‘মায়ার মাধুরী’ আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে উচ্চাঙ্গসংগীতের চর্চা অব্যাহত রাখা ও প্রচার-প্রসারের উদ্দেশ্যে বেঙ্গল ফাউন্ডেশন ও কলকাতার আইটিসি সংগীত রিসার্চ একাডেমি একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে। এর আওতায় আইটিসি সংগীত রিসার্চ একাডেমির শিল্পী ও বাংলাদেশের শিল্পীদের নিয়ে ঢাকায় ও ঢাকার বাইরে দ্বিমাসিক উচ্চাঙ্গসংগীত আসর, এ দেশের মেধাবী উচ্চাঙ্গসংগীত শিল্পী-শিক্ষার্থীদের নিয়ে সংগীতবিষয়ক কর্মশালার আয়োজন ও বৃত্তি প্রদান।গতকাল শনিবার দুপুরে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আইটিসি সংগীত রিসার্চ একাডেমির নির্বাহী পরিচালক রবি মাথুর এবং প্রখ্যাত সংগীতগুরু পণ্ডিত অজয় চক্রবর্তীর উপস্থিতিতে এই লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।অনুষ্ঠানে জানানো হয়, এই ধারাবাহিক কার্যক্রমের আওতায় আজ রোববার থেকে রাজধানীতে দুই দিনব্যাপী দ্বিমাসিক ‘মায়ার মাধুরী’ শীর্ষক উচ্চাঙ্গসংগীতের আসরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের প্রথম দিন আজ সন্ধ্যা সাতটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে সংগীত পরিবেশন করবেন পণ্ডিত অজয় চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংসদ আসাদুজ্জামান নূর। এই অনুষ্ঠানে সহযোগিতা করছে প্রথম আলো। এই কর্মসূচি ঘোষণা অনুষ্ঠানে বক্তব্য দেন অজয় চক্রবর্তী, বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের এবং বেঙ্গল ফাউন্ডেশনের মহাপরিচালক লুভা নাহিদ চৌধুরী। আইটিসি সংগীত রিসার্চ একাডেমির নির্বাহী পরিচালক রবি মাথুর ভিডিও প্রজেকশনের মাধ্যমে প্রতিষ্ঠানের ইতিহাস, লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন।অনুষ্ঠানে ভারতের পাতিয়ালা ঘরানার শিল্পী অজয় চক্রবর্তী বলেন, বাংলাদেশে অসাধারণ কিছু প্রতিভা আছে। তালিম পেলে এসব প্রতিভা আন্তর্জাতিক অঙ্গনে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছাতে পারবে।ছবি বিক্রির অর্থ আর্ট সেন্টারেধানমন্ডির ঢাকা আর্ট সেন্টারে আলোকচিত্রশিল্পী সাঈদ সিদ্দিকীর একক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল সম্প্রতি। ‘গ্লোরিয়াস পিকজেলস’ শিরোনামের এই প্রদর্শনীতে স্থান পেয়েছিল বেশ কিছু আলোকচিত্র। প্রদর্শনীতে বিক্রি হওয়া ছবির সম্পূর্ণ অর্থ তিনি গত শুক্রবার সন্ধ্যায় ঢাকা আর্ট সেন্টারের চেয়ারম্যান রামেন্দু মজুমদারের হাতে হস্তান্তর করেন। এ সময় আলোকচিত্রশিল্পী আনোয়ার হোসেন এবং ক্যাটস আইয়ের চেয়ারম্যান আশরাফুল সিদ্দিকী, শিল্পী নিসার হোসেন, শিশির ভট্টাচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।‘পরিবেশের প্রতিবেশ’জাতীয় জাদুঘর ও ছক্কা শিল্পী পরিষদের যৌথ উদ্যোগে ‘পরিবেশের প্রতিবেশ’ শীর্ষক আন্তর্জাতিক চারুকলা প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর উদ্বোধন করা হবে কাল সোমবার সন্ধ্যা সাতটায়। এতে প্রধান অতিথি থাকবেন মুহাম্মদ হাবিবুর রহমান। গতকাল শনিবার বিকেলে জাদুঘরের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেওয়া হয়।সংবাদ সম্মেলনে জাদুঘরের মহাপরিচালক প্রকাশচন্দ্র দাস প্রদর্শনীটি যৌথভাবে আয়োজনের লক্ষ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। আরও বক্তব্য দেন প্রদর্শনীর অন্যতম শিল্পী জাহিদ মুস্তাফা, ইতালির ফ্রান্সেসকো এলিসেই, ফ্রান্সিসকো করদোবা, জার্মানির শিল্পী হর্স্ট উহলেমান প্রমুখ।‘রাই-কৃষ্ণ পদাবলী’রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন ও আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে গতকাল শনিবার থেকে শুরু হলো নৃত্যাঞ্চলের ‘রবীন্দ্রনৃত্য উৎসব’। তিন দিনব্যাপী এ উৎসব হওয়ার কথা থাকলেও হরতালের কারণে এক দিনেই সমাপ্ত হচ্ছে বলে জানান সংগঠনের পরিচালক শিবলী মহম্মদ। তবে তিনি জানান, পরিস্থিতি ভালো থাকলে উৎসব অনুষ্ঠিত হতে পারে। এ বিষয়ে আজ রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিসিআর ‘রবীন্দ্র চেয়ার’-এর অতিথি অধ্যাপক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক করুণাসিন্ধু দাস। উৎসবের অংশ হিসেবে নৃত্যকলা-সম্পর্কিত রবীন্দ্র গীতিনাট্য ও নৃত্যকলা বইয়ের মোড়ক উন্মোচন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। রবীন্দ্র গীতিনাট্য, নৃত্যনাট্য ও নৃত্যকলা সম্পর্কে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের ১০ জন বিশিষ্ট লেখকের প্রবন্ধ সংকলিত হয়েছে এই বইয়ে।উদ্বোধন শেষে মঞ্চস্থ হয় নৃত্যনাট্য রাই-কৃষ্ণ পদাবলী। নৃত্যাঞ্চলের ৮০ জন শিল্পী এতে অংশ নেন। রাধার চরিত্রে রূপ দিয়েছেন শামীম আরা নীপা। আর কৃষ্ণ চরিত্রের রূপায়ণ করেছেন শিবলী মহম্মদ। সংগীত পরিচালনা করেছেন রত্না চৌধুরী।