‘মুখ দেবে যায়, আহারও দেবে তায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুপি কিংবা হারিকেনই রাতের অন্ধকার দূর করার ভরসা। সন্ধ্যা হলেই তাই ঘুমে ঢলে পড়ে পুরো গ্রাম। রাস্তাঘাট নেই। তাই চাইলেও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে যাওয়া হয় না এখানকার শিশুদের। লেখাপড়ার বালাই নেই, তাই বাল্য বিয়েও ঘটছে হরদম। অভাব এখানকার বাসিন্দাদের নিত্যসঙ্গী। এটি রংপুরের তারাগঞ্জের সয়ার ইউনিয়নের নদীর পাড় গ্রামের চিত্র।এলাকাবাসী জানায়, উপজেলা সদর থেকে ছয় কিলোমিটার দূরের এ গ্রামের লোকসংখ্যা হাজারখানেক। উঁচু-নিচু, আঁকা-বাঁকা মাটির রাস্তা পেরিয়ে পৌঁছাতে হয় এ গ্রামে। রাস্তার দুরবস্থায় কোনো রিকশা-ভ্যানও যায় না এখানে। সামান্য বৃষ্টিতে তাই জুতা বা সেন্ডেল হাতে নিয়ে কিংবা শুকনার সময় ধুলা মাড়িয়ে হেঁটেই পৌঁছাতে হয় এখানে।সরজমিনে জানা গেছে, গ্রামের পাশেই বুড়ীরহাটে প্রাথমিক বিদ্যালয় থাকলেও সচেতনতা আর অর্থনৈতিক টানাপোড়েনের কারণে এখানকার বেশির ভাগ শিশু বিদ্যালয়ে যায় না। তার চেয়ে তারা বাবা-মায়ের সঙ্গে শিশু বয়সেই উপার্জনে নেমে পড়ে। জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে তাদের নেই কোনো মাথাব্যথা।গ্রামের নিরক্ষর জয়নাল আবেদীন (৩২) বলেন, ‘মুইতো এক বাপের এক বেটা। মোর ডালপালার দরকার। ছইল মোর যত হইবে ততই ভাল। বেশি ছওয়াল হইলে শেষ বয়সে কষ্ট হয় না। ছওয়া কামাই করি খাওয়ায়।’পাঁচ সন্তানের জননী সিদ্দিকা খাতুন (৩৭) বলেন, ‘ভাইজান, ছওয়াল তো আল্লায় দেয়। মুখ দেবে যায়, আহারও দেবে তায়।’ দিনমজুর মোজাম্মেল হক (৪০) বলেন, ‘হামার গ্রামোত কোন কাম-কাজ নাই। হাত-পাও গুটি ছয় মাসে বসি থাইকবার নাগে। অভাব-অনটনের জন্য হামরা ছেলেমেয়েক লেখাপড়া শিখবার পাইছি না। কম বয়সে বিয়া দেইছি।’গ্রামের তরুণ জিকরুল হক বলেন, এখানের মূল সমস্যা যোগাযোগব্যবস্থা নিয়ে। একটু বৃষ্টি হলে গ্রামে ঢোকার সরু রাস্তাটাও তলিয়ে যায়।কৃষক আনছার আলী (৪৫) বলেন, ‘ভোট আইলে সবায় হামার গ্রাম আইসার রাস্তাকোনা পাকা আর গ্রামোত কারেন আনি দিবার চায়। কিন্তুক হামার গ্রামোত কারেনও আইসে না, রাস্তাকোনাও পাকা হয় না। ভোট নিয়া ক্ষমতায় গিয়া সব ভুলি যায় সগলে।’গ্রামের ৭০ বছরের বৃদ্ধা আয়মনা বলেন, ‘হামার গ্রামকোনার নাম নদীর পাড় নোয়ায়। এলা সবায় কয় গেদরা পাড়া। এক হাঁটু প্যাকের জন্যি হামার গ্রামোত কায়ও আইসবার চায় না।’ইউপি সদস্য আবদুল হামিদ বলেন, গ্রামে এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ারও রাস্তা নেই। গ্রামে ঢোকার একমাত্র সরু রাস্তাটা মেরামত করা হলেও প্রতিবছর বন্যায় তা ভেঙে যায়। ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, ইউনিয়নের সবচেয়ে অবহেলিত গ্রাম এটি। এখানে যাওয়ার সরু রাস্তাটি পাকা ও বিদ্যুৎসংযোগের ব্যবস্থা করা গেলে গ্রামটির অবস্থা বদলে যাবে।উপজেলা চেয়ারম্যান নরুন্নবী দুলাল বলেন, ‘কয়েক দিন আগে গ্রামটির কয়েকজন আমাকে তাদের দুঃখ-দুর্দশার কথা বলেছে। কীভাবে গ্রামটিতে যাওয়ার রাস্তা সংস্কার ও বিদ্যুৎসংযোগের ব্যবস্থা করা যায়, তা ভাবা হচ্ছে।