জাতীয় লিগে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে জোড়া সেঞ্চুরি করেছেন খুলনার মিঠুন আলী, যেটি বাংলাদেশের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে পঞ্চম কীর্তি। চলতি জাতীয় লিগের শেষ তিন ম্যাচে তিন সেঞ্চুরি করা বাংলাদেশ ‘এ’ দলের এই উইকেটকিপার ব্যাটসম্যান প্রথম আলোর সঙ্গে ভাগাভাগি করেছেন তাঁর অনুভূতি অনেক দিন পর আপনার হাত ধরে জোড়া সেঞ্চুরি দেখল জাতীয় লিগ, কেমন লাগছে?মিঠুন আলী: ভালোই লাগছে। ভালো খেললে যেমন লাগে আর কী! ঠিক বলে বোঝানো যায় না। ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ৭ ইনিংসে মাত্র ১টি ফিফটি। জাতীয় লিগে ফিরেই তিন ম্যাচে ৩ সেঞ্চুরি! নিজেকে কীভাবে ফিরে পেলেন?মিঠুন: ফিফটিটা পেয়েছিলাম ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ম্যাচেই শেষের দিকে নেমে। ওদের দুর্দান্ত সব ফাস্ট বোলার আছে। সফরে বেশি রান না পেলেও ওই ফাস্ট বোলারদের খেলে আত্মবিশ্বাসটা বেড়েছে। এরপর দেশে ফিরেই রাজশাহীতে ঢাকা মহানগরের বিপক্ষে সেঞ্চুরি করলাম। এটাও কাজে লেগেছে, রাজশাহীতে রান করাটা সহজ ছিল না। জাতীয় লিগে ব্যাটিংটা কি সহজ মনে হচ্ছে? বোলারদের মান কী রকম?মিঠুন: ব্যাটিং মোটেই সহজ মনে হচ্ছে না। ওয়েস্ট ইন্ডিজে ভালো বোলার ছিল। ওখানে ধৈর্য ধরে খেলতে হয়েছে। সেটাই এখানে কাজে লাগছে। আর এখানকার বোলাররাও বেশ ভালো। প্রতি দলেই ৪-৫ জন ভালো বোলার আছে, বিশেষ করে বাঁহাতি স্পিনাররা। পরিসংখ্যান বলছে, আপনি মেরে খেলতে পছন্দ করেন, প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন ৯৫ বলে। কিন্তু দ্বিতীয় ইনিংসেরটা ১৫৯ বলে!মিঠুন: মারার বল পেলে আমি মারবই। এটাই আমার স্বভাব। তবে দ্বিতীয় ইনিংসে আমাকে ব্যাট করতে হয়েছে ম্যাচ বাঁচানোর জন্য। অল্প রানেই আমাদের ৫ উইকেট পড়ে গিয়েছিল। তখন আমি দলের হার বাঁচিয়ে ফাইনালটা নিশ্চিত করতে চেয়েছি। আমাকে বোলারদের সঙ্গে ব্যাট করতে হয়েছে। চেষ্টা করেছি বেশি বেশি স্ট্রাইক নিতে। ফাইনালটা এখন প্রায় নিশ্চিত, বেশ ভালো লাগছে। তিন ধরনের ক্রিকেটের মধ্যে কোনটি আপনার বেশি পছন্দ?মিঠুন: ওয়ানডে আর টি-টোয়েন্টি। কেন?মিঠুন: আমার খেলার ধরনটাই ও রকম। মারার বল পেলে আমি মারবই। আর এই মেরে খেলাটা টি-টোয়েন্টি আর ওয়ানডের সঙ্গেই যায়। ২০০৯ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলে সুযোগ পেলেও একটা ম্যাচও খেলা হয়নি। নিজেকে আবার জাতীয় দলে দেখার ব্যাপারে কতটা আশাবাদী?মিঠুন: জাতীয় দলে ফেরা না-ফেরা পুরোপুরিই নির্বাচকদের হাতে। এই নিয়ে আমি কোনো লক্ষ্য ঠিক করিনি। আমার কাজ আমি করে যাব। হয়তো ভালো করব, আর ভালো করলে ভাগ্য যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। মানুষ তো আপনার উইকেটকিপার পরিচয় ভুলেই যাচ্ছে। আপনার কাছে কোনটা আগে, ব্যাটিং না উইকেটকিপিং?মিঠুন: অবশ্যই, উইকেটকিপিং। ব্যাটিংটা কখনো ভালো হতে পারে, কখনো খারাপ হতে পারে। কিন্তু উইকেটকিপিংয়ে সব সময়ই ভালো করা সম্ভব। আমি এটা বেশ উপভোগও করি। জাতীয় লিগের ফাইনাল খেলা একরকম নিশ্চিতই। দল হিসেবে খুলনার সাফল্যের রহস্য কী?মিঠুন: আমাদের দলীয় সংহতিটা খুব ভালো। ড্রেসিংরুমের পরিবেশটা বেশ সৌহার্দ্যপূর্ণ। সবাই সবাইকে সাহায্য করি। কেউ কারও পেছনে লাগি না। এগুলোই মনে হয় রহস্য। আপনার প্রিয় ব্যাটসম্যান ও উইকেটকিপার কে?মিঠুন: আগে ছিল অ্যাডাম গিলক্রিস্ট, এখন মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেটার হিসেবে গড়ে উঠতে কার অবদান বড় করে দেখেন?মিঠুন: পরিবারের অবদান তো আছেই। অনূর্ধ্ব-১৯ পর্যায়ে খেলার সময় ফাহিম স্যার ও ইমরান স্যার অনেক সাহায্য করেছেন। এ ছাড়া সুজন (খালেদ মাহমুদ) ভাইয়ের কাছ থেকেও অনেক শিখেছি।