‘মিসরের বিপ্লব ছিনতাই করেছে সেনাবাহিনী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের আলোচিত গণতন্ত্রপন্থী আন্দোলন-কর্মী আলা আবদেল ফাতাহ কারাগার থেকে লেখা এক গোপন চিঠিতে দেশটির সেনাশাসকদের খুনি বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সেনাবাহিনী মিসরের বিপ্লব ছিনতাই করেছে।ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান ও মিসরের আল শরোউক পত্রিকায় তাঁর ওই চিঠি প্রকাশিত হয়েছে।গত অক্টোবর কায়রোতে সেনা অভিযানে ২৭ খ্রিষ্টান বিক্ষোভকারী নিহত হওয়ায় কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন আলা আবদেল ফাতাহ। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত রোববার সন্ধ্যায় তাঁকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়। কারাগার থেকে এক গোপন চিঠিতে তিনি এসব কথা বলেন।ওই পত্রে আলা আবদেল ফাতাহ দাবি করেন, মিসরে হোসনি মোবারকবিরোধী বিক্ষোভের সময় সংঘটিত হত্যাযজ্ঞের পেছনে দেশটির সেনাবাহিনী সরাসরি সংশ্লিষ্টতা ছিল।আলা আবদেল ফাতাহ আরও দাবি করেন, সাবেক স্বৈরশাসক মোবারকের সময়কার শাসনকালের তুলনায় বর্তমানে মিসরে যত্সামান্যই পরিবর্তন এসেছে। বিশ্লেষকদের মতে, আলা আবদেল ফাতাহর এই গোপন পত্রই বলে দেয়, দেশটির সেনা কর্তৃপক্ষের সঙ্গে গণতন্ত্রপন্থী কর্মীদের মতভেদ বাড়ছে।হোসনি মোবারকের সময় আলা আবদেল ফাতাহ মিসরের সবচেয়ে আলোচিত সরকারবিরোধী আন্দোলনের কর্মী হিসেবে পরিচিত। সে সময় সরকারবিরোধী ভূমিকার জন্য তিনি কারাবরণও করেছেন। সেনাবাহিনীর বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে সহিংসতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে ফাতাহর বিরুদ্ধে। ফাতাহকে প্রাথমিকভাবে ১৫ দিনের জন্য আটক রাখার কথা বলা হয়েছে। তবে সেনা কর্তৃপক্ষ ইচ্ছা করলেই তাঁর আটকাদেশের এই মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়াতে পারে। ফাতাহর আটক মিসরে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।