‘মা’ শেখ হাসিনা সব ওলটপালট করে দিয়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক নির্মল সেনের একটি উক্তি উল্লেখ করে বিএনপির সমন্বয়ক তরিকুল ইসলাম বলেছেন, ‘আজ “মা” শেখ হাসিনা সব ওলটপালট করে দিয়েছেন। আর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সব লুটেপুটে খাচ্ছে।’আজ শুক্রবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তরিকুল ইসলাম এ কথা বলেন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ছাত্রদলের গ্রেপ্তার নেতাদের মুক্তির দাবিতে এ সমাবেশ করা হয়।তরিকুল ইসলাম বলেন, আজ মানবাধিকার শৃঙ্খলিত, গণতন্ত্র রক্তাক্ত, সংবিধান কাঠগড়ায় দাঁড়িয়ে বিচার চাইছে। আর তাঁরা বারবার বলে যাচ্ছেন, বিএনপি-জামায়াত ও খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়ে বিচারকে বাধাগ্রস্ত করছেন।তরিকুল বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধা, বিএনপি মুক্তিযোদ্ধাদের দল। আমরা কখনো যুদ্ধাপরাধীদের বাঁচানোর চেষ্টা করিনি, করছি না। আমরা অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার চাই। কিন্তু সে বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হতে হবে, স্বচ্ছ হতে হবে। রাজনৈতিক প্রতিহিংসাবশত অন্যায়ভাবে কাউকে বিচার করা যাবে না। এই শাশ্বত সত্য এবং সভ্যতার ইতিহাসের কথাটাই আমরা বারবার বলছি।’সবকিছুতেই যুদ্ধাপরাধের প্রসঙ্গ টানার ইঙ্গিত করে তরিকুল বলেন, ‘এই কনকনে শীতে বাংলাদেশ এখন কাবু। আমি বিস্মিত হব না, কোন সময়ে প্রধানমন্ত্রী মুখ ফসকে বলে ফেলেন, যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্যই বিএনপি এই শীত নিয়ে এসেছে।’তরিকুল আরও বলেন, ঝড় এলে যেমন কাকের টনক নড়ে, অনেক সময় ডানা ভেঙে যায়, তেমনি আজ আওয়ামী লীগেরও ডানা ভঙে গেছে। তাদের আর ওড়ার শক্তি নেই।বর্তমান সরকারের নানা দুর্নীতির উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শেয়ারবাজার, হল-মার্ক, ডেসটিনি লুণ্ঠন হয়েছে। প্রাইম ব্যাংকের ৩০০ কোটি টাকা লোপাট হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ব্যাংক, জাহাজ নির্মাণের লাইসেন্স—ব্যবসা-বাণিজ্য, অর্থনীতির সব চালিকা শক্তি আজ আওয়ামী লীগের হাতে। মনে হচ্ছে, দেশটা তাদের পৈতৃক সম্পত্তি। যে যেভাবে পারছেন, সেভাবে ভাগ করে নিচ্ছেন।ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব আমানউল্লাহ, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব আবদুস সালাম, ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ প্রমুখ।