কিংবদন্তি ফুটবলার চিহ্লা মং চৌধুরী মারী কাল সবকিছুর ঊর্ধ্বে উঠে কেবলই স্মৃতি হয়ে গেলেন। ফুটবলার মারী, মানুষ মারীকে স্মরণ করেছেন তাঁর সতীর্থ আরেক সাবেক তারকা ফুটবলার জহিরুল হক ফুটবলার মারী তো চলে গেলেন! খবরটা শুনে প্রথম কী মনে হলো?জহিরুল হক: আমরা একসঙ্গে খেলতাম, খুব ভালো বন্ধু ছিলাম। মারী ভাই ছিলেন সর্বজনপ্রিয়। ছোট-বড় সবার সঙ্গে সহজে মিশে যেতেন। এমন চরিত্র পাওয়া বিরল। ওনার বছর দুয়েক পরই আমি খেলা শুরু করি। মারী ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে প্রথমে মনে হলো, আমারও বুঝি ঘণ্টা বাজছে। মারীকে প্রথম কবে দেখেছিলেন, মনে পড়ে?জহিরুল: প্রথম দেখি ১৯৫৪ সালে। আমরা অনেক জায়গায় খেলতে যেতাম, উনিও যেতেন। মনে আছে একবার আমরা মারী ভাইকে ব্রাহ্মণবাড়িয়ায় খেলতে নিয়ে গিয়েছিলাম। ১৯৫৪ সালে ম্যানিলায় এশিয়ান গেমস হলো। পাকিস্তান দলে পূর্ব পাকিস্তান থেকে সুযোগ পেয়েছিলেন মারী আর সাহেব আলী ভাই। মারী ভাই ছিলেন কনিষ্ঠতম খেলোয়াড়। আপনি তো ওনার পক্ষে-বিপক্ষে অনেক খেলেছেন। ফুটবলার হিসেবে কত বড় ছিলেন মারী?জহিরুল: কবীর-মারী-আশরাফ ছিলেন ‘ট্রায়ো’। একবার কলকাতায় তাদের খেলা দেখে সেখানকার মানুষ বলতে শুরু করল, এ যেন রহিম-রহমত-রশিদ ‘ট্রায়ো’! অনেক আগে এই ট্রায়ো কলকাতার মাঠ কাঁপিয়েছিল। কবীর-মারী-আশরাফ যেন সেই স্মৃতিই ফিরিয়ে দিলেন কলকাতাকে। মাঠের ২২ জনের মধ্যে মারী ভাইকে আলাদা করে চেনা যেত। খেলা দেখলেই বোঝা যেত ওটা মারী। ফরোয়ার্ডে একচ্ছত্র প্রভাব ছিল। গতি ছিল দুর্দান্ত। মারীর পায়ে বল মানে যেকোনো কিছু হতে পারে। তবে ডান পায়ে বলতে গেলে খেলতেনই না, তাঁর বাঁ পাকেই ভয় ছিল সবার। অন্যদের চেয়ে কোথায় আলাদা ছিলেন মারী?জহিরুল: হি ওয়াজ অ্যা গোল গেটার। ফরোয়ার্ডে অনেক খেলোয়াড়ই খেলে, সবাই গোল পায় না। মারীর পায়ে বল গেলে গোল হতোই। খুব অমায়িক মানুষ ছিলেন। মাঠে কোনো দিন কাউকে বাজে কথা বলেছেন, এমন অভিযোগ কেউ করতে পারবে না। মারী ভাইয়ের জনপ্রিয়তা বেশি হওয়ার এটাও একটা কারণ ছিল। আপনি ডিফেন্ডার হিসেবে ওনার মুখোমুখি হতেন। কতটা কঠিন ছিল মারীকে ঠেকানো?জহিরুল: খুবই কঠিন ছিল। তাঁর সামনে আমি কোনো খেলোয়াড়ই ছিলাম না। তবে আমাকে মারী ভাই অনেক মায়া করতেন। সব সময় বলতেন, সবাইকে কাটানো যায়, জহিরকে কাটানো শক্ত। আমি চেষ্টা করতাম ওনাকে আটকানোর। তার পরও আমার সম্পর্কে বাড়িয়েই বলতেন একটু। মারী ভাই ছিলেন গড গিফটেড। ওনার সবচেয়ে বড় শক্তির দিক কোনটা ছিল?জহিরুল: দারুণ সুযোগসন্ধানী খেলোয়াড় ছিলেন। দুটি সুযোগ পেলে একটা গোল হতোই। তাঁর বাঁ পায়ে বল পড়লেই মুশকিল ছিল। আমি কারও সঙ্গে মারী ভাইয়ের তুলনা করব না, তবে আজ মেসির পায়ে আমরা যেসব জাদু দেখি, মারী ভাইয়ের পায়ের কাজ অনেকটা এ ধরনেরই ছিল। একসঙ্গে খেলেছেন, সফর করেছেন। মানুষ মারীকে কেমন দেখেছেন?জহিরুল: মারী ভাইয়ের কাছে কখনো পয়সা থাকত না। যা থাকত, খরচ করে ফেলতেন। জুনিয়রদের পেছনে, বন্ধুদের পেছনে...। অনেক বড় আত্মা ছিল, উদার ছিলেন খুব। আমরা তাঁর মতো এত ত্যাগী ছিলাম না। কিন্তু উনি পারতেন। পকেটে যতক্ষণ টাকা থাকত, রেস্টুরেন্টে খেতে গেলে কাউকে বিল দিতে দিতেন না। এ জন্য একটা সময়ে ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। আপনি যত বছর ধরে ফুটবল দেখছেন, চিহ্লা মং চৌধুরী মারীকে বাংলাদেশের ফুটবলে কোথায় রাখবেন?জহিরুল: আমার জন্য সব সময়ই উনি একজন রোলমডেল ছিলেন। এক কথায় প্রিয় ব্যক্তিত্ব। কেউ যদি আমাকে জিজ্ঞেস করে, আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি, বলি মারী ভাইকে। মানুষ হিসেবে যেমন, ফুটবলার হিসেবেও ছিলেন অসাধারণ। জীবনে অনেক খেলোয়াড় দেখেছি, মারীর মতো খেলোয়াড় আর দেখিনি। সেই ১৯৫২-৫৩ সাল থেকে শুরু করে আজ পর্যন্তও না। মারী মারীই।