‘মুই ভূঁইয়োত ধুরা ফ্যালাইছু’
‘জাগো বাহে, নিন্দ (ঘুম) যান না কায়ো!’ গভীর রাতে এভাবে দরাজ চিৎকার শোনা যায় সৈয়দপুর উপজেলার আমন ধানখেতে। পাকা ধান গৃহস্থের খুলিবাড়িতে (উঠান) তোলার আগে জমিতেই খানিক শুকিয়ে নিতে হয়। কিন্তু এতে যে শত উৎকণ্ঠা! চোর তো আর এভাবে জমিতে ধানের আঁটি ফেলে রাখতে দেবে না। তাই ভীত কৃষক রাত জেগে জমিতে বসিয়েছেন পাহারা। জমিতে টংঘর বানিয়ে, আলো জ্বালিয়ে রাত জাগছেন কৃষকেরা। জমির ওই ঘরগুলোকে স্থানীয় ভাষায় বলা হয় ‘ধুরা’।সরেজমিনে সৈয়দপুর উপজেলার বাঙালিপুর বোতলাগাড়ী ও কামারপুকুর ইউনিয়নের গ্রামগুলো ঘুরে দেখা গেছে, জমিতে জমিতে অসংখ্য ধুরা। বাঙালিপুর চড়কপাড়া গ্রামের কৃষক যতীশ রায় (৪৫) বলেন, ‘মোর জমির পাকা ধান ফ্যালে থুছুনু (ফেলে রেখেছিলাম)। তাক চোর নিগাইছে (নিয়ে গেছে)। তারবাদে (সে জন্য) মুই ভূঁইয়োত (জমিতে) ধুরা ফ্যালাইছু।’বোতলাগাড়ীর সোনাখুলি গ্রামের সহর উদ্দিন (৫০) বলেন, ‘ধুরা ফ্যালে নাব (লাভ) হইছে বাহে। অ্যালা (এখন) চোরেরঘর (চোরেরা) দূর থাকি হামাক (আমাদের) দেখিয়া পালে যায়। কষ্টের ধান বাহে, যায় (যে) আবাদ করে, তায় বোঝে ঠেলা। কিন্তু চোরের চান (চান্স) পাইলেই সাটটাও করি (দ্রুত) ধান নিয়া হাওয়া হয়।’ কামারপুকুর ইউনিয়নের আইসঢাল গ্রামের কৃষক রইস উদ্দিন (৩০) বললেন, এরই মধ্যে গ্রামের অনেক কৃষকের পাকা ধান চোরে নিয়ে গেছে। তাই জমির ধান পাহারা দিতে নতুন কৌশল ধুরা পদ্ধতি বেছে নিয়েছে কৃষকেরা।কৃষি বিভাগ জমিতে জমিতে ধুরা দেওয়ার কথা স্বীকার করেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, এভাবে জমিতে পাহারা থাকলে চুরির প্রবণতা কমে আসবে। বোতলাগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ছাইদুর রহমান সরকার জানান, নতুন ধান উঠতে শুরু করেছে এ অঞ্চলে। এই সময় কৃষকদের ঘরে ঘরে চলবে নবান্নের উৎসব। কিন্তু সে উৎসব বিষাদময় হয়ে ওঠে, যদি শোনা যায়, জমির ধান চুরি হয়েছে। তিনি বলেন, এরই মধ্যে ইউনিয়নের ১০ থেকে ১৫ বিঘা জমির ধান চুরি গেছে বলে খবর মিলেছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুমায়রা মণ্ডলের সঙ্গে কথা বললে তিনি জানান, উপজেলার পাঁচটি ইউনিয়ন ও পৌর এলাকার ৮৫০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ছিল। কিন্তু এর চেয়েও অধিক জমিতে ধানের আবাদ হয়েছে। ফলনও ভালো। কারণ হিসেবে তিনি জানান, কৃষকেরা এখন অনেক সচেতন, উন্নত জাতের বীজ প্রয়োগের কারণে ভালো ফলন হচ্ছে। তিনি বলেন, ‘আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি, যাতে জমির ধান চুরি না যায়, সে ব্যবস্থা নিতে।’ ধুরা পদ্ধতিতে চুরি ঠেকানো যাবে বলে তাঁর মন্তব্য।সরেজমিনে দেখা গেছে, কমপক্ষে ২০ বিঘা জমি ঘিরে একটা করে ধুরা ফেলেছেন কৃষকেরা। প্রতিটি ধুরায় দুই-তিনজন করে কামলা (কৃষিশ্রমিক) রাত জেগে পাহারা দিচ্ছেন। এসব কমলাকে জমির মালিকেরা যৌথভাবে মজুরি দিচ্ছেন। এ ক্ষেত্রে কামলারা প্রতি রাতে ২০০ টাকা করে মজুরি পাচ্ছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।