‘মিডিয়া ক্যু’র অভিযোগ খায়রুজ্জামানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের ফল ঘোষণায় ‘মিডিয়া ক্যু’র আশ্রয় নেওয়া হয়েছে বলে অভিযোগ করলেন সরকারি দল-সমর্থিত প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান। সংবাদ সম্মেলন ডেকে এ বক্তব্য দেওয়ার সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙচুর শুরু করলে র্যাব-পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন তাদের নিয়ন্ত্রণ কক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা না করলেও ১৮-দলীয় জোট-সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেনের সমর্থককেরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল সংগ্রহ করে গণমাধ্যমে সরবরাহ করতে থাকেন। রাত আটটার দিকে মোসাদ্দেকের সমর্থকদের ঘোষিত ৪২টি কেন্দ্রের ফলাফলে মোসাদ্দেক ১২ হাজার ৫৬৯ ভোটে এগিয়ে আছেন বলে প্রচার করা হয়। আওয়ামী লীগ অতীতে এভাবে ফল ঘোষণার আয়োজন করলেও এবার করেনি। রাত নয়টার দিকে খায়রুজ্জামানের পক্ষ থেকে হঠাৎ সংবাদ সম্মেলন ডাকা হয়। নগরের লক্ষ্মীপুর মোড়ে অবস্থিত দলীয় কার্যালয়ে তাৎক্ষণিকভাবে আয়োজিত সংবাদ সম্মেলনে খায়রুজ্জামান বলেন, নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই ‘মিডিয়া ক্যু’র আশ্রয় নিয়ে ১৮-দলীয় জোটের পক্ষ থেকে তাঁদের ভোট বেশি করে প্রচার করা হয়েছে। তিনি বলেন, নির্বাচন কমিশন থেকে নিয়ম অনুযায়ী ফল ঘোষণা হলে তিনি তা মেনে নেবেন। তার আগেই ঘোষিত ফলাফল গ্রহণযোগ্য নয়। সংবাদ সম্মেলনে সাংসদ ফজলে হোসেন বাদশা, শাহরিয়ার আলম, আবদুল ওয়াদুদ ও এনামুল হক উপস্থিত ছিলেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সংবাদ সম্মেলন শেষ হওয়ার আগেই কার্যালয়ের নিচে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙচুর শুরু করেন। এ সময় সেখানে উপস্থিত র্যাব সদস্যরা তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেন। পরে তাঁরা সংগঠিত হয়ে পাল্টা র্যাব-পুলিশকে ধাওয়া করেন। আধা ঘণ্টা ধরে ধাওয়া-পাল্টাধাওয়া চলাকালে আহসান নামের আর্মড পুলিশের একজন কনস্টেবল আহত হন। রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময় লক্ষ্মীপুর মোড়ের দক্ষিণ পাশে বিএনপির সমর্থকেরা এবং উত্তরে খায়রুজ্জামানের সমর্থকেরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। মাঝে ছিল র্যাব-পুলিশের সতর্ক অবস্থান।