নবপরিণীতা স্ত্রীকে ফেলে যাবেন জিম্বাবুয়ে সফরে। একটু খারাপ তো লাগবেই। তার পরও ক্রিকেটারের স্ত্রী বলে কথা! গৃহপ্রবেশেই বুঝে গেছেন, স্বামীর সাফল্যে হাসতে হবে, ব্যর্থতায় দিতে হবে সাহস। আর বিদেশ সফরের সময়টা কাটবে অপেক্ষায়। তবে স্ত্রীর পরিণতিবোধ সফরে নিশ্চিন্তই রাখবে জাতীয় দলের ক্রিকেটার মাহমুদউল্লাহকে বৃষ্টিতে প্রস্তুতি ম্যাচ শুরু হতে পারল না। প্রস্তুতিতে তো ভালোই সমস্যা হচ্ছে?মাহমুদউল্লাহ: না, তেমন একটা ক্ষতি বোধহয় হচ্ছে না। প্রস্তুতি ম্যাচ তো আরও কয়েকটা খেললাম। আজকেরটা (গতকাল) শুরু হতে না পারলেও কাল (আজ) থেকে ম্যাচটা শুরু হবে। জিম্বাবুয়েতে গিয়েও একটা তিনদিনের ম্যাচ খেলব। ১৪ মাস পর টেস্টে ফিরবে বাংলাদেশ দল। সেটা মনে রেখেও কি বলবেন প্রস্তুতি ঠিকমতো হচ্ছে?মাহমুদউল্লাহ: মাঝে জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার জাতীয় লিগেও ম্যাচ খেলেছে। ওটাও সাহায্য করবে। প্রস্তুতি ঠিকই হচ্ছে বলব। নতুন কোচ এসেছেন। আলাদা করে বিশেষ কিছু নিয়ে কথা বলেছেন?মাহমুদউল্লাহ: এখন পর্যন্ত না। বিয়ে করেছেন সম্প্রতি...নতুন জীবন কেমন লাগছে?মাহমুদউল্লাহ: মাশাআল্লাহ...খুবই ভালো। স্ত্রীর নাম কী? কী করছেন এখন?মাহমুদউল্লাহ: জান্নাতুল কাওসার, ডাকনাম মিষ্টি। পড়াশোনা করছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে, ইংলিশে অনার্স। আগে থেকেই তো জানাশোনা ছিল...মাহমুদউল্লাহ: হ্যাঁ, প্রায় তিন বছরের পরিচয়। স্ত্রী কি ক্রিকেটের প্রতি আগ্রহী?মাহমুদউল্লাহ: আগ্রহ আছে...সব সময় সাপোর্ট করে। প্রথম প্রথম হয়তো বুঝত না। এখন বেশ ভালোই বুঝে। মাঠে এসে খেলা দেখেন?মাহমুদউল্লাহ: না, এখনো মঠে এসে খেলা দেখেনি। তবে বাসায় টিভিতে দেখে। খেলার সময় নামাজ পড়ে দোয়া করে। মাহমুদউল্লাহ, না ক্রিকেট—কোনটার বেশি ভক্ত উনি?মাহমুদউল্লাহ: (হাসি) প্রথমত...মনে হয় মাহমুদউল্লাহরই ভক্ত। ক্রিকেট পছন্দ করলেও আগে ও রকমভাবে ওর দেখা হতো না। আমার সঙ্গে সম্পর্ক হওয়ার পর থেকে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়ে। ক্রিকেটারদের স্ত্রীদেরও তো ব্যক্তিগত জীবনে অনেক সময় অনেক ত্যাগ স্বীকার করতে হয়। বিয়ের পরপরই যেমন তাঁকে ফেলে বিদেশে চলে যাচ্ছেন...এসব নিয়ে আলাপ হয়েছে?মাহমুদউল্লাহ: আলাপ হয়েছে। সে এমনিতেও অনেক ম্যাচিউরড। এসব বোঝে, জানে, খেয়ালও রাখে। আমাকে সারা দিন হয়তো মাঠেই সময় দিতে হয়। তবে মাঠের বাইরের সময়টুকু তাকে দেওয়ার চেষ্টা করি। কখনো বিরক্ত হয় না?মাহমুদউল্লাহ: না, বিরক্ত হয় না। সাহায্যই করে। আরও সেও তো পড়াশোনা নিয়ে ব্যস্ত। আমি ব্যস্ত খেলা নিয়ে। সময় ভালোই যাচ্ছে দুজনের। মধুচন্দ্রিমা করবেন না? জিম্বাবুয়েতে সঙ্গে নিলেই পারেন...মাহমুদউল্লাহ: নিতে চাচ্ছি না কারণ জিম্বাবুয়ে সফরের সময় ওর ফাইনাল পরীক্ষা শুরু হবে। আর জিম্বাবুয়েতে এমন কিছু নেইও...আমিও সারা দিন মাঠেই থাকব। বিরক্ত হবে। তার পরও দলের আর কেউ বউ নিয়ে গেলে হয়তো চেষ্টা করতাম। তবে জিম্বাবুয়ে থেকে আসার পর ইনশাআল্লাহ হানিমুনে যাওয়ার ইচ্ছা আছে। মালয়েশিয়া...সিঙ্গাপুর, হয়তো দুই দেশেই ঘুরে আসতে পারি। কিংবা দুবাই...। জামাই তারকা ক্রিকেটার...শ্বশুরবাড়ির লোকজনের প্রতিক্রিয়া কী?মাহমুদউল্লাহ: শ্বশুর, শাশুড়ি, শ্যালক—তাঁরা প্রথমে ক্রিকেটের প্রতি অত আগ্রহী ছিল না। তবে বিয়ের কথা শুরু হওয়ার পর তাঁরাও ক্রিকেটের প্রতি আগ্রহী হলেন...বিশেষ করে আমার শ্বশুর। সব সময় আমার খেলার খোঁজখবর নেন। আমার ভালো পারফরম্যান্সের ব্যাপারে উনি খুবই আশাবাদী। সঙ্গে আমার পরিবারের সাপোর্ট তো আছেই।