গত মৌসুমের মাঝামাঝি এসে মোহামেডানের হয়ে করেছিলেন ১২ গোল। এবার মুক্তিযোদ্ধায় নাম লেখানো সানডে সিজোবা করলেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই মৌসুমে প্রথম হ্যাটট্রিক। ম্যাচ শেষে অন্যদের চেয়ে স্বাভাবিকভাবেই একটু বেশি উচ্ছ্বসিত ছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার লিগের প্রথম হ্যাটট্রিক করে দলকে জেতালেন, নিশ্চয়ই দারুণ অনুভূতি?সানডে: অসাধারণ লাগছে। এই হ্যাটট্রিকের জন্য দলের সবাইকেই আমি ধন্যবাদ জানাই। ঈশ্বরকেও ধন্যবাদ যে লিগের প্রথম হ্যাটট্রিকটা আমি করতে পেরেছি। আসলে সবাই আজ (গতকাল) আমাকে গোল পেতে সাহায্য করেছে। এ জন্যই হ্যাটট্রিকটা হয়ে গেল। গত মৌসুমের দ্বিতীয় পর্বে শেখ জামাল ধানমন্ডি ক্লাব আপনাকে এনেও শেষ পর্যন্ত নেয়নি। এরপর মোহামেডানে নাম লিখিয়ে ভাঙাচোরা দলকে টেনে তুললেন... সানডে: এসব এখন অতীত। পুরোনো কথা এখন আর মনে করতে চাই না। এখন আমি মুক্তিযোদ্ধার খেলোয়াড়। মুক্তিযোদ্ধাকে চ্যাম্পিয়ন করতে চাই। এটাই আমার স্বপ্ন। আমি গোল করব এবং দল চ্যাম্পিয়ন হবে, এটাই আমি চাই। এই মৌসুমে কতগুলো গোল করতে চান?সানডে: নির্দিষ্ট করে গোল সংখ্যা বলতে পারব না। তবে এই মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হতে চাই। সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে বিশেষ কাউকে প্রতিদ্বন্দ্বী দেখেন?সানডে: জানি না কে আমার প্রতিদ্বন্দ্বী হবে। তবে আমি নিজের কাজটা করে যাব। গোল করব নিজের জন্য, দলের জন্য। এখানে যে কেউ আমার প্রতিদ্বন্দ্বী হতে পারে। গত তিন ম্যাচের চেয়ে আরামবাগের বিপক্ষেই মনে হলো আসল সানডেকে দেখা গেল। রহস্য কী?সানডে: রহস্য-টহস্য কিছুই না। আমি গত ম্যাচগুলোতেও ভালোই খেলেছি। তবে গোল পেতে ভাগ্যেরও কিছুটা সাহায্য লাগে। কিন্তু গত মৌসুমে মোহামেডানের হয়ে পুরো সময় দারুণ খেলেছিলেন। ওটাই তো এবার শুরু থেকে পাওয়া যাচ্ছিল না।সানডে: সত্যি বলেছেন। এবার শুরু থেকে মনের মতো খেলতে পারছিলাম না। তবে ধীরে ধীরে নিজেকে ফিরে পাচ্ছি। আমি জানি, এ জন্য আরও বেশি কাজ করতে হবে। নিজের উন্নতির জন্যই এটা দরকার। ভালো দল গড়েও মুক্তিযোদ্ধা ফেডারেশন কাপে ব্যর্থ। লিগ চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? সানডে: আমি আশাবাদী। এবার দলটা খুবই ভালো হয়েছে। আশা করি ধারাবাহিক ভালো খেলতে থাকলে আমরাই চ্যাম্পিয়ন হব। শিরোপা দৌড়ে মুক্তিযোদ্ধার প্রতিদ্বন্দ্বী কে হতে পারে?সানডে: আমি মনে করি প্রতিটি ম্যাচই বড় ম্যাচ। প্রত্যেকেই এখানে ভালো খেলার জন্য মাঠে নামে। ছোট দল, বড় দল বলে কিছু নেই। সবাই ভালো খেলার চেষ্টা করে। শিরোপা দৌড়ে কারা প্রতিদ্বন্দ্বী হবে, সেটা তাই বলতে পারব না। খেলা এবং অনুশীলন না থাকলে কী করেন?সানডে: গান শুনি, ফেসবুকে বসি। সতীর্থদের সঙ্গে মজা করতে, কৌতুক বলতে, সবাইকে হাসিখুশি রাখতে পছন্দ করি। অনেকেই আমাকে আড়ালে ‘জোকার’ বলে ডাকে। গোলের পর বিচিত্র নাচে গোল উদ্যাপন করেন। এটা কেন? সানডে: আসলে গোল করার আনন্দে ভুলে যাই কেমনভাবে সেটা উদ্যাপন করছি। তবে এটা নিয়ে অনেক কথা হচ্ছে। এরই মধ্যে অনেকেই সতর্ক করেছে। ভাবছি পরের ম্যাচগুলোতে নিজেকে একটু সংযত করব। দেশে কারোর সঙ্গে কি কথা হয়েছে?সানডে: এখনো হয়নি, তবে মায়ের সঙ্গে কথা বলব। মা আমার ফুটবলের বড় ভক্ত। তিনিই আমাকে ফুটবলে এনেছেন। আজকের হ্যাটট্রিক মাকেই উৎসর্গ করেছি।