‘মীমাংসা’ নামের বিচার প্রহসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনা-১: কুষ্টিয়া জেলার সদর থানাধীন পুরোনো কুষ্টিয়ার অধিবাসী ভিকটিম মৌর (৪, ছদ্মনাম) বাবা ধর্ষণের অভিযোগে কুষ্টিয়া সদর থানায় আসামি জহিরুলের বিরুদ্ধে একটি মামলায় উল্লেখ করেন, ঘটনার তারিখ অর্থাৎ ০২-০৪-২০০০ সালে দুপুর একটার সময় আসামি জহিরুল ভিকটিমকে খেসারি দেওয়ার নাম করে নিকটবর্তী পদ্মার পাড়ে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। ভিকটিমের চিৎকার শুনে প্রতিবেশী সাক্ষীরা ঘটনাস্থলে যান এবং আসামিকে পালিয়ে যেতে দেখেন। সাক্ষীরা ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় দেখে তাকে তাঁদের বাড়ি নিয়ে আসেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আনা হয়। ভিকটিম নিজে মেডিকেল বোর্ড ও ম্যাজিস্ট্রেটের কাছে আসামি জহিরুল কর্তৃক ধর্ষণের কথা বলেছে। মেডিকেল বোর্ড ভিকটিমকে পরীক্ষান্তে ধর্ষণের সব আলামত দেখতে পায়। মেডিকেল বোর্ড ভিকটিমকে পরীক্ষান্তে তার বয়স চার বছর বলে উল্লেখ করে। এতদ্সত্ত্বেও ভিকটিম, বাদীসহ অন্য সাক্ষীরা ভিকটিম ধর্ষিত হয়েছে মর্মে সাক্ষ্য না দেওয়ায় ওই মামলার আসামি জহিরুলকে আমি দোষী সাব্যস্ত করে সাজা দিতে পারিনি। ঘটনা-২: বুলবুলি খাতুনের বিয়ে হয়েছিল আসামি ফরিদের সঙ্গে, দুই বছর আগে এবং তাঁদের সংসারে জন্ম নেয় একটি কন্যাসন্তান। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানায় বুলবুলির বাবা জহুরুল মালিথা আসামি ফরিদসহ অন্য ছয়জনের বিরুদ্ধে ৩০-০৪-০৭ তারিখে ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেন। ঘটনার বর্ণনায় উল্লেখ করা হয়, গত ১৯-০২-০৭ তারিখ বিকেলে মাত্র ২০ হাজার টাকা যৌতুকের জন্য আসামি ফরিদ অন্য আসামিদের প্ররোচনায় গলায় শাড়ি পেঁচিয়ে বুলবুলিকে হত্যা করেন। ময়নাতদন্ত প্রতিবেদনেও মৃত্যুকে আঘাতজনিত ও নরহত্যা বলে উল্লেখ করা হয়। বুলবুলিকে গলাটিপে হত্যা করা হয় বলে ময়নাতদন্তে উল্লেখ করা হয়। রাসায়নিক প্রতিবেদনে মৃতের ভিসেরায় বিষ পাওয়া যায় এবং খুনের ঘটনা আসামি ফরিদের বাড়িতে সংঘটিত হয়। এতদ্সত্ত্বেও বুলবুলির বাবা আসামিপক্ষে আপস সূত্রে সাক্ষ্য প্রদান করেন। তাই আমার পক্ষে আসামিকে শাস্তি দেওয়া সম্ভব হয়নি। বাদীপক্ষে বলা হয় যে বুলবুলি মৃগীরোগী ছিলেন এবং সে কারণে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। সাক্ষ্যে আরও উল্লেখ করা হয় যে ঘটনার তারিখ ও সময়ে আসামি ফরিদ বাড়িতে ছিলেন না।আমাদের দেশে হাজার হাজার মামলা, বিশেষ করে গুরুতর অপরাধ, যেমন—খুন, ধর্ষণসহ খুন, ধর্ষণ, যৌতুকের জন্য স্ত্রী হত্যা, মুক্তিপণ আদায়, নাবালিকা মেয়ে অপহরণ ও পাচার ইত্যাদি মামলা আপসযোগ্য না হওয়া সত্ত্বেও অহরহ বাদীর মামলাকে সমর্থন না করে সাক্ষ্য প্রদানের মাধ্যমে আসামি/আসামিদের খালাসের ব্যবস্থা করা হয়ে থাকে। অনেক ক্ষেত্রেই এর পেছনে যুক্তি দেখানো হয় বাদী/বিবাদী একই সমাজে পাশাপাশি বসবাস করার কারণে সামাজিক শান্তি রক্ষার্থে এবং ভবিষ্যতে শত্রুতার অবসানের মানসে আপসের এ ধরনের পন্থা অবলম্বন করা হয়ে থাকে। তাঁদের আরও যুক্তি হলো, যদি এসব মামলায় প্রতিপক্ষের শাস্তি হয়, তাহলে বংশপরম্পরায় শত্রুতার রেশ বিদ্যমান থাকে। যুক্তির পেছনে খানিকটা যথার্থতা থাকলেও এমন গুরুতর অপরাধের মীমাংসা করলে সমাজে এক ধরনের বাজে প্রভাব দেখা যায়। মীমাংসার কারণে অপরাধীরা এ ধরনের জঘন্য অপরাধ সংঘটনে পুনরায় উৎসাহিত হয় এবং সমাজের অন্যরা প্রত্যক্ষ করে খুন, ধর্ষণ, অপহরণ ইত্যাদি অপরাধ সংঘটন করলেও অর্থের বা সম্পত্তির বিনিময়ে আপস করে শাস্তির হাত থেকে রেহাই পাওয়া কোনো বিষয় নয় এবং বাস্তবে হচ্ছেও তাই। এ ধরনের আপসের পেছনে রাজনৈতিক, সামাজিক, দলীয় চাপ, সন্ত্রাসীদের হুমকি নিয়ামকের ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে নির্যাতিতার পরিবার যদি আর্থিকভাবে ও দলীয়ভাবে দুর্বল থাকে, তাহলে ওই সব বিচার একটি বিক্রয়যোগ্য দ্রব্য বা প্রহসনে পরিণত হয়। অধিকাংশ মামলায় আইনজীবীদের আসামির জামিনের আবেদনে বলতে শোনা যায়, মামলার বিষয়টা সামাজিকভাবে মীমাংসা হয়েছে এবং ধর্ষিতার সঙ্গে ধর্ষকের বিয়ের বন্দোবস্ত করা হয়েছে বা বিয়ে দেওয়া হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটি মাটিতে কোনো শক্ত জিনিসের ওপর পড়ে গিয়ে, গাছে উঠতে গিয়ে, আখখেতের কাটা আখের ওপর পড়ে বা বাঁশঝাড়ের মোথার ওপর পড়ে গিয়ে তাঁর গোপনাঙ্গে আঘাত পেয়েছে মর্মে সাক্ষ্য প্রদান করেন, যা সম্পূর্ণভাবে বাস্তবতার পরিপন্থী। অনেক সময় ধর্ষণের শিকার মেয়েটি আসামিকে চেনেন না বা আসামি তাঁকে ধর্ষণ করেননি মর্মে আপসের কারণে সাক্ষ্য প্রদান করেন। ঘটনার আগে নিকাহনামা রেজিস্ট্রেশন ব্যতিরেকে ভিকটিমের সঙ্গে আসামির বিয়ে হয়েছে মর্মে সাক্ষ্য প্রদান করা হয়। নির্যাতিতার বয়স ১৬ বছর বা তার অধিক হলে ভালোবাসার টানে স্বেচ্ছায় দৈহিকভাবে মিলিত হয়েছেন বলে সাক্ষ্য প্রদান করেন। এসব ক্ষেত্রে আইনি সাক্ষ্যের অনুপস্থিতির কারণে আদালত বা ট্রাইব্যুনালের আসামিকে খালাস দেওয়া ছাড়া কোনো গত্যন্তর থাকে না। কারণ, আদালত আইনি সাক্ষ্য ব্যতীত নৈতিক শাস্তি আরোপ করতে পারেন না। অনেক সময় ঘটনার পর অনেক দিন অতিবাহিত হওয়ার কারণে বা ভিকটিমের অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার কারণে ক্ষতিগ্রস্ত পক্ষ ঘটনাকে বিধির বিধান বা অদৃষ্টের লিখন হিসেবে মেনে নেয় বা ঘটনার থেকে উদ্ভূত শোক বা ক্ষোভ, দুঃখ-বেদনা ভুলে গিয়ে একপর্যায়ে আসামিদের সঙ্গে মামলায় আপস করতে বাধ্য হয়। আমার দীর্ঘ ২৭ বছরের অধিককাল বিচারক-জীবনের অভিজ্ঞতায় দেখেছি, অনেক খুন, অপহরণ, মুক্তিপণ, পাচার ও ধর্ষণ মামলা ১০ বছরের অধিককাল ধরে শুধু নিম্ন আদালতে বিচারাধীন। এমন পরিস্থিতিতে অনেক সময় মামলার বাদী বা তদবিরকারক মারাও যান। অনেক সময় দেখেছি, ঘটনার পর পর অর্থাৎ পাঁচ-ছয় মাসের মধ্যে বা ক্ষেত্রবিশেষে এক বছরের মধ্যে বিচারের আনুষ্ঠানিকতা শুরু হলে বিচারপ্রার্থী ও তাঁর সাক্ষীরা সত্যের সপক্ষে সাক্ষ্য দিতে উদ্বুদ্ধ হন এবং প্রকৃত অপরাধীকে শাস্তির আওতায় আনতে আদালতকে সহযোগিতা করে থাকেন। ঘটনার পর পর ভিকটিম পক্ষের লোকদের মধ্যে বিচারের জন্য একটি আকুতি থাকে, তখনো তাঁদের মধ্যে ক্ষোভ থাকে এবং ঘটনার ভয়াবহতায় বিস্মৃত হন না। কিন্তু বিচারের দীর্ঘসূত্রতার কারণে বিচারপ্রার্থী জনগণের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে, বিচার পাওয়ার ব্যাপারে সন্দিহান হয়ে পড়ে। সাক্ষীরাও এ দীর্ঘ সময়ে আসামিদের পক্ষে পক্ষপাতদুষ্ট হয়ে পড়তে পারেন। পৃথিবীর অনেক দেশেই অপরাধ সংঘটন হওয়ার ছয় মাসের মধ্যে নিম্ন আদালতে মামলার বিচারকার্য সম্পন্ন হয়ে থাকে, ব্যতিক্রম শুধু আমাদের দেশেই। আমাদের দেশেও বিচারকের সংখ্যা বৃদ্ধি, বিচারব্যবস্থা ও নিষ্পত্তির ব্যাপারে নিবিড় তদারকির মাধ্যমে এ নাজুক অবস্থার অনেকটা উন্নতি সম্ভব। বাংলাদেশ পুলিশের বার্ষিক প্রতিবেদন ২০১০ থেকে জানা যায়, বছরে দেশে গড়পড়তায় এক লাখ ৩০ হাজার মামলা দায়ের করা হয়। এর মধ্যে পুলিশ তদন্ত করে ৬৬ শতাংশ মামলায় অভিযোগপত্র দেয় এবং অভিযোগপত্র দাখিল করা মামলাগুলোর মধ্যে প্রায় ৭৭ শতাংশ মামলায় আসামিদের বিরুদ্ধে পুলিশ অভিযোগ প্রমাণ করতে না পারায় আসামিরা খালাসপ্রাপ্ত হন। অর্থাৎ মাত্র ২৩ শতাংশ মামলার অপরাধীরা সাজাপ্রাপ্ত হন। প্রকৃতপক্ষে মামলা তদন্তের দুর্বলতা, মামলা প্রমাণে পুলিশের ব্যর্থতার চেয়ে মামলা আপসের কারণে ফৌজদারি মামলায় আসামিরা এত ব্যাপক হারে খালাসপ্রাপ্ত হন। সমাজের বিবেকবান মানুষ, এমনকি বিচারপ্রার্থীদের বলতে শোনা যায়, ‘বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে’। তাঁদের মনে রাখতে হবে, বিচারের জন্য থানা-আদালতে আসতে হবে। অভিযোগ প্রমাণের জন্য বিচারালয়ে সাক্ষ্য প্রদান করতে হবে। অন্যথায় মীমাংসা নামের বিচার প্রহসনে ‘বিচারের বাণী নীরবে নিভৃতেই কাঁদবে’। থানা-পুলিশ, বিচারক, জজ, ম্যাজিস্ট্রেট নিশ্চয়ই আইনি সাক্ষ্যের মাধ্যমে অভিযোগ প্রমাণিত না হলে অপরাধীকে শাস্তি দিতে পারবেন না। যত দিন পর্যন্ত বিচারপ্রার্থী বিচারের জন্য না কাঁদবেন, তত দিন পর্যন্ত ‘বিচারের বাণী নীরবে নিভৃতেই কাঁদতে থাকবে’। লেখক: বিচারক (জেলা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, কুষ্টিয়া।