‘মুড়িগ্রাম’ খোকসার মাছুয়াঘাটা
রমজান মাসের আগে থেকেই ব্যস্ত হয়ে পড়ে কুষ্টিয়ার খোকসা উপজেলার মাছুয়াঘাটা গ্রামের নারীরা। উত্তপ্ত বালুতে চাল ভাজার চটপট শব্দে এখন মুখরিত ওই গ্রামের প্রতিটি বাড়ির উঠোনের পাশে তৈরি রান্নাঘর। এ জন্য ওই গ্রামকে অনেকে মুড়িপল্লি বলেও ডাকে। আর এই মুড়িপল্লির গৃহবধূদের দম ফেলবার সময় নেই এখন। এখানে সারা বছর মুড়ির ব্যবসা হলেও রমজান মাস তাদের জন্য পিক আওয়ার।খোকসা উপজেলা সদর থেকে দক্ষিণে গড়াই পাড়ের গ্রাম মাছুয়াঘাটা। প্রায় তিন যুগ ধরে নিম্নবর্ণের হিন্দু অধ্যুষিত পশ্চাৎপদ এ গ্রামের অধিকাংশ মানুষের জীবন-জীবিকা মুড়ি ভাজা ও বাজারজাতকরণের ওপর নির্ভরশীল। স্বাধীনতার পর এ গ্রামে বসবাসকারী কৃষকেরা কৃষিকাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। গ্রামের ষাটোর্ধ্ব কৃষক অভিমান্য মণ্ডল বলেন, গ্রামের ষাটটি পরিবারের মধ্যে হাতেগোনা ২-৩টি পরিবারের কয়েক বিঘা পতিত জমি রয়েছে। বাকিদের বসতভিটা ছাড়া কিছুই নেই। অনেকটা বাধ্য হয়ে তারা বেছে নেয় মুড়ি ভাজা ও বিক্রির ব্যবসা।গ্রামের সুশীল কুমার মণ্ডল স্থানীয় বিভিন্ন প্রজাতির ধানের মুড়ি তৈরির পর ফেরি করে বিক্রির মাধ্যমে এ ব্যবসার গোড়াপত্তন করেন। মুড়ির ব্যবসা লাভজনক হওয়ায় আস্তে আস্তে গ্রামের অনেকেই এ ব্যবসা শুরু করেন। গ্রামের অধিকাংশ মানুষ মুড়ি ভাজা ও ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ায় এক সময় এ গ্রামের নাম হয়ে যায় মুড়িপল্লি। এ পল্লির পুরুষেরা বাজার থেকে মুড়ির ধান কেনা এবং বাজারে মুড়ি বিক্রির কাজ করেন। ধান থেকে চাল তৈরিসহ মুড়ি ভাজার যাবতীয় কাজ করেন গৃহবধূরা। অনেকে অন্যের বাড়িতে মুড়ি ভেজেও জীবিকা নির্বাহ করেন।সরেজমিনে মুড়িপল্লির কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রথম অবস্থায় তাঁরা খোকসা, কুমারখালী, কুষ্টিয়া সদর, রাজবাড়ী, পাংশা, শৈলকূপাসহ আশপাশের হাটবাজারের ব্যবসায়ীদের কাছে মুড়ি পাইকারি বিক্রি করতেন। তবে রোজার সময় ইফতারি, পূজা-পার্বণ ও অতিথি আপ্যায়নে মাছুয়াঘাটার মুড়ির চাহিদা বেড়ে যায়। এখন প্রতি সপ্তাহে প্রায় ১০০ মণ চালের মুড়ি তৈরি করে বাজারজাত করে এ গ্রামের ব্যবসায়ীরা। ধানের দাম কিছুটা বাড়লেও এক মণ ধানের মুড়ি তৈরি করে বাজারজাত করলে ৭০০-৮০০ টাকা লাভ হয়।গ্রামের সুনীলের মুড়ির কারখানার বৃদ্ধা করুণা জানান, মুড়ি ভেজে যে টাকা পারিশ্রমিক পান, তা দিয়েই তিনি জীবিকা নির্বাহ করেন।এ গ্রামের নিপেন্দ্রনাথ অধিকারী বলেন, ‘এ ব্যবসায়ে লাভ আছে। কিন্তু পুঁজি-সংকটই আমাদের প্রধান সমস্যা।’গ্রামবাসী জানান, শহরের সঙ্গে এ পল্লির যোগাযোগের একমাত্র সড়কটি আজও অবহেলিত। জনপ্রতিধিরা একাধিকবার প্রতিশ্রুতি দিলেও সড়কটিতে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বর্ষা মৌসুমে তাদের দুর্ভোগের শেষ থাকে না। এ সময় কর্দমাক্ত সড়কে মুড়ি পরিবহনে তাদের অনেক কষ্ট পোহাতে হয়।স্থানীয় ইউপি চেয়ারম্যান মণিমোহন যদু বলেন, ‘মাছুয়াঘাটা গ্রামের অধিকাংশ মানুষ মুড়ি ভেজে জীবিকা নির্বাহ করে। এখানকার মুড়ি খেতে সুস্বাদু হওয়ায় বাজারে বেশ চাহিদা রয়েছে। গ্রামে প্রবেশের একমাত্র সড়কে এ বছর মাটির কাজ করা হয়েছে। এ ছাড়া সড়কটির উন্নয়ন কাজের জন্য এলজিইডিতে আবেদন করা হয়েছে।’