‘মুক্তিযুদ্ধের শেষ নাই যুদ্ধাপরাধীর ক্ষমা নাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল’ গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের শিল্পীরা। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তখন বহু মানুষের জমায়েত। মঞ্চে অন্যদের সঙ্গে মুক্তিযুদ্ধে নিখোঁজ বরেণ্য ব্যক্তিদের স্বজনেরা। সবাই এসেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত জাতির চিরগৌরবময় মহান বিজয় উৎসবে শামিল হতে।সম্মিলিত সাংস্কৃতিক জোট প্রথম বিজয় উৎসবের আয়োজন করে ১৯৯০ সালের ডিসেম্বরে। এর পর থেকে প্রতিবছর নিয়মিত। জোটের এই আয়োজন মুক্তিযুদ্ধের মহান বিজয়ের উৎসবে অন্যতম প্রধান অনুষঙ্গে পরিণত হয়েছে। আর মাত্র এক দিন পর বিজয় দিবস। দিনটি সামনে রেখে গতকাল মঙ্গলবার শুরু হয়েছে বিজয় উৎসব। এবারের স্লোগান ‘মুক্তিযুদ্ধের শেষ নাই, যুদ্ধাপরাধীর ক্ষমা নাই’।মঙ্গলবার বিকেলে অনুষ্ঠানের শুরুতে শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন শেষে ‘ভয় কী মরণে’ গানটির সঙ্গে বেদির সামনে রাখা ৪০টি আলোর মশাল জ্বালিয়ে উৎসবের উদ্বোধন করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিখোঁজ বুদ্ধিজীবীদের পরিবারের সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন সারা আরা মাহমুদ, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জাহীদ রেজা নূর, পার্থ মজুমদার, আমেনা খাতুন, শমী কায়সার, অনল রায়হান প্রমুখ।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। উৎসবের ঘোষণাপত্র পাঠ করেন আবৃত্তিকার আহ্কামউল্লাহ। জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, গোলাম কুদ্দুছ, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, মান্নান হীরা, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, কবি মুহম্মদ সামাদ। ধন্যবাদ জ্ঞাপন করেন জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ।উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণায় বলা হয়, ‘৪০ বছর ধরে আমরা মানবতাবিরোধী অপরাধের জন্য দায়ী যুদ্ধাপরাধীদের দাবি করে আসছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশের শুভবুদ্ধিসম্পন্ন প্রতিটি মানুষ যুদ্ধাপরাধীদের রক্ষার ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেবে। কলঙ্কমুক্ত হবে জাতি, সান্ত্বনা পাবে শহীদের সন্তানেরা।’