‘মীরাক্কেল’ অনুষ্ঠানে ফেরদৌস
ভারতের জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার ৬’ অনুষ্ঠানে অতিথি বিচারক হলেন ফেরদৌস। আজ রাত ১০টায় প্রচারিত হবে অনুষ্ঠানের এই বিশেষ পর্বটি। ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে আজকের অনুষ্ঠানে। আর পর্বটিতে আলাদা মাত্রা যুক্ত করতে অতিথি বিচারক হিসেবে আমন্ত্রণ জানানো হয় ফেরদৌসকে।গত রোববার রাতে দেশে ফিরেছেন ফেরদৌস। গতকাল সোমবার দুপুরে তিনি বলেন, ‘অনুষ্ঠানটির উপস্থাপক মীরের সঙ্গে আড্ডা দিয়েছিলাম রেডিওর একটি অনুষ্ঠানে, তা-ও অনেক বছর আগে। এবার তাঁরই অনুরোধে আর অনুষ্ঠানের ভাবনাটি পছন্দ হওয়ায় রাজি হয়ে গেলাম। আরেকটা কথা, এ অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার মেয়ে নুজহাতও অনুরোধ করেছে। কারণ, ও অনুষ্ঠানটি দারুণ উপভোগ করে।’এই অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে অংশ নিচ্ছেন বাংলাদেশের ইশতিয়াক নাসির, মো. জামিল হোসেন, আনোয়ারুল আলম (সজল) ও আবু হেনা (রনি)। ফেরদৌসকে কাছে পেয়ে তাঁরা দারুণ খুশি। ফেরদৌস বললেন, ‘ভাবতেই পারিনি, বাংলাদেশের ছেলেরা ওখানে এতটা ভালো করছে। অনুষ্ঠানে গিয়ে অনেক দিন পর শ্রীলেখা মিত্রের সঙ্গে দেখা হলো। হঠাৎ বৃষ্টি ছবিতে ছিলেন তিনি। সব মিলিয়ে খুব ভালো লেগেছে।’