‘মামলা তুলে নিলে লেখাপড়ায় মন দিতাম’
‘নকল পায়ে হাঁটাচলা অনেক কষ্ট। সরকার যদি আমার মামলাগুলো প্রত্যাহার করে নিত, তাহলে প্রতি মাসে ২০ কিলোমিটার দূরে ঝালকাঠির আদালতে গিয়ে হাজিরা দিতে হতো না। মন দিয়ে লেখাপড়া করতাম। স্বাভাবিক জীবনে ফিরতে পারতাম।’এ আকুতি ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের। তিনি জানান, একদিকে পঙ্গুত্বের যন্ত্রণা, লেখাপড়া চালানো; আরেক দিকে রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে আইনি লড়াই, র্যাবের কথিত ‘সোর্সদের’ হাতে নিগ্রহ ও হুমকি—সব মিলিয়ে এক কঠিন সময় অতিক্রম করছেন তিনি।২০১১ সালে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন লিমন। পরীক্ষার অল্প কদিন আগে র্যাবের গুলিতে পা হারান। আর পরীক্ষা দিতে পারেননি। দীর্ঘদিন চিকিৎসা শেষে গত বছর আবার লেখাপড়ায় ফিরে যান। তিনি পিরোজপুরের কাউখালীর উপজেলার পিজিএস বহুমুখী স্কুল অ্যান্ড কারিগরি কলেজ থেকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এবার এইচএসসি পরীক্ষার চূড়ান্ত পর্বে অংশ নেন। থাকেন কলেজের কাছাকাছি একটি ভাড়া করা কক্ষে। পরীক্ষা চলাকালে ‘সরকারি কাজে বাধা দেওয়ার’ অভিযোগে করা মামলার অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ার খবর পান লিমন। তিনি বলেন, ‘এ খবর পেয়ে মনটা খুব খারাপ হয়েছে।’ লিমন এই প্রতিবেদককে বলেন, ‘আচ্ছা, আপনারাই বলেন, আমার মতো গ্রামের একটি ছেলের পক্ষে র্যাবের মতো একটি প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে কী করে লড়াই করা বা তাদের কাজে বাধা দেওয়া সম্ভব? তাদের নিষ্ঠুরতার জন্য আমাকে সারা জীবন পঙ্গু হয়ে বাঁচতে হবে। নিজেদের অপরাধ ঢাকতে র্যাব বারবার আমাকে সন্ত্রাসী প্রমাণের চেষ্টা করছে। র্যাবের সোর্সদের ভয়ে গ্রামে যেতে পারি না।’লিমনের মা হেনোয়ারা বেগম দাবি করেন, ‘পুলিশ লিমনকে দুটি মামলা থেকেই অব্যাহতি দিতে পারত, কিন্তু র্যাবের চাপে পুলিশ তা পারেনি। লিমনকে গুলি করার পর র্যাব যে কল্পকাহিনি সাজিয়েছে, তা মিথ্যা ও বানোয়াট। তা যদি না হতো, তাহলে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশ করত।’ তিনি বলেন, লিমন এখনো পুরো সুস্থ হননি। মানুষের সাহায্যে তাঁর চিকিৎসা ও লেখাপড়া চলছে। কিছুদিন পর পর পা ও কানের চিকিৎসা করাতে ঢাকায় নিতে হয় লিমনকে। গত বছরের ২০ আগস্ট ঈদের দিন বাড়ি গেলে র্যাবের কথিত ‘সোর্সদের’ হামলায় লিমনের একটি কান ক্ষতিগ্রস্ত হয়।