‘মিশন ক্লিন ঢাকা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে হঠাৎ করেই ১৫-২০ জনের একটি দল এসে হাজির হলো। তাদের সবার পোশাক এক রকম, মাথায় একই ধরনের সাদা ক্যাপ আর হাতে দস্তানা। আশপাশের সবাইকে তাক লাগিয়ে দিয়ে দলের সবাই নিজ হাতে ময়লা কুড়িয়ে জড়ো করছে নীল ঝুড়িতে। তারা সবাই কাজ করছে জাপানি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী সংগঠন ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইভিইউএসএ) হয়ে। আবর্জনামুক্ত পরিচ্ছন্ন ঢাকা মহানগর গড়তেই তারা এখন অভিযান চালাচ্ছে। মিশন ক্লিন ঢাকা নামের এই পরিচ্ছন্নতা অভিযানের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা উদ্যান ও ধানমন্ডি লেক রয়েছে।গত বুধবার থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই পরিচ্ছন্নতা অভিযানে জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১০২ জন শিক্ষার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০০ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন। আইভিইউএসএর এই প্রজেক্টের জাপানি দলনেতা মিয়া জাওয়া আৎ সুশি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আমরা কাজ করছি। আমরা সাধারণ মানুষের মধ্যে নগর পরিচ্ছন্নতাবিষয়ক সচেতনতা বাড়াতে চেষ্টা করছি।’ জাপানের স্বেচ্ছাসেবী সংগঠনটি বাংলাদেশে এবার প্রথম এলেও এর আগে তাঁরা কম্বোডিয়া, চীন, মেক্সিকো, কোরিয়া ও থাইল্যান্ডের মতো বেশ কিছু দেশে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন বলে তিনি জানান।অভিযানের প্রথম দিনে টিএসসির মাঠে দেখা গেছে মিশন ক্লিন ঢাকায় অংশ নেওয়া দুই দেশের শিক্ষার্থীদের। অভিযানে অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তৌফিক বলেন, ‘এ রকম কাজে এই প্রথম অংশ নিচ্ছি। আমাদের ক্যাম্পাস পরিষ্কার হয়ে যাবে ভেবে খুবই ভালো লাগছে। এ ছাড়া বিদেশের শিক্ষার্থীরা যখন এ রকম কাজ করছেন তখন অনেকেই সচেতন হবেন।’ তিনি এ ধরনের কার্যক্রমে এই প্রথম অংশ নিলেও ভূগোল ও পরিবেশ বিভাগের প্রথম বর্ষের তাহরিম জান্নাত এর আগেও অংশ নিয়েছেন। তাঁদের বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা পরিষ্কার করতে ও সচেতনতা বাড়াতে কার্যক্রম চালানো হয়েছে বলে তিনি জানান।তবে বাংলাদেশের শিক্ষার্থীদের থেকে জাপানের শিক্ষার্থীদের মধ্যে ছিল বেশি উদ্দীপনা। তাঁরা প্রায় সব কাজ আগে আগে করছিলেন। এমনটাই বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আলী আকবর, ‘ওদের মাঝে কোনো ক্লান্তি দেখা যায়নি। আমরা একটু কাজ না করতেই ক্লান্ত হয়ে পড়ি। অথচ ওরা এক টানা কাজ করছে।’‘মিশন ক্লিন ঢাকা’র জাপানি শিক্ষার্থীদের সমন্বয়ক মনির উদ্দিন বলেন, ‘অবশ্যই এই কার্যক্রম আমাদের সমাজে প্রভাব ফেলবে। আমাদের সচেতনতার যে অভাব, তা দূর হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কাজ হচ্ছে, এটা দেখে দেশের মানুষ সচেতন হবে।’অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ক রেজিস্ট্রার সৈয়দ রেজাউর রহমান বলেন, ‘জাপান থেকে ঢাকায় এসে শিক্ষার্থীরা পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। ব্যাপারটি দেখে সবাই সচেতন হবে বলে আমরা আশা করি।’মিশন ক্লিন ঢাকা সবার মধ্যে একটি ধারণা জন্মাতে চেষ্টা করছে, যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে তা যেন সবাই ডাস্টবিনে ফেলে। তবেই সবকিছু পরিচ্ছন্ন থাকবে।মিশন ক্লিন ঢাকার অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও অনুষদে এরই মধ্যে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। ১২টি দলে বিভক্ত হয়ে শিক্ষার্থীরা পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে নেমেছেন। ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বসানো হয়েছে প্লাস্টিকের ডাস্টবিন ও ছোট সাইনবোর্ড।আজ সকালে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে ধানমন্ডি লেক, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ও কলাভবনের সামনের অংশে। কেমন লাগছে ঢাকায় এসে কাজ করতে, জানতে চাইলে জাপানের কানাগাওয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিরিকোসা বলেন, ‘আমরা যখন বাংলাদেশ ঢুকলাম, বুঝতে পারলাম এখানের বাতাস দূষিত। কিন্তু বাংলাদেশের মানুষ খুব ভালো। তারা সহজেই আমাদের সঙ্গে মিশছে, কথা বলছে। কাজ করে ভালো লাগছে। মজার ব্যাপার হলো, এখানকার সবার পোশাক অনেক বেশি রঙিন।’জাপান থেকে আসা শিক্ষার্থীদের মধ্যে ছেলেরা থাকছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যায়ামাগারে। আর মেয়েরা থাকছেন ছাত্রীদের বিভিন্ন হলে। ১৪ মার্চ মিশন ক্লিন ঢাকার কার্যক্রম শেষ হবে। জাপানের শিক্ষার্থীরা দেশে ফিরবেন ১৫ মার্চ।