‘মামলার কারণে আমাকে চাকরিচ্যুত করা হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশ ট্রাক অস্ত্র মামলায় সাক্ষ্য দেওয়ার কারণে তাঁকে চাকরিচ্যুত করা হয় বলে আদালতে জেরায় জানিয়েছেন চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) তত্কালীন সহকারী নিরাপত্তা কর্মকর্তা মবিন হোসেন খান। আজ সোমবার চট্টগ্রামের বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে মবিন হোসেন খানকে দুই আসামির আইনজীবী দিনভর জেরা করেন। জেরা শেষে আদালত কাল মঙ্গলবার পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেছেন। আদালতের কার্যক্রমের শুরুতেই মামলার আসামি সিইউএফএলের তত্কালীন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মহসীন উদ্দিন তালুকদারের আইনজীবী ফজলুল করিম ভুঁইয়া মবিন হোসেনকে জেরা করেন। আইনজীবীর এক প্রশ্নের জবাবে মবিন হোসেন বলেন, ‘এই মামলার কারণে ২০০৭ সালের ২১ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমাকে চাকরিচ্যুত করা হয়। ২০০৬ সালে জোট সরকারের আমলেই এই প্রক্রিয়া শুরু হয়। সার্জেন্ট হেলাল ও সার্জেন্ট আলাউদ্দিনকে যেভাবে মিথ্যা মামলায় জড়ানো হয়, সেভাবে আমাকেও অন্য ঘটনায় জড়িয়ে চাকরিচ্যুত করা হয়।’আজ বিকেলে সিইউএফএলের তত্কালীন মহাব্যবস্থাপক (প্রশাসন) এম এনামুল হকের আইনজীবী মাহমুদুর রহমান সাক্ষীকে জেরা করেন। এ সময় এক প্রশ্নের জবাবে মবিন হোসেন বলেন, ‘অস্ত্র মামলার কারণে সিইউএফএলের গেটে একটি গাড়ি ঢোকার অনুমতি দেওয়াকে কেন্দ্র করে আমাকে চাকরিচ্যুত করা হয়। চাকরির বিষয়ে মামলা করেছি, মামলা চলছে। ২০০৭ সালে তত্কালীন ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমিনের আদেশে আমাকে চাকরিচ্যুত করা হয়।’এর আগে গত বছরের ২৭ নভেম্বর আদালতে দেওয়া সাক্ষ্যে মবিন হোসেন খান বলেন, ‘দশ ট্রাক অস্ত্র আনার বিষয়টি সিইউএফএল তত্কালীন এমডি মো. মহসীন উদ্দিন তালুকদার ও মহাব্যবস্থাপক কে এম এনামুল হক আগে থেকেই জানতেন। আর অস্ত্র নামানোর ঘটনা তদারক করতে সেই রাতে সিইউএফএলের বিশ্রামাগারে অবস্থান করছিলেন তত্কালীন ভারপ্রাপ্ত শিল্পসচিব নুরুল আমীন।’ এরপর ২৮ নভেম্বর সাক্ষীকে জেরা করেছিলেন আসামির আইনজীবীরা। উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে দশ ট্রাক অস্ত্র আটক করা হয়। এই ঘটনায় করা দুটি মামলায় ২০০৬ সালের ২৭ ও ২৮ জুন আদালতে সাক্ষ্য দেন মবিন হোসেন খান। এরপর তিনি ২০০৯ সালের ১২ মার্চ তত্কালীন মহানগর হাকিম ওসমান গণির কাছে ১৬৪ ধারায় জবানবন্দিও দেন। জেরায় প্রশ্নের জবাবে মবিন হোসেন বলেন, ‘হাকিম ওসমান গণির কাছে দেওয়া জবানবন্দি আমি পড়ে দেখিনি। আমাকে পড়ে শোনানো হয়নি। সই করতে বলেছিল, সই করেছি।’ জেরায় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই মামলায় আগে সাক্ষী দিয়েছিলাম। কিন্তু বক্তব্যের ভুল ব্যাখ্যা করে আমাকে বৈরী ঘোষণা করা হয়।’এর আগে আজ বেলা একটার দিকে সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১১ আসামিকে নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।