্য বলে। কিন্তু বিবেক সায় না দেওয়ায় আমরা ছাড়িনি এবং জিতেছিলাম ম্যাচটা।  আপনি কিছু খেলোয়াড়কে নিয়ে একটা দল প্রতিষ্ঠা করেন। যেমন শেখ জামালকে নিয়ে করেছেন। কিন্তু এবার অনেক খেলোয়াড়ই শেখ জামাল ছেড়ে গেছে... ভালো প্রস্তাব, সুযোগ-সুবিধা পেলে তো যাবেই।  রাজনীতিতে আসতে পারেন বলে শুনছি... পরিবেশ অনুকূলে থাকলে একটা সময় সংসদ নির্বাচন করতে চাই। গ্রামের বাড়ি ভোলার দৌলতখাঁয় মাঝে মাঝে যাই, এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ আছে। ফুটবল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা?  একাডেমি করতে চাই। ভালো পরিবেশ পেলে ফুটবল উন্নয়নে কাজ করব। কোচ মারুফ ভাই, টিটু ভাই, জুয়েল ভাই, নকীব ভাই, আতা ভাই এবং আমি মিলে ফুটবল একাডেমি করার চিন্তা করছি। এটা মিরপুর, গুলশান এবং নারায়ণগঞ্জে হতে পারে। তবে কোচিংয়ে আসার কোনো ইচ্ছেই নেই আমার।