‘মুজাহিদের ইশারায় গুলি, ১০-১২ জনের সঙ্গে বাবাও মারা যান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল মঙ্গলবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ১৩তম সাক্ষী শক্তি সাহা (৫৭)। জবানবন্দিতে তিনি বলেন, মুক্তিযুদ্ধকালে মুজাহিদের ইশারায় গুলি হয়, গুলিবিদ্ধ হয়ে অন্য ১০-১২ জনের সঙ্গে তাঁর বাবাও মাটিতে লুটিয়ে পড়ে মারা যান।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শক্তি সাহার জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান।জবানবন্দিতে শক্তি সাহা বলেন, তাঁর বাড়ি ফরিদপুরের কোতোয়ালি থানার গোয়ালচামট ওয়েস্টার্ন পাড়ায়। খাবাসপুরের আবদুল আলীর ছেলে মুজাহিদ ও মেম্বার শামসুল মোল্লাসহ আরও অনেকে সেখানে বাস করতেন। তিনি তাঁদের ছেলেবেলা থেকে চেনেন, তাঁরাও তাঁকে চেনেন। একাত্তরের ২১ এপ্রিল তাঁদের পরিবার বাকচর গ্রামে বোন রানী সাহার শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। সাত দিন পর শহর থেকে বিহারিসহ কিছু লোক বাকচরে তাঁর বোনের বাড়িতে লুটপাট করে আগুন দেয়। তাঁরা প্রাণের ভয়ে পাশের গ্রামে চলে যান ও রাতে ফিরে আসেন।শক্তি সাহা বলেন, ২৯ বৈশাখ সকালে তিনি খলিলপুর বাজারে যান। সে সময় একটি খোলা জিপে মুজাহিদ, আলাউদ্দিন খাঁ ও মৌলভী জলিল চেয়ারম্যান শান্তি কমিটি গঠনের উদ্দেশ্যে ওই বাজারে বোর্ড অফিসে যান। এসব দেখে তিনি বোনের বাড়ি যান। ক্ষুধা লাগলে তিনি গাব খাওয়ার জন্য গাছে ওঠেন। গাছে থাকা অবস্থায় তিনি দেখেন, মুজাহিদ ও অন্যরা বেলা দুইটা-আড়াইটার দিকে বাকচরের বিনয় সরকারের বাড়ির সামনে জিপ থেকে নামেন। মুজাহিদের হাতে রিভলবার এবং বিহারিদের হাতে রাইফেল ছিল। তাঁরা তাঁর বাবা উপেন্দ্র নারায়ণসহ কয়েকজনকে পিঠমোড়া করে বেঁধে আনেন। তাঁর মা ও বোন তাঁদের কাছে স্বর্ণ দিয়ে বাবার প্রাণভিক্ষা চান, তাঁরা বাবাকে ছেড়ে দেবেন বলে জানান। এরপরও বাবাকে কাছেই পঞ্চবটীতলায় শ্রীঅঙ্গনে নিয়ে ১০-১২ জনের সঙ্গে দাঁড় করায়। তখন মুজাহিদ কিছু একটা বলে ইশারা দেন এবং তারপর বেশ কয়েকটি গুলির আওয়াজ হয়।কাঁদতে কাঁদতে রাষ্ট্রপক্ষের সাক্ষী বলেন, গুলির পর তাঁর বাবাসহ অন্যরা মাটিতে লুটিয়ে পড়েন। এর আধা ঘণ্টা পর গাছ থেকে নেমে দেখেন, তাঁর বাবা শহীদ হয়ে মাটিতে পড়ে আছেন। ওই ঘটনায় নিহত অন্যদের মধ্যে নৃপেন সিকদার, বীরেন সাহার নাম মনে আছে। পরে তিনিসহ ওই এলাকার অনেক হিন্দু প্রাণভয়ে ভারতে গিয়ে শরণার্থীশিবিরে আশ্রয় নেন।শক্তি সাহা বলেন, ওই ঘটনার সময় গোয়ালন্দ থেকে তাঁর বোনের বাড়িতে আসা ঝর্না নামের এক মেয়েকে বিহারিরা ধর্ষণের পর গুলি করে হত্যা করে। ননিতা নামের এক মেয়েকেও ধর্ষণের পর গুলি করে হত্যা করা হয়।জবানবন্দির শেষ পর্যায়ে আসামির কাঠগড়ায় থাকা মুজাহিদকে শনাক্ত করেন শক্তি সাহা। জবানবন্দি শেষে আসামিপক্ষের আইনজীবী গাজী মোহাম্মদ তামিম সাক্ষীকে দুটি প্রশ্ন করার পর এ মামলার কার্যক্রম ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।তদন্ত কর্মকর্তাকে জেরা: একই ট্রাইব্যুনালে গতকাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে চতুর্থ দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। জেরা চলাকালে আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন। আজ বুধবার আবারও জেরা হবে।এই মামলায় আসামিপক্ষের সাক্ষীদের তালিকা নির্দিষ্ট করে দিতে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে গতকাল শুনানি হয়। শুনানিতে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক আসামিপক্ষের ৫০ শতাংশের বেশি সাক্ষী রাখার আরজি জানান। ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনাল প্রয়োজন মনে করলে সব দেবেন। এ বিষয়ে আদেশের জন্য আজ দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।