‘মৃত্যুকে মুঠোয় নিয়ে বেনগাজিতে ছুটে চলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাইরে তখন থেমে থেমে গুলি চলছে। কখনো বা বোমার বিস্ফোরণ। আর এরই মধ্যে ছুটে চলছে আমাকে বয়ে নেওয়া অ্যাম্বুলেন্স। সহকর্মীরা যেতে বাধা দিলেও তাঁদের কথা রাখিনি। লিবিয়ায় এসেছি মানুষের জীবন বাঁচাতে। তাই নিজের জীবনের মায়া করলে কি চলে! মৃত্যুর ঝুঁকি নিয়েই গত ২০ ফেব্রুয়ারির পর থেকে প্রায় প্রতিদিনই ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে বেনগাজির আল বাইদা হাসপাতালে রোগীদের শুশ্রূষা করতে গেছি। দেশে ফিরে এখন সে কথা ভাবলেই শিহরিত হই।’কথাগুলো শল্যচিকিৎসক শাহেদুর রহমান চৌধুরীর। গত শুক্রবার মিসরের আলেকজান্দ্রিয়া হয়ে দেশে ফিরেছেন। প্রায় এক বছর ধরে লিবিয়ার সাবাহ শহরের শাহাদ বক্ষব্যাধি হাসপাতালে কাজ করছিলেন। শেষ পর্যন্ত নিরাপত্তার অভাবে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। গতকাল শনিবার প্রথম আলোর সঙ্গে আলাপে শাহেদুর রহমান চৌধুরী শুনিয়েছেন লিবিয়ায় গত এক মাসের সংঘর্ষ, মৃত্যু আর অনিশ্চিত জীবনযাপনের গল্প। প্রতিনিয়ত মৃত্যুকে সঙ্গী করে দিন পার করেছেন। এত দিন বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বেনগাজি শেষ পর্যন্ত গাদ্দাফির অনুগত বাহিনীর দখলে চলে যাওয়ার উপক্রম হলে তিনি দেশে ফিরতে বাধ্য হন। মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের তরুণ চিকিৎসক শাহেদুর প্রায় এক বছর আগে পাড়ি জমান লিবিয়ায়। যোগ দেন শাহাদ বক্ষব্যাধি হাসপাতালে। যথারীতি দায়িত্ব পালন করে যাচ্ছিলেন। অন্যদের মতোই বাংলাদেশের এ শল্যচিকিৎসকের জীবনেও ছন্দপতন ঘটে ১৫ ফেব্রুয়ারির পর থেকে। শাহেদুর বললেন, ‘গত মাসের ১৫ থেকে ২০ তারিখ পর্যন্ত চরম উৎকণ্ঠায় কেটেছে। বাইরে তুমুল গোলাগুলি, রক্তের ছড়াছড়ি। যতক্ষণ জেগে ছিলাম ততক্ষণই ভয়, কি-না-কি হয়। ইউক্রেন, সার্বিয়াসহ বিভিন্ন দেশ থেকে আসা অন্য সহকর্মীদের মতো আমার থাকার জায়গা ছিল হাসপাতাল এলাকার ভেতরেই। তাই বাইরে খুব একটা যেতে হয়নি। আর গাদ্দাফিবিরোধীরাও কখনো হাসপাতালে আক্রমণ করতে আসেনি।’লড়াইয়ের কোনো ভয়াবহ অভিজ্ঞতার কথা জানতে চাইলে শাহেদুর বলেন, ‘তারিখটা সম্ভবত ২২ ফেব্রুয়ারি। সেদিন লাবরাক বিমানবন্দর দখল নিয়ে দুই পক্ষের তুমুল লড়াই হলো। আল বাইদা হাসপাতালে আনা হয়েছে ৩০ জনের লাশ। অথচ আন্তর্জাতিক প্রচারমাধ্যমে জানানো হলো, মারা গেছে ছয়জন। আসলে সংঘর্ষের দিনগুলোতে অনেকের পক্ষেই ঘটনার আসল ছবি তুলে ধরা সম্ভব ছিল না। বলে বোঝানো যাবে না সেখানকার পরিস্থিতি এখন কেমন।’শাহেদুর জানান, গত শুক্রবার সাত বাংলাদেশি সেবিকাসহ তিনি মিসর-লিবিয়ার আল সালুম সীমান্ত পাড়ি দিয়ে আলেকজান্দ্রিয়া হয়ে ঢাকায় ফিরেছেন। পথে তেমন কোনো বাধার মুখে পড়েননি। সীমান্তের চেকপোস্টগুলোতে কর্মরত বিদ্রোহীরা নাম-পরিচয় জানতে চেয়েছে। তবে বাংলাদেশের পাসপোর্ট দেখানোর সঙ্গে সঙ্গেই ছেড়ে দেয়। শাহেদুর জানান, বেনগাজি, সাবাহসহ লিবিয়ার ওই এলাকার শহরগুলোতে ৬০ থেকে ৭০ জন বাংলাদেশি সেবিকা কাজ করছেন। এঁদের মধ্যে ১৬ জন কাজ করছেন আল বাইদা হাসপাতালে। হামলা চলছেই: অস্ত্রবিরতি ঘোষণার পরও গতকালও বিদ্রোহীদের ওপর হামলা অব্যাহত রাখে গাদ্দাফি বাহিনী। জানতে চাইলে লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত এ বি এম নুরুজ্জামান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল রাত (শুক্রবার) থেকে বেনগাজি, মিসরাতা ও জেনতেনের মুঠোফোনের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। তাই বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তবে প্রচারমাধ্যমে হামলার খবর শুনেছি।’রাষ্ট্রদূত বলেন, ‘অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি, কোথাও হামলা শুরুর আগে মুঠোফোনের নেটওয়ার্ক অচল করে দেয় লিবিয়ার কর্তৃপক্ষ। এ দেশের শীর্ষ দুই মুঠোফোন প্রতিষ্ঠানের মালিক মুয়াম্মার গাদ্দাফির দুই ছেলে। ত্রিপোলিতে এখনো ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। ১৫ দিন ধরে আমরা ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হচ্ছি।’ বিমান যাচ্ছে তিউনিসিয়ায়: লিবিয়া ছেড়ে তিউনিসিয়া সীমান্তে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে কাল সোমবার বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট জারবা যাচ্ছে। গতকাল শনিবার পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব জানান, ইতিমধ্যেই মিসর সীমান্ত থেকে সব বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া আলজেরিয়া সীমান্তে আটকে থাকা ২১২ জনের মধ্যে ১৬৫ জনের আজ রোববার দেশে পৌঁছানোর কথা। এ পর্যন্ত লিবিয়া থেকে মোট ২৯ হাজার ৫৩৭ জন শ্রমিক দেশে ফিরে এসেছেন। গ্রিসের ক্রিট দ্বীপের কাছে সাগরে ঝাঁপিয়ে পড়ে নিখোঁজ ১১ বাংলাদেশি সম্পর্কে মিজারুল কায়েস বলেন, নয়জনের লাশ শনাক্ত করা গেছে। দুজনের লাশ এখনো পাওয়া যায়নি। শনাক্ত হওয়া নয়টি লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে বলে তিনি জানান।