‘মুক্তিযুদ্ধ ও তারপর’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান
‘মুক্তিযুদ্ধের ইতিহাস নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে লেখা হয়নি’
১৯৭১ সালে গাওয়া জোয়ান বায়েজের গানের অনুসরণে ‘বাংলাদেশ বাংলাদেশ/অস্তাচলে যেখানে দিন শেষ/লাখো প্রাণের রক্তরাঙা দেশ’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। গতকাল বুধবার গোলাম মুরশিদের নতুন বই মুক্তিযুদ্ধ ও তারপর-এর প্রকাশনা অনুষ্ঠানের শুরুতে এই গান শ্রোতাদের নিয়ে যায় মুক্তিযুদ্ধের সেই দিনগুলোতে। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে এই বইটি। গানের দল ‘মৃত্তিকা’র শিল্পী মাহমুদুজ্জামান ওই গানটি পরিবেশন করেন। গানের পর একাত্তরের চিঠি থেকে শিশুকন্যাকে লেখা মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান কায়সারের লেখা চিঠি পড়ে শোনান জাহীদ রেজা নূর। এরপর শুরু হয় আলোচনা। প্রথমা প্রকাশন সূত্রে জানা গেছে, আগামী ৩০ জানুয়ারি থেকে বইটির বিপণন শুরু হবে।বইটি নিয়ে আলোচনায় বক্তারা বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস এখনো নির্মোহ, নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে লেখা হয়নি। মুক্তিযোদ্ধারা যে ইতিহাস লিখেছেন, তাতে নিজেদের ব্যক্তিগত ভূমিকার প্রতিই বেশি গুরুত্ব দিয়েছেন এবং অনেক ক্ষেত্রেই অতিরঞ্জন করেছেন। আর গবেষকেরা গভীর অনুসন্ধান করলেও তা করেছেন দলীয় দৃষ্টিকোণ থেকে। ফলে নিরপেক্ষ ইতিহাস পাওয়া যায়নি।প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আলোচনা করেন এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম, প্রথমা প্রকাশনের পক্ষে প্রকাশক ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। নিজের প্রতিক্রিয়া জানান লেখক গোলাম মুরশিদ। সিরাজুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধ ও তারপর বইটির বিশেষ বৈশিষ্ট্য হলো, এটি একটানা পড়ে শেষ করা যায়। লেখক সাহসিকতার সঙ্গে মুক্তিযুদ্ধের ইতিহাসের অন্যতম প্রধান ব্যক্তিত্বদের গুণাবলি যেমন ব্যাখ্যা-বিশ্লেষণ করেছেন, তেমনি তাঁদের দুর্বলতার দিকগুলোও চিহ্নিত করেছেন। এই দুর্বলতার দিকগুলো আমরা অনেকেই জানি, কিন্তু তা প্রকাশ করি না। লেখক তা প্রকাশ করে নিরপেক্ষ অবস্থান থেকে ইতিহাস তুলে ধরার চেষ্টা করেছেন।’ তিনি বলেন, ‘স্বাধীনতার পরপরই আমাদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু যুদ্ধে বিধ্বস্ত একটি দেশে এই বিপুল প্রত্যাশা পূরণ করতে যে সময় দেওয়া দরকার ছিল, তা আমরা দিতে চাইনি।’গোলাম মুরশিদ বলেন, ‘আমাদের দেশে একটি সরকার বদল হলে পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাসও পাল্টে যায়। আমাদের তরুণেরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে না। অনেকে ইতিহাস জানেই না। মনে হয়, ভুঁইফোড়ের মতো হঠাত্ গজিয়ে গেছে। এই প্রজন্মের কথা ভেবেই আমি মুক্তিযুদ্ধের একটি দলনিরপেক্ষ ইতিহাস লিখতে উদ্যোগ নিই।’ তিনি বলেন, ‘আমি জ্ঞানত কোনো তথ্য বিকৃত না করে যথাযথভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি।’ এই দিনটিকে একটি বিশেষ দিন উল্লেখ করে মতিউর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু হত্যার ২১ বছর পর বিচারের কাজ শুরু হয়েছিল। প্রায় ১৩ বছর বিচার চলার পর এখন আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এই বিশেষ দিনে মুক্তিযুদ্ধের একটি নিরপেক্ষ ইতিহাসবিষয়ক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান এবং এ প্রসঙ্গে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আলোচনা অত্যন্ত তাত্পর্যপূর্ণ।’ তিনি বলেন, ‘তরুণ প্রজন্ম এই বইয়ে সঠিক ইতিহাস জানতে পারবে।’ সভাপতির বক্তব্যে সৈয়দ আনোয়ার হোসেন বলেন, ‘আমাদের এখন সঠিক ঠিকানায় পৌঁছানো প্রয়োজন। আমাদের এখানে রাজনীতি আছে, ইতিহাস নেই। ইতিহাসের ওপর রাজনীতির আগ্রাসন চলছে। রাজনীতিমুক্ত ইতিহাসচর্চার ধারা এই বইটির মাধ্যমে শক্তিশালী হবে।’ তিনি বইটি নিয়ে দীর্ঘ আলোচনা করেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের নিরপেক্ষ ইতিহাস রচনার পাশাপাশি এই যুদ্ধের মনঃসমীক্ষণিক ইতিহাস রচনারও প্রয়োজনীয়তা রয়েছে। সে সময় কার কেমন মানসিক অবস্থা ছিল, বিষয়টিকে কে কোন দৃষ্টিভঙ্গি থেকে বিচার-বিশ্লেষণ করেছেন, সেসব বিষয়ও তুলে আনা প্রয়োজন।’