‘মুই পঙ্গু হবার চাও না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লম্বা টিনশেড বাড়ির বারান্দার এক কোণ ঘেরা দিয়ে ছোট্ট ঘর। আসবাব বলতে একটি চৌকি, আছে কয়েকটি হাঁড়ি-পাতিল। চৌকিতে শুয়ে আছেন সৈয়দ আলী (২৪)। বাঁ পায়ের পাতা থেকে হাঁটুর নিচ পর্যন্ত প্লাস্টার।সৈয়দ আলী আশুলিয়ার নিশ্চিন্তপুরের তৈরি পোশাক কারখানা তাজরীন ফ্যাশনস লিমিটেডের আহত শ্রমিকদের একজন। গত বুধবার নিশ্চিন্তপুরে তাঁর ওই ভাড়া ঘরে গিয়ে দেখা যায় ওই দৃশ্য। জানালেন, কারখানায় আগুন লাগার পর প্রাণ বাঁচাতে তিনতলা থেকে লাফিয়ে পড়ে পা ও কোমরে আঘাত পেয়েছেন। রাজধানীর পঙ্গু হাসপাতালে নয় দিন চিকিৎসা নিয়েছেন। এখনো উঠে বসতে পারেন না, হাঁটা তো দূরের কথা। ধরা গলায় তাঁর আকুতি, ‘ভাই, মুই পঙ্গু হবার চাও না।’গত ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত সৈয়দ আলীর মতো অনেক শ্রমিকই এখন নানা শারীরিক সমস্যার পাশাপাশি অর্থকষ্টে দিন কাটাচ্ছেন। অর্থাভাবে তাঁদের যথাযথ চিকিৎসাও হচ্ছে না। তাঁদের কেউ আছেন নিশ্চিন্তপুরে ‘ঘুপচি’ ভাড়া ঘরে, কেউ কেউ অর্থকষ্টে চলে গেছেন গ্রামের বাড়িতে।অগ্নিকাণ্ডের ঘটনায় তাজরীন ফ্যাশনসের কতজন শ্রমিক আহত হয়েছেন, তার সঠিক পরিসংখ্যান নেই। কারখানা সূত্রের হিসাবে, ঘটনার সময় কারখানায় সহস্রাধিক শ্রমিক কর্মরত ছিলেন। ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, সিঁড়ির মুখে নিচতলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হওয়ায় শ্রমিকদের খুব কমই অক্ষত অবস্থায় বের হতে পেরেছেন। প্রাণ বাঁচাতে নয়তলা ওই ভবনের তিন, চার, পাঁচ, ছয়তলা, এমনকি ছাদ থেকেও লাফ দিয়েছেন শ্রমিকেরা। তাঁদের মধ্যে বেঁচে যাওয়া শ্রমিকদের প্রায় সবাই গুরুতর আহত হয়েছেন। নিহতদের ক্ষতিপূরণের বিষয়ে সরকার উদ্যোগ নিলেও আহতদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই। আহত কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, তাঁদের কয়েকজন শুরুতে পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ বা বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে সামান্য সাহায্য পেলেও এখন কেউ খোঁজ নিচ্ছে না। ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের আহত হিসেবেই ধরা হচ্ছে না।আহত সৈয়দ আলী বলেন, কারখানা বন্ধের পর দুই মাসের বেতন হিসাবে নয় হাজার ২০০ টাকা পেয়েছিলেন। ৩ থেকে ১২ ডিসেম্বর পঙ্গু হাসপাতালে থাকার সময় প্রথম তিন দিন সব খরচ দিয়েছে বিজিএমইএ। পরের ছয় দিনে তাঁর তিন হাজারের বেশি টাকা খরচ হয়েছে। এরপর আর খরচ চালাতে পারছিলেন না। তাই চিকিৎসা শেষ না করেই ফিরে এসেছেন নিশ্চিন্তপুরে। চিকিৎসক বলেছেন, পূর্ণ বিশ্রামে থাকলে ভালো হয়ে যাবেন। কিন্তু এখনো উঠে বসতে পারেন না।রংপুরের যুবক সৈয়দের স্ত্রী আকলিমা আরেকটি পোশাক কারখানায় কাজ করেন। শাকিলা নামের তিন বছরের একটি মেয়ে আছে তাঁদের। স্ত্রীর আয়েই কোনোমতে চলছে সংসার। চিকিৎসা করানোর মতো টাকা তাঁদের নেই।আহত আরেকজন শ্রমিক রুবিয়া বেগম (২৫)। পাঁচতলায় হেলপারের কাজ করতেন তিনি। চারতলা থেকে লাফ দিয়েছিলেন তিনি। তাঁর ঘাড়ের হাড় ভেঙেছে। তিনি এখন স্পষ্টভাবে কথা বলতে পারেন না, ঘাড় ঘোরাতে পারেন না।রুবিয়া জানান, নিজেদের অর্থে আশুলিয়ার নারী ও শিশু কেন্দ্র হাসপাতাল এবং সাভারের সিআরপিতে চিকিৎসা করান। বিজিএমইএর সঙ্গে তিনি ফোনে যোগাযোগ করলে তাঁকে সিআরপিতে চিকিৎসা করাতে বলা হয়, খরচ দেওয়া হয়নি। এখন ভাই হাফিজুর রহমানের সংসারে ‘বোঝা’ হয়ে আছেন।পায়ে-কোমরে আঘাত পাওয়া সিরাজুল ইসলামকে রাজধানীর ট্রমা সেন্টারে ১২ দিন চিকিৎসা করিয়েছে বিজিএমইএ। বৃহস্পতিবার মুঠোফোনে তিনি বলেন, তিনি এখনো হাঁটতে পারেন না। ছয় মাস বিশ্রাম নিলে ভালো হয়ে যাবেন বলে চিকিৎসকেরা বলেছেন। তাই তিনি গ্রামের বাড়ি মাগুরায় চলে গেছেন।তিনতলা থেকে লাফিয়ে পড়ে মাথা, পা ও বুকে আঘাত পেয়েছিলেন সুইং অপারেটর আলীনূর (৩২)। ২২ দিন ট্রমা সেন্টারে চিকিৎসা ও অস্ত্রোপচার শেষে এই নারী শ্রমিককে ছুটি দেওয়া হয়েছে। এখনো তিনি ভালোভাবে হাঁটতে পারেন না। চিকিৎসকেরা তিন মাস বিশ্রামে থাকতে বলেছেন। এখন চিকিৎসা চলছে নিজের খরচে। স্বামী আবদুল হামিদ ও দুই ছেলেমেয়ে নিয়ে থাকেন নিশ্চিন্তপুরে। স্বামীও পোশাকশ্রমিক। তাঁর আয়েই চলছে সংসার-চিকিৎসা।আগুন লাগার পরপরই তীব্র ধোঁয়ার মধ্যে সিঁড়ি দিয়ে নেমে এসেছিলেন ফিরোজা বেগম। এর পর থেকেই তাঁর কাশি, মাথাব্যথা ও বমিভাব। তাঁর পোশাকশ্রমিক স্বামী এমদাদুল হক বলেন, আশুলিয়ার নরসিংহপুরে স্থানীয়ভাবে ফিরোজার চিকিৎসা চলছে। তাঁকে আহত হিসেবে গণ্যই করা হয়নি।তবে বিজিএমইএর অতিরিক্ত সচিব (প্রশাসন) জগলুল হায়দার বুধবার বলেন, বিজিএমইএর পক্ষ থেকে ৮০ জনের মতো শ্রমিককে চিকিৎসা দেওয়া হয়েছে। যেসব শ্রমিক কোনো কারণে প্রথম দিকে চিকিৎসা পাননি, এখন তাঁদেরও চিকিৎসা করানো হচ্ছে।তাজরীনের আহত শ্রমিকদের চিকিৎসার জন্য নিশ্চিন্তপুর রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৬ থেকে ১১ ডিসেম্বর ক্যাম্প করেছিল কর্মজীবী নারী নামের একটি সংস্থা। সংস্থাটির সহ-সমন্বয়কারী সুলতানুল আজম বলেন, তাঁরা ৮৬ জন আহতকে সেবা দিয়েছেন। এর মধ্যে বেশির ভাগেরই শরীরের বিভিন্ন অংশের হাড় ভেঙে ও ফেটে গেছে। অনেকে এসেছেন শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যা নিয়ে। বিষাক্ত ধোঁয়া শ্বাসযন্ত্রে গিয়ে এসব সমস্যার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।সুলতানুল আজম বলেন, এসব আহত শ্রমিকের অনেকেই বিজিএমইএর সহায়তায় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।