বর্শা নিক্ষেপে জাতীয় রেকর্ডধারী টানা ১০ বারের সোনাজয়ী আখেরুন নেসাকে টপকে ক্যারিয়ারে প্রথম সোনা জিতলেন হোসনা আক্তার। বিজেএমসিতে সামান্য বেতনে চাকরি করা এই অ্যাথলেট বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শেষে বললেন নিজের স্বপ্নের কথা, ব্যক্ত করলেন হতাশাও প্রথমবারের মতো সোনা জিতে খুবই খুশি মনে হচ্ছে আপনাকে...হোসনা আক্তার: হ্যাঁ। কী যে আনন্দ হচ্ছে। যে আখেরুন আপা এত দিন ধরে সোনা জিতে এসেছেন, তাঁকে হারিয়ে জিতেছি বলে আনন্দটা আরও বেশি। এত ইভেন্ট থাকতে বর্শা নিক্ষেপ বেছে নিলেন কেন?হোসনা: আমি আগে ডিসকাস থ্রো ও হাই জাম্প করতাম। কিন্তু যখন দেখলাম ভালো করতে পারছি না, বরং জ্যাভলিন থ্রোতেই (বর্শা নিক্ষেপ) অনেক উন্নতি হচ্ছে, তখন ওগুলো ছেড়ে দিলাম। কিন্তু এখানে আসার আগে বিজেএমসির বাছাইতেই তো বাদ পড়েছিলেন...হোসনা: হ্যাঁ, বাছাইতে বাদ পড়ার পর আমাকে খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থায় খেলতে বললেন স্যাররা। আমার মধ্যে একটু বেশি জেদ হচ্ছিল তখন, আমাকে বাদ দেওয়ার জবাবটা দেব। জবাব দিতে পেরেছি বলে খুব ভালো লাগছে। আপনি অন্য জেলার হয়েও কীভাবে খুলনার হয়ে খেলছেন?হোসনা: আমি ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে। খুলনা বিজেএমসিতে চাকরি করি বলে খুলনা অঞ্চলের হিসেবে আমাকে নেওয়া হয়েছে। খেলাধুলা করতে এসে কেমন সমর্থন পান?হোসনা: প্রথম দিকে আমার বাড়ি থেকে সবাই নিষেধ করত। এখন আর কেউ নিষেধ করে না। আপনি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে একাই চলে এসেছেন ঢাকায়...হোসনা: খেলাধুলা আমার নেশা। ছোটবেলা থেকেই স্কুলে অ্যাথলেটিকসে অংশ নিতাম। ঢাকায় আসার আগে শুধু মাকে বলেছি যে আমি খেলতে যাচ্ছি। মা আমাকে সব সময় সমর্থন দেন। মায়ের সমর্থন পেয়েই এতদূর এসেছি। এলাকায় অনুশীলনের সুযোগ কেমন পান?হোসনা: আমি অ্যাথলেট বলে এলাকার অনেকেই আমাকে দেখে হাসি-ঠাট্টা করে। আমার এটা মোটেও ভালো লাগে না। এ জন্য সবাই ঘুম থেকে ওঠার আগে, ভোরের আলো ফোটার আগে প্র্যাকটিসে যাই। প্রতিদিন সকালে দুই ঘণ্টা করে প্র্যাকটিস করি। বিজেএমসিতে কি আপনার চাকরি স্থায়ী?হোসনা: না, অস্থায়ী ভিত্তিতে চাকরি করি। আমাদের শ্রমিকের মতো হাজিরা দিয়ে চাকরি করতে হয়। মিলের চাকা ঘুরলে বেতন, না হলে নেই। পড়াশোনা করছেন তো...হোসনা: হ্যাঁ। আমি নবীনগর সুরসম্রাট আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়ে উচ্চমাধ্যমিকে পড়ছি। আপনার কলেজের বন্ধুবান্ধব কি জানে আপনি একজন ভালো অ্যাথলেট?হোসনা: কলেজের শিক্ষকেরা জানেন আমি খেলাধুলা করি। বন্ধুবান্ধবও কয়েকজন জানে। কিন্তু অ্যাথলেট হিসেবে অতটা খ্যাতি নেই। আপনার এই সোনার পদক কাউকে উৎসর্গ করবেন?হোসনা: আমার বাবাকে। বাবা বেঁচে থাকলে খুবই খুশি হতেন। উনি মারা গেছেন গত বছর। ক্যারিয়ারে নিজেকে কোথায় দেখতে চান?হোসনা: আমার স্বপ্ন ছিল সেনাবাহিনীতে ভর্তি হওয়ার। কিন্তু উচ্চতা অনেক কম (৫ ফুট ২ ইঞ্চি)। এই উচ্চতায় সেনাবাহিনীতে ভর্তি হওয়া সম্ভব নয়। তাই সে আশা ছেড়ে দিয়েছি। এখন জ্যাভলিন থ্রোতে ভালো কিছু করতে চাই। জ্যাভলিন থ্রো করতে গিয়ে কি কখনো দুর্ঘটনায় পড়েছেন?হোসনা: না, আমার নিজের থেকে দুর্ঘটনা ঘটেনি। তবে ক্লাস নাইনে পড়ার সময় আমার প্র্যাকটিস দেখে আমার এক বন্ধু বলল, ‘দে দেখি, আমিও ছুড়ব।’ ও ছুড়েছিল উল্টো দিকে। সেটা গিয়ে লাগে আরেকজনের পায়ে। সে কী রক্তারক্তি কাণ্ড!