‘মুজাহিদের বিরুদ্ধে রাজনৈতিক কারণে অভিযোগ আনা হয়েছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুজাহিদের বিরুদ্ধে রাজনৈতিক কারণে অভিযোগ আনা হয়েছে বলে দাবি করেছেন তাঁর আইনজীবী আবদুর রাজ্জাক। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি চলাকালে তিনি এ কথা বলেন।এদিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত ট্রাইব্যুনালের কাছে অতিরিক্ত একজন সাক্ষী ও নতুন একটি অভিযোগ গঠনের আবেদন জানালে ট্রাইব্যুনাল ৩১ মে শুনানির দিন ধার্য করেন। আজ বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই দিন ধার্য করেন। মুজাহিদ এ সময় আসামির কাঠগড়ায় উপস্থিত ছিলেন।আজ আসামিকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে যুক্তি উপস্থাপন করেছে আসামি পক্ষ। আসামি পক্ষের আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, মুজাহিদের বিরুদ্ধে রাজনৈতিক কারণে অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, ১৯৯৫ ও ১৯৯৬ সালে বিএনপি সরকারে থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে আন্দোলনের সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াত ইসলাম একসঙ্গে কাজ করেছে ও একাধিক বৈঠক করেছে। যেখানে জামায়াত ইসলামের প্রতিনিধিত্ব করেছেন মুজাহিদ। কিন্তু আজ রাজনৈতিকভাবে বিপক্ষ দল হওয়ার কারণে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। আজ আসামি পক্ষের আইনজীবী রাষ্ট্রপক্ষের কৌঁসুলির বেশ কিছু অভিযোগের বিপক্ষে যুক্তি দেন। বেলা একটা পাঁচ মিনিটে তিনি অন্যান্য অভিযোগ খণ্ডনের জন্য ট্রাইব্যুনালের কাছে সময় চেয়ে আবেদন করলে ট্রাইব্যুনাল আগামীকাল পর্যন্ত কার্যক্রম মুলতবি করেন।