‘মার্কিন-মিয়ানমার সম্পর্কের নতুন অধ্যায়’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মিয়ানমার সফরের দ্বিতীয় দিনে আজ বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট উ থেইন সেইনের সঙ্গে বৈঠক করেছেন। সেইন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সফরকে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন অধ্যায়’ বলে স্বাগত জানান।

নেপিডোতে দুই নেতার একান্ত বৈঠক শুরুর আগে হিলারি বলেন, ‘আপনি ও আপনার সরকার মিয়ানমারের জনগণের জন্য যেসব পদক্ষেপ নিয়েছেন তাতে প্রেসিডেন্ট ওবামা এবং আমি নিজে উত্সাহিত হয়েছি। এ জন্যই আমার এখানে আসা।’ মিয়ানমারের প্রেসিডেন্ট হিলারির সফরকে মাইলফলক উল্লেখ করে বলেন, আপনার ঐতিহাসিক এ সফর দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন অধ্যায়ের সূচনা করবে। হিলারি গতকাল বুধবার তিন দিনের সফরে মিয়ানমারের রাজধানী নেপিডোতে পৌঁছান। উল্লেখ্য, মিয়ানমারে গত অর্ধশতকেরও বেশি সময়ের মধ্যে কোনো মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম সফর।বর্তমানে মিয়ানমারের ওপর ওয়াশিংটনের কঠোর অবরোধ রয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, হিলারির এ সফরে অবরোধের ব্যাপারে বড় ধরনের কোনো ঘোষণা আসার সম্ভাবনা নেই। তবে বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নেপিডোতে মার্কিন মিশনকে দূতাবাসে উন্নীত করার মতো কিছু ঘোষণা আসতে পারে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির এ সফরকে মিয়ানমার সরকারের সংস্কার কর্মসূচির পুরস্কার হিসেবেই দেখছেন বিশ্লেষকেরা। তাঁরা মনে করছেন, মিয়ানমারের বর্তমান সরকারকে তার কর্মসূচিতে আরও সংস্কার আনতে উত্সাহিত করতেই এ সফর।দেশটির প্রেসিডেন্ট উ থেইন সেইনের সঙ্গে বৈঠক শেষে ইয়াঙ্গুনে যাওয়ার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারির। তিনি সেখানে গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চির সঙ্গে দেখা করবেন।