‘মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন করাদণ্ডের যে রায় আজ দেওয়া হয়েছে, তাতে বিশিষ্ট নাগরিকদের অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। কেউ কেউ বলেছেন, অপরাধের ধরন ও রায়ের মধ্যে সামঞ্জস্য নেই। আবার কেউ বলেন, এই রায় জনতার রায় নয়। এই রায়ে একাত্তরের শহীদ মুক্তিযোদ্ধাদের অবমাননা করা হয়েছে। প্রথম আলো ডটকমকে দেওয়া দেশের বিশিষ্টজনদের প্রতিক্রিয়া:অধ্যাপক আনিসুজ্জামান: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমি বিচার চেয়েছি এবং বিচার পেয়েছি। এটাই আমার কাছে বড় কথা। আমি কারও বিরুদ্ধে বিশেষ শাস্তি দাবি করিনি। সুতরাং বিজ্ঞ বিচারপতিরা আইনি প্রক্রিয়ায় যে শাস্তি নির্ধারণ করেছেন, আমি তা সুবিচার হিসেবেই মেনে নিয়েছি।’মফিদুল হক: রায় শুনতে এসে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক প্রথম আলো ডটকমকে বলেন, ‘কাদের মোল্লার বিরুদ্ধে ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটিই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। কিন্তু অপরাধের ধরন, ভয়াবহতা ও নিষ্ঠুরতার সঙ্গে রায়ের সামঞ্জস্য আছে কি না, তা নিয়ে প্রশ্ন আছে।’মুনতাসীর মামুন: বিশিষ্ট ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসীর মামুন রায়ের প্রতিক্রিয়ায় বলেন, ‘ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে আমাদের বক্তব্য নেই। কিন্তু এই রায় আমার কাছে অগ্রহণযোগ্য। এই রায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, ৩০ লক্ষ শহীদকে, ছয় লক্ষ বীরাঙ্গনাকে, মুক্তিযোদ্ধাদের, এমনকি বাংলাদেশের জন্মকে অপমান করা হয়েছে। আমি বিজ্ঞ বিচারকদের কাছে জানতে চাই, কত জনকে হত্যা করলে মৃত্যুদণ্ড দেওয়া যেতে পারে?’ সুলতানা কামাল: মানবাধিকারকর্মী এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘এত দিন কাদের মোল্লা মানুষের চোখে মানবতাবিরোধী অপরাধী হিসেবে চিহ্নিত ছিল। কিন্তু এই রায়ের মাধ্যমে তার অপরাধ প্রমাণিত হলো। এর মাধ্যমে তাদের অনুশোচনা হোক। তারা জেনে নিক, মানুষ তাদের মানবতাবিরোধী অপরাধী হিসেবে ঘৃণাই করে। আমাদের দেশের সাধারণ মানুষের দাবি ছিল মৃত্যুদণ্ড। সে ক্ষেত্রে ট্রাইব্যুনাল যেহেতু যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। আমরা চাই এই রায়গুলো কার্যকর হোক।’আনোয়ার হোসেন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেন রায়ের তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘অনেক আশা নিয়ে রায় শুনতে এসেছিলাম। রায়ে একেবারেই সন্তুষ্ট হতে পারিনি। এ রায়ের বিরুদ্ধে আপিল করা উচিত। ছয়টি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পরও কাদের মোল্লার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ডের যে রায় দেওয়া হয়েছে, তাতে আমি হতাশ হয়েছি।’ নাসির উদ্দীন ইউসুফ: সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলব এ রায় আমাদের প্রত্যাশা পূরণ করেনি। মামলার অভিযোগ থেকে জানা যায়, বিভিন্ন ভয়াবহ অপরাধের সঙ্গে কাদের মোল্লার জড়িত থাকার প্রমাণ মিলেছে। তার পরও এ রায়ে কেন মৃত্যুদণ্ড দেওয়া হল না—এটাই আমাদের প্রশ্ন। সাধারণ জনগণ, মুক্তিযোদ্ধারা, শহীদ পরিবার এবং নতুন প্রজন্ম এ রায় প্রত্যাশা করেনি। এখন আমাদের শঙ্কা যাদের মামলা বিচারাধীন, তাঁদের প্রকৃত সাজা হবে তো?’ রায়ের পেছনে আওয়ামী লীগ ও জামায়াতের কোনো আঁতাত আছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এমন ঘটনা ঘটলে কঠোর আন্দোলন চালিয়ে যাব।’