‘মার্কিন সেনা বিদায় হও’ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল শুক্রবার অস্ট্রেলিয়ার আদিবাসীরা সে দেশের জাতীয় পতাকায় অগ্নিসংযোগ করেছিল। এক দিন পর আজ আবারও পতাকা পোড়ানোর ঘটনা ঘটল। তবে এবার পরিস্থিতি ও দেশ ভিন্ন। আজ শনিবার ফিলিপাইনের মানুষ যুক্তরাষ্ট্রের পতাকায় অগ্নিসংযোগ করেছে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ফিলিপাইনে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের প্রতিবাদে আজ দেশটির রাজধানী ম্যানিলার রাস্তায় বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে মিছিল করতে করতে ম্যানিলায় মার্কিন দূতাবাসের সামনে জড়ো হয়। রয়টার্সের ভিডিও চিত্রে বিক্ষোভকারীদের স্লোগানের তালে তালে ‘ইউএস ট্রুপস আউট নাউ’ (মার্কিন সেনা বিদায় হও) বলতে শোনা যায়। ২০০২ সাল থেকে ফিলিপাইনে মার্কিন সেনাবাহিনী অবস্থান করছে। বর্তমানে দেশটিতে অতিরিক্ত মার্কিন সেনা মোতায়েনের ব্যাপারে দুই দেশের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। আর এরই প্রতিবাদে বিক্ষোভ করছে ফিলিপাইনের লোকজন।

ফিলিপাইনের বামপন্থী নিউ প্যাট্রিওটিক অ্যালায়েন্সের মুখপাত্র রেনাতো রেইস বলেছেন, দক্ষিণ চীন সাগরীয় অঞ্চলে প্রভাব বিস্তার করতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে টানাপোড়েন চলছে। আর এই উত্তেজনা বাড়লে ফিলিপাইন মাঝখানে পড়ে যাবে। রেইস আরও বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান মৈত্রী বাড়ানোর তীব্র বিরোধিতা করছি। এ অঞ্চলে দিন দিন চীনের সামরিক শক্তি বৃদ্ধির প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্রও তার সেনাবাহিনীর সংখ্যা বাড়াতে চায়। আর সে জন্য তারা ফিলিপাইনকে ব্যবহার করতে চায়। যদি মার্কিনঘাঁটি স্থাপনের প্রস্তাবে রাজি হই। তবে চীন ও মার্কিনিদের উত্তেজনার শিকার হব আমরাই।’ অবশ্য ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ভলতায়ির গাজমিন জানান, ফিলিপাইনে বিদেশি সেনাবাহিনীর ঘাঁটি স্থাপনে সাংবিধানিক নিষেধাজ্ঞা আছে। ২০০২ সাল থেকে প্রায় ৬০০ মার্কিন কমান্ডো ফিলিপাইনে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্র বলছে, তাদের সেনাসদস্যরা স্থানীয় ইসলামি জঙ্গি সংগঠনকে ঠেকাতে ফিলিপাইনের সেনাবাহিনীকে সাহায্য করছেন।