ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছিল সকাল থেকে। তবে খুব ভারী নয়। আকাশ ধোঁয়াটে মেঘে ঢাকা। এ বৃষ্টি সহজে থামার নয়। বাগেরহাট জেলার মোরেলগঞ্জের কাপড় ব্যবসায়ী আফজাল হোসেন হাওলাদার তাই সময় নষ্ট করতে চান না। শুক্রবার রাতে তিনি গোপালগঞ্জে এসে উঠেছিলেন আত্মীয়বাড়ি। গতকাল শনিবার সকালে ই-বাইকে করে গোপালগঞ্জ শহর থেকে সোজা চলে এসেছেন টুঙ্গিপাড়ায়। মধ্যবয়সী এই ব্যবসায়ীর এবারই প্রথম এখানে আসা। সঙ্গে এসেছে বন্ধু সমর পাণ্ডে। হাতে ডিজিটাল ক্যামেরা। বঙ্গবন্ধুর প্রমাণ আকারের ছবির পাশে দাঁড়িয়ে আফজাল বন্ধুকে বলছিলেন, ‘ছবিখান ভালো করে তুলবি। মাইষেরে যে কত ভালোবাসিছে। তারে এমনে খুন করল! আমরা এখন তারে কী দিয়া ভালোবাসি, বল দেকিনি।’ কেমন যেন অস্থির মনে হলো আফজালকে।টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের পূর্ব দিকের প্রধান ফটক পার হলেই মসজিদ চত্বর। উত্তর দিকে মসজিদ। চত্বরে শামিয়ানা টানানোর কাজ চলছে। পাশেই ক্যাফেটেরিয়া। দক্ষিণে কয়েকটি হালকা খাবারের দোকান ও উন্মুক্ত মঞ্চ। পশ্চিমে দোতলা পাঠাগার ভবন। তার নিচের তলায় বইয়ের সারি সারি র্যাক। ওপরের তলায় সংগ্রহশালা। দেয়ালজুড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন সময়ের ছবি। এর পাশাপাশি আছে মুক্তিযুদ্ধের ছবি। একদিকের দেয়ালজুড়ে পলাশীর যুদ্ধ থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির আন্দোলন-সংগ্রামের কালানুক্রমিক উল্লেখযোগ্য ঘটনাবলির বিবরণ ও সংশ্লিষ্ট আলোকচিত্র। এখানেই বঙ্গবন্ধুর ছবির পাশে দাঁড়িয়ে ছবি তুলছিলেন আফজাল হোসেন। কেবল ছবিগুলোই নয়, তাঁর আবেগতাড়িত হওয়ার আরও একটি কারণ সম্ভবত ঘরের উত্তর দিকে কাচের আচ্ছাদনে ঢাকা একটি বিশালকার কফিন। কফিনের ওপরে সাদা কালিতে দুই লাইনের লেখা ‘কফিন/বঙ্গবন্ধু’। আফজাল বলছিলেন, ‘কফিন রাখিছে। সেই বন্দুকটিও রাখতি পারত। যে বন্দুকের গুলিতে বঙ্গবন্ধু শহীদ হইছেন।’ আফজাল সরাসরি রাজনীতি করেন না। স্রেফ বঙ্গবন্ধুকে ভালোবাসেন। এত দিন তিনি টুঙ্গিপাড়ায় আসেননি। কারণ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে, তারা দিব্যি বেঁচেবর্তে সুখে-শান্তিতে আছে—এই দুঃখ-ক্ষোভ থেকে। খুনিদের কয়েকজনের অন্তত সাজা কার্যকর হওয়ায় এবার খুশিমনে এসেছেন শ্রদ্ধা জানাতে।বৃষ্টির মধ্যেই সমাধি চত্বরে জাতীয় শোক দিবসের প্রস্তুতির কাজ চলছিল। টুঙ্গিপাড়া উপজেলা কার্যালয় থেকে সোজা একটি রাস্তা চলে গেছে বঙ্গবন্ধুর সমাধির প্রধান প্রবেশপথের সামনে দিয়ে। উত্তর ও দক্ষিণ দিকেও রয়েছে দুটি প্রবেশপথ। সেনা, র্যাব, পুলিশের কড়া প্রহরা প্রতিটি পথে। তবে গতকাল সমাধি প্রাঙ্গণে আসতে কোনো অনুমতিপত্রের প্রয়োজন হয়নি। আশপাশের বাসিন্দা ছাড়াও দূর-দূরান্ত থেকে বঙ্গবন্ধুর ভক্ত, আওয়ামী লীগের নেতা-কর্মী, মন্ত্রী ও সাংসদেরা এসেছিলেন।প্রধান ফকট দিয়ে ঢুকলে মসজিদ চত্বর পার হয়ে লম্বা লাল ইট বিছানো পথ দিয়ে বেশ খানিকটা এগোতে হবে। দুই পাশে ফুলগাছের সারি। বাঁধানো পুকুর। গাছপালার ফাঁকফোকর দিয়ে টিনের দেয়াল, টিনের ছাউনি দেওয়া স্থানীয় বাসিন্দাদের বাড়ি। তারপর চোখে পড়বে সমাধির গম্বুজ। সামনে নারকেল ও কড়ইগাছ। উত্তর দিকে বাগানবিলাসের ঝাড়। পশ্চিমে বাঁশের কেয়ারি দিয়ে ঘেরা ছোট্ট একটি চমৎকার বাগান। পাশেই তিনতলা ঘর। এখানেই ছিল বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি। সেটি ছিল টিনের ছাউনি দেওয়া আধাপাকা ঘর। পরে সেখানে বঙ্গবন্ধু একটি একতলা পাকাঘর করেছিলেন। এর সামনেই এখন বাবা-মায়ের পাশে তাঁর চিরকালের শয্যা পাতা।মন্ত্রিসভার সদস্যরা সেখানে গতকাল পুষ্পস্তবক অর্পণ করলেন বেলা একটায়। তিন বাহিনীর একটি দল গার্ড অব অনারের চূড়ান্ত মহড়া করল। মহড়ার বিউগলের প্রতিধ্বনি ছড়িয়ে পড়েছিল ভেজা বাতাসে। আবদুল হাই শেখের বাড়ি থেকে সেই শব্দ বেশ শোনা যায়। ঘরেই ছিলেন তিনি। অসুস্থ বলে চলাফেরা একরকম বন্ধ। তিনিই তো বঙ্গবন্ধুর কফিন কাঁধে করে বয়ে এনেছিলেন থানার সামনে থেকে। হাসপাতাল থেকে রিলিফের শাড়ি এনে তাঁর পাড় ছিঁড়ে কাফন তৈরি করেছিলেন। গোর দিয়েছেন নিজ হাতে। খুনিদের ফাঁসির পর এই প্রথম বঙ্গবন্ধুর মৃত্যু দিবস পালিত হচ্ছে। শোকের দিনেও এবার তাই আনন্দই হচ্ছে তাঁর, কারণ ‘খুনিদের ফাঁসি দেখে যাতি পালাম’।‘মোট ২৯টে গুলি লাগিছিল গায়ে’। আবদুল হাই শেখ তখন ২২ বছরের যুবক। চাকরি করতেন টুঙ্গিপাড়ায় হাসপাতালের ওয়ার্ডবয় হিসেবে। বঙ্গবন্ধুই চাকরি দিয়েছিলেন। তিনি ও তাঁর স্ত্রী মুন্নুুজান বেগম জানালেন, ১৯৭৫-এর ১৫ আগস্টের ঘটনা। তাঁদের একটি রেডিও ছিল। ফজরের নামাজের পর রেডিওতে শুনলেন ঘোষণা হচ্ছে, ‘স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে।’ শুনে তো তাঁদের জান চমকে উঠেছিল। হত্যা না হয় করল, কিন্তু বঙ্গবন্ধুকে ‘স্বৈরাচারী’ বলা হচ্ছিল কেন, সেটাই তাঁরা বুঝতে পারছিলেন না। নানা সন্দেহ নিয়েই সকালে হাসপাতালে গেলেন তিনি। থানা থেকে খবর এল হাসপাতালেই থাকতে হবে। দুপুর দুইটায় থানার সামনে এল হেলিকপ্টার। পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলেছে। হাসপাতাল থেকে তাঁদের ১২ জন ওয়ার্ডবয়কে ডেকে নিয়ে থানার সামনে থেকে কফিনটি তুলে দেওয়া হলো কাঁধে। চারপাশে সেনাবাহিনীর লোক। দারুণ ভারী কফিন। তাঁরা বয়ে আনলেন বঙ্গবন্ধুর বাড়ির সামনে। পাশেই ছিল আইয়ুব মিস্ত্রির বাবার কারখানা। আইয়ুব ও তাঁর বাবাকে ডেকে আনা হলো কফিন খোলার জন্য।ভেতরে ছিল বরফের বড় বড় চাকা। সেগুলো সরাতেই লুঙ্গি-গেঞ্জি পরা বঙ্গবন্ধুর নিথর দেহ। গলার নিচ থেকে দুই পায়ের হাঁটুর ওপর পর্যন্ত ২৯টি গুলির আঘাত। সবচেয়ে বড় ক্ষতটি ডানপাশের কোমরের কাছে। তাতে হাতের মুঠো ঢুকতে পারে এমন। বাঁ পাশ দিয়ে সেই গুলি বের হয়ে গিয়েছিল। বাঁ পায়ের গোড়ালিতে ছিল একটি বড় ক্ষত। আর তাঁর সেই বিখ্যাত তর্জনী, যেটি উঁচিয়ে তিনি বর্জনির্ঘোষ কণ্ঠে কখনো ধমক দিতেন পশ্চিমা শাসকদের, কখনো বাঙালিকে দিতেন দিকনির্দেশনা—সেই তর্জনীটি ছিল না ডান হাতে। তবে সঙ্গে ছিল চশমা আর তাঁর পাইপ।জানাজায় শরিক হয়েছিলেন ৩৯ জন। পুলিশ ধাওয়া করে এলাকা থেকে পুরুষদের তাড়িয়ে দিয়েছিল। ‘সাহসিকতা দেখায়ে কতক রইছেল। তারাই জানাজায় উপস্থিত ছেল,’ বলছিলেন আবদুল হাই শেখ। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার একজন সাক্ষীও ছিলেন।ওই দিনে গ্রামে কারও বাড়িতে হাঁড়ি চড়েনি—বললেন আবদুল হাই শেখের স্ত্রী মুন্নুজান বেগম। তাঁর বক্তব্য সহজ: দেশের অন্য এলাকার মানুষদের চেয়ে বঙ্গবন্ধুর প্রতি তাঁদের ভালোবাসাটা অনেক বেশি। সেই ভালোবাসার মানুষটিকে স্ত্রী-পুত্র-পরিবারসমেত এক রাতে মেরে ফেলল—এই বেদনা তো ছিলই, উপরন্তু ‘বঙ্গবন্ধু দেশে আইসলেও দেখতি পারলাম না’ এমন অনুশোচনা সেই বেদনাকে করে তুলেছিল আরও গভীর।টুঙ্গিপাড়াবাসীর সেই বেদনার ধারাই যেন বয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর সমাধির অদূরে বাইঘা নদীর স্রোতধারায়। এই বাইঘাতেই কৈশোরে সাঁতার কেটেছেন সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই নদীর কোলেই এসেছেন ফিরে অন্তিম আশ্রয়ে।গোলাকৃতির সাদা দেয়াল দিয়ে সমাধিসৌধটি ঘেরা। দেয়ালটি নিরেট নয়। চার কোণ ফোকরের বিশিষ্ট ঝালর আকৃতির। তার ওপরে অর্ধবৃত্তাকার গম্বুজ। ভেতরে আট কোণ সমাধিক্ষেত্র। মেঝে কালো টালি বিছানো। পূর্ব দিকে শেখ লুৎফর রহমান ও শেখ সাহেরা খাতুনের কবর পাশাপাশি। একটু পশ্চিম পাশেই ঘুমিয়ে আছেন তাঁদের ছেলে, বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান। আজ রোববার জনতার ঢল নামবে এখানে। মন্ত্রী, সাংসদসহ কত বিখ্যাত জন আসবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে। গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়া অব্দি বহু কালো তোরণ, কালো পতাকা কালো ব্যানার। তাতে লেখা ‘ওরা ভেবেছিল মুজিবকে মারলে হয়ে যাবে সব শেষ/ বুঝতে পারেনি ওরা মুজিব মানেই বাংলাদেশ।’ সেই বাংলাদেশ জাগছে, তিনি আছেন হূৎস্পন্দন হয়ে।