‘মুক্তিযুদ্ধের সংস্কৃতি উৎসব’ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ আর অশ্রুর মিশেলে একাত্তরে যে বিজয়, তা আমাদের চিরগৌরবের ইতিহাস। নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম শেষে বিশ্বের মানচিত্রে যে বাংলাদেশের জন্ম হয়েছিল, সেই কাঙ্ক্ষিত বিজয়ের এবার ৪০ বছর পূর্তি। এই সংগ্রামের ইতিহাসজুড়ে রয়েছে নাম জানা-অজানা অগণিত মানুষের স্বজন হারানোর বেদনা। বিজয়ের ৪০ বছরে জাতি আজ যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে ঐক্যবদ্ধ। তারা স্বাধীনতার মূল্যবোধ বুকে ধারণ করে নির্মাণ করতে চায় নতুন এক বাংলাদেশ।এমন প্রত্যয় আর অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার শুরু হলো মহাকাল নাট্য সম্প্রদায়ের ‘মুক্তিযুদ্ধের সংস্কৃতি উৎসব’। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীতে সপ্তাহব্যাপী উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন নাট্যজন আতাউর রহমান, নাসির উদ্দীন ইউসুফ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর জাহিদ হাসান।একই সঙ্গে এ উৎসবের অংশ হিসেবে জাতীয় নাট্যশালার লবিতে নাট্যগবেষক বাবুল বিশ্বাস সংগৃহীত মুক্তিযুদ্ধের নাটকের পোস্টার, স্মরণিকা, আলোকচিত্র এবং মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিকেলে এ প্রদর্শনীর উদ্বোধন করেন নাসির উদ্দীন ইউসুফ।উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় লোকনাট্যদলের (সিদ্ধেশ্বরী) নাটক মুজিব মানে মুক্তি। নাটকটির নির্দেশনা দিয়েছেন লিয়াকত আলী। আজ শুক্রবার সাইমন জাকারিয়া রচিত ও নাসির উদ্দীন ইউসুফ নির্দেশিত বিনোদিনী নাটকের শততম মঞ্চায়ন হবে। আজ থেকে আরও শুরু হচ্ছে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, সন্ধ্যায় শিশু নাট্যদলের নাটক, মূকাভিনয়। আর বিকেলে শিল্পকলা একাডেমীর মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের গান, গণসংগীত এবং মুক্তিযুদ্ধের কবিতা নিয়ে একক ও দলীয় আবৃত্তি।