‘মাহবুব ভাই’কে প্রেরণা হিসেবে নিয়ে অ্যাথলেটিকস জগতে তাঁর পা রাখা। প্রতিদ্বন্দ্বী ভাবলেও মাহবুবের সঙ্গে পেরে উঠতেন না। ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে ২০০ মিটার স্প্রিন্টে সোনাজয়ী মাহবুব আলম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কাল। স্মৃতিচারণা করতে গিয়ে বারবার কেঁদে উঠলেন সাবেক দ্রুততম মানব ও বর্তমানে কোচ আবদুল্লাহ হেল কাফি মাহবুব আলমের মৃত্যুতে আপনি দেখছি খুব শোকাহত। একসঙ্গে অনেক দিন খেলেছেন। যদি স্মৃতিচারণা করেন...আবদুল্লাহ হেল কাফি: মাহবুব ভাই ছিলেন অসাধারণ এক অ্যাথলেট। আমার স্বপ্ন ছিল, মাহবুব ভাইয়ের মতো হব। মাহবুব ভাই সাফ গেমসে সোনা জিতে এলেন। একটা সময় ক্যাম্প করতেন বিকেএসপিতে। ক্লাস ফাঁকি দিয়ে তাঁর কাছে গিয়ে বসে থাকতাম। পা ম্যাসাজ করে দিতাম। শুরুর দিকের কোনো কথা মনে পড়ছে?কাফি: ১৯৯৬ সালে আমি তাঁর সঙ্গে প্রথম খেলি। ওই সময় আমাকে বলতেন, কাফি ভালো করে দৌড়াস। তোরা নতুন ছেলে। আমি বলতাম, মাহবুব ভাই, আমার জন্য দোয়া করবেন। এত বড় অ্যাথলেট তিনি, তাঁর কাছে যদি থাকতে পারি—তখন এই চিন্তাই ঘুরপাক খেত মাথায়। তার মানে, মাহবুব আলম ছিলেন আপনাদের আদর্শ?কাফি: আমাদের সবারই আদর্শ ছিলেন মাহবুব ভাই। এই সেদিন জাতীয় মিটে স্প্রিন্টারদের বেহাল দশা দেখে আমাকে বললেন, কাফি কোচিং বাদ দে। নিজে আবার প্র্যাকটিস কর। আরও বললেন, তিনি দৌড়ালেও অন্যরা নাকি এখনো পারবে না! আপনি তো তাঁকে প্রতিদ্বন্দ্বী ভাবতেন...কাফি: হ্যাঁ, ভাবতাম। কিন্তু সব সময় মাহবুব ভাই ফার্স্ট হতেন। আমরা সেকেন্ড বা থার্ড হতাম। ৮-১০ বছর একসঙ্গে খেলেছি। তার পরও বন্ধুত্ব কখনো এতটুকু কমেনি। এক জায়গায় দাঁড়িয়ে ওয়ার্মআপ করেছি, একই ইভেন্ট করেছি বছরের পর বছর। খেলা ছাড়ার পরও তো মাহবুব আলমের সহযোগিতা পেয়েছেন...কাফি: আমি খেলা ছেড়ে কোচিংয়ে এলাম, সব সময় তাঁকে বলতাম, মাহবুব ভাই, আমি যদি আপনার মতো একজন তৈরি করতে চাই, আমাকে কী করতে হবে। কিছু টিপস দেন। নিজের যে জ্ঞান ছিল, প্রতিনিয়তই সেটা দিতেন আমাকে। মাহবুব আলমের মধ্যে হতাশাও ছিল অনেক। সাফ গেমসের পুরস্কার না পাওয়ার ব্যাপারটা নিয়ে কিছু বলতেন?কাফি: আজ খুব মনে পড়ছে, মাহবুব ভাই সাফে সোনা জিতে ফেডারেশনের প্রতিশ্রুত এক লাখ টাকা পুরস্কার পাননি। এটা তাঁর জন্য যতটা এর চেয়ে বেশি লজ্জার আমাদের জন্য। আপনারা কত লিখেছেন। তবু তিনি টাকাটা পেলেন না। আজ তো চলেই গেলেন। আক্ষেপ থাকলেও আমাদের প্রেরণাই দিয়ে গেছেন সব সময়। কীভাবে প্রেরণা দিতেন?কাফি: বলতেন, আমি কিসের জন্য এত খাটব। আমাকে কী দিয়েছে সরকার। পরক্ষণেই বলতেন, আমার আফসোস নেই। আমি দেশকে কী দিতে পেরেছি সেটা দেখ। আমরা যখন বলতাম, মাহবুব ভাই, আপনি এত বড় অ্যাথলেট হয়েও আপনার চাকরি নেই, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, আমাদের কী হবে! বলতেন, দেশ কী দিল সেটা দেখিস না। তুই কী দিতে পারলি সেটা একবার ভাব। এ থেকেই বোঝা যায় মাহবুব কত বড় অ্যাথলেট ছিলেন...কাফি: তা তো অবশ্যই। তবে আমরা মাহবুব ভাইকে বলতাম, এসব বলে লাভ নেই। আপনি যে একজনকে প্রেরণা দেবেন, আপনার নিজের ঘরে ভাতের চাল তো থাকতে হবে। ফেডারেশনের সদস্য হিসেবে তাঁকে কেমন দেখেছেন?কাফি: নৌবাহিনীর চাকরি নিয়ে তাঁর অনেক সমস্যা হয়েছে। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি শেষে ফেডারেশনের সদস্য হয়েছেন। তারপর মাঠে আসতেন-যেতেন। ফেডারেশনের সদস্য হিসেবে তিনি খুবই সক্রিয় ছিলেন। জানি না ফেডারেশন কতটা মূল্যায়ন তাঁকে করেছে।