শিশু পরাগ মণ্ডল অপহরণের ১৩ দিন পর ‘মূল পরিকল্পনাকারী’ আমির (৪২) ধরা পড়েছেন। শুক্রবার দিবাগত রাত তিনটায় টঙ্গীর মুদাফার তিলারগাতি এলাকার ভাড়া বাসায় পুলিশের সঙ্গে গোলাগুলির পর গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে।আমিরের বাঁ কানে ও বুকে গুলি লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল ও ৮৫টি গুলি পাওয়া গেছে।পুলিশের অভিযানের সময় ওই বাসায় পাওয়া পরিচয়পত্র অনুযায়ী, তাঁর পুরো নাম মুক্তার হোসেন আমির, বাবার নাম আব্বাস আলী। হাসপাতালে নাম জিজ্ঞেস করা হলে বলা হয়, মুক্তার। এই প্রতিবেদককে তিনি বলেন, পুলিশ গুলি চালিয়েছে, তিনি নন। উদ্ধার করা অস্ত্রও তাঁর নয়। তাঁর দাবি, শিশু পরাগকে তিনি অপহরণ করেননি।পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় ডিবি ও ঢাকা জেলা পুলিশের সমন্বয়ে একটি যৌথ দল টঙ্গী থানার বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। ডিবির জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ ছানোয়ার হোসেনের তদারকিতে পুলিশ দুটি দলে বিভক্ত হয়ে সন্ধ্যা ছয়টা থেকে নয় ঘণ্টা অভিযান চালায়। রাত তিনটার আমিরের অবস্থান নিশ্চিত হয়ে তিলারগাতির সিংবাড়ি এলাকার বাসিন্দা মনির হোসেনের বাড়ি ঘিরে ফেলে পুলিশ। গত সপ্তাহে আমির বাসাটি ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানসহ সেখানে ওঠেন।অভিযানকারী দলের একজন সদস্য জানান, বাড়ির মালিকের সহযোগিতা নিয়ে ডাকাডাকি করে আমিরকে জাগানো হয়। আমির ঘরের দরজা খুলে পুলিশের ওপর গুলি ছোড়েন। পুলিশ পাল্টা গুলি চালায়। ওই সময় দৌড়াতে গিয়ে বুলেটপ্রুফ জ্যাকেট পরা পুলিশের তিন সদস্য আহত হন। একপর্যায়ে কান ও বুকে গুলি লেগে আমির লুটিয়ে পড়েন। তাঁর কাছে কালো রঙের একটি পিস্তল ও পাঁচটি গুলি পাওয়া যায়। পরে পুলিশ ওই বাসা থেকে ৮০টি গুলিসহ যুক্তরাষ্ট্রের তৈরি সিলভার রঙের একটি পিস্তল উদ্ধার করে। পুলিশ ওই বাসা থেকে আমিরের স্ত্রী বিউটি বেগমকে গ্রেপ্তার করে। আহত আমিরকে প্রথমে টঙ্গী থানা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টঙ্গীর চেরাগআলী থেকে পশ্চিমে ছয়-সাত কিলোমিটার দূরে তিলারগাতি এলাকা। একটি পোশাক কারখানার সামনে ছোট গলি দিয়ে কিছুদূর গেলেই মনির হোসেনের একতলা বাড়ি। গতকাল শনিবার বাড়িটির টিনের ফটকের বিভিন্ন স্থানে গুলির ছিদ্র দেখা যায়।বাড়ির মালিকের শ্যালক মনির মিয়া প্রথম আলোকে বলেন, ‘রাত তিনটার দিকে সাদা পোশাকে পুলিশের সদস্যরা আমাকেসহ আশপাশের কয়েকজনকে ডেকে তোলেন। এরপর পুলিশের কথামতো আমি সরে যাওয়ার একটু পরে তিন-চারটি গুলির শব্দ শুনতে পাই। কিছুক্ষণ পর আমি বাসার কাছে এসে দেখি, আমিরকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে।’স্থানীয় ব্যবসায়ী সোলাইমান হায়দার বলেন, ‘ওনারে দেইহ্যা বুঝি নাই উনি যে এত বড় সন্ত্রাসী। কয়েক দিন আগেও উনি আমার দোহানে আইস্যা খাবার জিনিস কিনছে। অ্যাহন শুইন্যায় ভয় করতাছে।’হাসপাতালে: গতকাল সকাল সাড়ে ছয়টার দিকে গুলিবিদ্ধ আমিরকে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। পরে আনা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের নাক-কান-গলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, আমিরের অবস্থা গুরুতর। বাঁ কান দিয়ে ঢুকে একটি গুলি গলায় আটকে আছে এবং আরেকটি বুকে বিদ্ধ হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা চলছে। প্রতিবেদন দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।১১ নভেম্বর কেরানীগঞ্জের শুভাঢ্যার পশ্চিমপাড়া বাসার গলির মুখ থেকে মা লিপি মণ্ডল, বোন পিনাকি মণ্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে পরাগকে অপহরণ করে দুর্বৃত্তরা। মুক্তিপণ দিয়ে ১৩ নভেম্বর মধ্যরাতে ছাড়া পায় পরাগ। তাকে কেরানীগঞ্জের আঁটিবাজারের রাস্তায় রেখে যাওয়া হয়। পরে ডিবি পুলিশ ও স্বজনেরা তাকে নিয়ে আসে স্কয়ার হাসপাতালে। চিকিৎসা শেষে ২২ নভেম্বর কেরানীগঞ্জের বাসায় ফেরে পরাগ ও তার মা।সংবাদ সম্মেলন: আমির গ্রেপ্তার হওয়ার পর গতকাল রাজধানীর মিন্টো রোডের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডাকা হয়। সেখানে অপহরণে ব্যবহূত মোটরসাইকেলটির চালক আল আমিন ও আমিরের সাবেক স্ত্রীর বড় ভাই মামুন হোসেনকে হাজির করা হয়।পরাগের বাবা বিমল মণ্ডলকেও সাংবাদিকদের সামনে আনা হয়। তিনি সৃষ্টিকর্তা ও গণমাধ্যমের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘ছেলে ফিরে পাওয়ার ভালো লাগাটা ব্যাখ্যা করার মতো নয়।’ তিনি ৫০ লাখ টাকা মুক্তিপণ দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘এত টাকার মালিক আমি নই। আমার একটি ব্যবসাপ্রতিষ্ঠান ও কিছু জমি রয়েছে।’ তিনি জানান, পরাগ ভালো আছে। তবে মোটরসাইকেল দেখলেই ভয় পাচ্ছে।আল আমিন সাংবাদিকদের বলেন, ‘১১ নভেম্বর ভোর ছয়টার দিকে আমি আমিরকে মোটরসাইকেলে বসিয়ে তার নির্দেশমতো শুভাঢ্যার পশ্চিমপাড়ায় একটি গলির মুখে যাই। সেখানে গিয়ে আরও একটি মোটরসাইকেলে দুই যুবককে দেখতে পাই। সকাল সাড়ে সাতটার দিকে স্কুলে যাওয়ার সময় আমির একটি বাচ্চাকে টান মেরে মোটরসাইকেলের মাঝে বসায়। এ সময় বাচ্চাটাকে তার বোন হাত ধরে টান দেয়। আমি মোটরসাইকেল চালানো শুরু করি। বাচ্চাটার পেছনে বসা আমির বাচ্চাটার মা, বোন ও গাড়িচালককে গুলি করে। এরপর বাচ্চা নিয়ে আমিরের আঁটিবাজারের বাসায় যাই। বাচ্চাটারে আমির তার বউয়ের কাছে দেয়। বাচ্চাটা ওই বাসাতেই ছিল।’ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র ও ডিবির উপকমিশনার মো. মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, অপহরণের পর শিশুটিকে আমির একাধিক স্থানে রাখেন। শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধারে পুলিশ কৌশলে আলোচনা চালায়। ডিবি পুলিশ আমিরের সাবেক স্ত্রী ও তাঁর বড় ভাই মামুন হোসেনকে ডিবি কার্যালয়ে আটক রেখে চাপ সৃষ্টি করতে থাকে। একপর্যায়ে আমির পরাগকে ছেড়ে দিতে রাজি হন।মুক্তিপণ দিয়ে শিশুটি ছাড়া পেয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে মনিরুল বলেন, মুক্তিপণ দেওয়ার তথ্যের সত্যতা মেলেনি।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন টঙ্গী ও কেরানীগঞ্জ প্রতিনিধি]