‘মালদ্বীপে খেলতে পারলে দারুণ হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনূর্ধ্ব-১৯ দলে খেলার পরপরই সুযোগ মিলল জাতীয় দলে। দিল্লিতে সাফ ফুটবলে শাহেদুর রহমানের খেলা দেখে মুগ্ধ মালদ্বীপ ভিবি স্পোর্টস ক্লাবের কর্মকর্তা। ওই ক্লাবে খেলার প্রস্তাবও পেয়ে গেছেন। এখন মালদ্বীপে খেলার স্বপ্ন দেখছেন জাতীয় দলের তরুণ মিডফিল্ডার মালদ্বীপের ক্লাব ভিবি স্পোর্টসে খেলার প্রস্তাব পেয়েছেন? কেমন লাগছে?শাহেদুর: এই আনন্দ বোঝানো কঠিন। এখন পর্যন্ত চূড়ান্ত কথা হয়নি। প্রস্তাব পেয়েছি, এটা ভেবেই ভালো লাগছে। এই ক্লাবের সঙ্গে যোগাযোগটা হলো কীভাবে?শাহেদুর: আমরা দিল্লি থেকে ফেরার এক দিন পর নেপাল থেকে এক ভদ্রলোক আমাকে ফোন করেন। ফোন করেছিলেন ওই ক্লাবের সেক্রেটারি, নামটা মনে পড়ছে না। দিল্লিতে আমার খেলা দেখে তাঁর নাকি ভালো লেগেছে। তিনি প্রথমে আমার সঙ্গে কোনো কথা বলেননি। তাঁর কোম্পানিতে চাকরি করেন এক বাংলাদেশি, উনিই সবকিছু বুঝিয়ে বলার পর সেক্রেটারির সঙ্গে কথা বললাম। ক্লাবটি সম্পর্কে কি কোনো ধারণা আছে?শাহেদুর: মালদ্বীপ লিগে গত তিনবারের লিগ চ্যাম্পিয়ন ভিবি স্পোর্টস। দলটির জার্মান কোচ বাহতিয়ার কান ভ্যান লি। আলী আশফাক ওই দলের অধিনায়ক। ক্লাব কর্মকর্তাদের কথা শুনে কী মনে হচ্ছে?শাহেদুর: আমি সেখানে খেলার ব্যাপারে আশাবাদী। আমাকে তারা বলেছে, ‘তুমি যদি খেলো, তাহলে তোমার ভবিষ্যৎ ভালো হবে।’ আরও বলেছে, ‘যেহেতু কোচ জার্মানির, তাই এই ক্লাবে খেললে জার্মানিতে বা ইউরোপের অন্য কোনো ক্লাবেও সুযোগ হতে পারে। তুমি এলে আমরা সহযোগিতা করব।’ এখন কী ভাবছেন?শাহেদুর: আমি ওদের সেক্রেটারিকে বুঝিয়ে বলেছি, এখানে একটি ক্লাবে (ফেনী সকার) এই মৌসুমের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছি। তারা বলল, ‘তোমার ক্লাব অফিশিয়ালদের সঙ্গে কথা বলো।’ এরপর আমি ক্লাব সভাপতি তাবিথ আউয়াল ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তাবিথ ভাই এমনিতেই খুব ভালো মানুষ। তিনিও দেখলাম খুব আগ্রহী। উনি বলেছেন, যা যা সাহায্য লাগে, সবকিছু করবেন। পারিশ্রমিকের অঙ্কের ব্যাপারটা কি চূড়ান্ত হয়েছে?শাহেদুর: না। এখনো এসব ব্যাপারে কোনো কথা হয়নি। তবে ওনারা বলেছেন, আমাকে দু-এক দিনের মধ্যেই জানাবেন। দেশের বাইরে খেলতে যদি যাই, একটা ভালো অঙ্কের টাকা প্রত্যাশা করছি। কখনো বিদেশে খেলার স্বপ্ন দেখেছেন?শাহেদুর: ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখেছি, একদিন জাতীয় দলে খেলব। তবে দেশের বাইরে খেলব, এটা ভাবিনি কখনো। প্রস্তাবটা পেয়ে খুবই বিস্মিত। মালদ্বীপে খেলতে পারলে দারুণ হবে। ফুটবলে আসার পেছনে কার অবদান বেশি?শাহেদুর: একজনের কথা না বললেই নয়, তিনি আমার প্রথম কোচ মুসা ভাই। তিনিই আমাকে ফুটবলের হাতেখড়ি দেন। তখন আমি চট্টগ্রাম রেলওয়ে গভ. হাইস্কুলে পড়ি। মহানগর কিশোর লিগে আমাকে খেলার সুযোগ করে দেন মুসা ভাই। সেখান থেকে খেলতে খেলতে অনূর্ধ্ব-১৯ দলে ডাক পেলাম। এরপর জাতীয় দলে।