‘মিট দ্য রকারস’
নেসক্যাফের আয়োজনে গতকাল অনুষ্ঠিত হলো সংগীত প্রতিযোগিতা নেসক্যাফে গেট সেট রকের মিট দ্য রকারস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চ্যানেল আইয়ের কফি কর্নার-সংলগ্ন ছাদে আয়োজন করা হয় এ অনুষ্ঠান। আয়োজকেরা জানান, দেশে এ পর্যন্ত যেসব রিয়েলিটি শো অনুষ্ঠিত হয়েছে, সেগুলোর অধিকাংশই কণ্ঠশিল্পী বা গায়ককেন্দ্রিক। মিউজিশিয়ানস বা বাদ্যযন্ত্রীদের নিয়ে কোনো প্রতিভা অন্বেষণ এ দেশে হয়নি। তাই তাঁরা শুধু বাদ্যযন্ত্রীদের নিয়ে এ রকম এক ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করেছেন। শেষে এই শিল্পীদের থেকে বাছাই করা শিল্পীদের নিয়ে একটি স্বপ্নের ব্যান্ড দল গড়ে তুলবে নেসক্যাফে।ভোকাল, লিড গিটার, বেইস গিটার, কিবোর্ড, ড্রামস এবং ট্র্যাডিশনাল—এ ছয় ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। খুলনা, রংপুর, সিলেট, চট্টগ্রাম ও ঢাকা—সারা দেশকে এ পাঁচ জোনে ভাগ করে অনুষ্ঠিত হয় অডিশন। প্রাথমিক অডিশনে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় এসপ্রেসো রাউন্ড। ১৪টি ব্যান্ডে বিভক্ত হয়ে প্রতিযোগীরা তাঁদের বাদ্যের বাজনা ও গান পরিবেশন করেন। এ রাউন্ড থেকে ৪২ জন শিল্পীকে বাছাই করা হয়। এ রাউন্ডে বিচারকের দায়িত্ব পালন করেন স্বনামধন্য মিউজিশিয়ানস পিলুখান, বাপ্পা মজুমদার এবং আইয়ুব বাচ্চু।গতকাল এই ৪২ জন শিল্পীকে নিয়ে গ্রুমিং ক্যাম্পের আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য বাছাই করা শিল্পীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া। অনুষ্ঠানে বিচারক পিলু খান, আইয়ুব বাচ্চু ও বাপ্পা মজুমদার ছাড়াও উপস্থিত হন শিল্পী নকিব খান ও কুমার বিশ্বজিৎ।