‘মেইড ইন বাংলাদেশ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী দিনের উন্নয়নের চালিকাশক্তি হবে যে শিল্প খাত, তা হবে আদর্শস্থানীয়। সে শিল্প খাত শুধু কর্মসংস্থান বা দারিদ্র্য বিমোচনের উদ্দেশ্যে চালিত হবে না; চালিত হবে দক্ষ, যোগ্য ও উৎপাদনশীল কর্মসংস্থানের লক্ষ্যে, উচ্চমানসম্পন্ন পণ্য উৎপাদন ও বিপণনের লক্ষ্যে এবং দারিদ্র্য বিমোচনের পাশাপাশি শ্রমিকের উন্নত জীবনমান নিশ্চিত করার লক্ষ্যে। ‘মেইড ইন বাংলাদেশ’ নামের বাংলাদেশের যে শিল্পজাত পণ্য বিপণন হবে দেশে এবং দেশের বাইরে, তা নির্দেশ করবে উপযুক্ত মূল্যের, সর্বোত্তম মানের এবং শ্রমবান্ধব কর্মপরিবেশ ও উন্নত ব্যবস্থাপনায় তৈরি পণ্যের।শুধু কয়েকটি স্বল্পমূল্যের পণ্যের উৎপাদনকারী হবে না বাংলাদেশ। পরিচিত হবে বহু পণ্য উৎপাদনের আদর্শ স্থান হিসেবে। স্বল্প ও মধ্য মূল্যের দৈনন্দিন ব্যবহার্য পণ্য, যেমন—তৈরি পোশাক, চামড়াজাত দ্রব্য, হালকা ইলেকট্রনিক সামগ্রী, পাটজাত দ্রব্য, সিরামিক, প্লাস্টিক, ওষুধ ইত্যাদির পাশাপাশি বাংলাদেশ পরিচিত হবে উচ্চমূল্যের ফ্যাশনেবল তৈরি পোশাক থেকে শুরু করে বৃহদাকারের জাহাজ নির্মাণ, উন্নত মানের কম্পিউটার, মুঠোফোন থেকে শুরু করে গাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি উৎপাদনের এবং বিভিন্ন উন্নত মানের সেবা প্রদানের স্থান হিসেবে। এসব পণ্য দেশে ও দেশের বাইরে বিপণন হবে। শুধু ইউরোপ, আমেরিকা বা কানাডার বাজারে নয়; এসব পণ্য বিপণন হবে নতুন নতুন বাজারে, যেমন—জাপান, চীন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, রাশিয়া কিংবা ভারতে। এসব পণ্যের উৎপাদন এমন এক সুশৃঙ্খল উৎপাদন-কাঠামোর ভেতর দিয়ে পরিচালিত হবে, যেখানে দেশের ভেতরে পর্যাপ্ত পরিমাণ মূল্য সংযোজন হবে। তা নিশ্চিত হবে পণ্যের কাঁচামাল উৎপাদন ও সরবরাহে, পণ্যের ডিজাইন বা ফ্যাশনে, পণ্যের বিপণনে, লজিস্টিক খাতে এবং বাজারজাতে। আন্তর্জাতিক ভ্যালু চেইনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় হবে। বিভিন্ন আন্তর্জাতিক বাজারে বাংলাদেশি পণ্য যত দূর সম্ভব নিজস্ব ব্র্যান্ডে বাজারজাত করা হবে—এটাই প্রত্যাশা।শিল্প খাতের উৎপাদন নেটওয়ার্ক এমনভাবে বিকশিত হবে, যাতে বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র শিল্পকারখানা একটি সমন্বিত কাঠামোর মধ্যে বেড়ে উঠবে। এর ফলে ক্ষুদ্র বা মাঝারি আকারের শিল্পকারখানায় ব্যবহার্য পণ্য ছাড়াও কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য উৎপাদন এবং প্রতিযোগিতামূলক মূল্যে এগুলোর বিপণনে নিয়োজিত থাকবে। একই সঙ্গে কাঁচামাল ও মধ্যবর্তী পণ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে আমদানি-পর্যায়ের শুল্ক কাঠামো সহজতর হবে। ভারী শিল্পের জন্য অত্যাবশ্যকীয় কাঁচামাল, যেমন—ইস্পাত—দেশে উৎপাদিত হবে। পর্যাপ্ত অবকাঠামোগত সুবিধা, বিশেষত বিদ্যুৎ, গ্যাস ও রাস্তাঘাট উন্নয়নের মাধ্যমে উন্নত ব্যবসা-বাণিজ্যের পরিবেশ নিশ্চিত হবে। বিভিন্ন বিশেষায়িত শিল্পের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, শিল্পপার্ক, শিল্পপল্লি এবং গুচ্ছ শিল্পাঞ্চল ইত্যাদি দক্ষভাবে কাজ করবে। শিল্পাঞ্চলগুলো বর্তমানের মতো কতিপয় এলাকায় কেন্দ্রীভূত না থেকে ছড়িয়ে থাকবে দেশজুড়ে। এসব এলাকায় পর্যাপ্ত ভৌত অবকাঠামো, লজিস্টিক সেবা, শ্রমিকদের বাসস্থান ও বিনোদন, ব্যাংক/বিমা প্রতিষ্ঠান এবং নৌ ও সমুদ্রবন্দরের সঙ্গে উপযুক্ত যোগাযোগ থাকবে।আগামী দিনের শিল্পের মূল অনুষঙ্গ হবে তথ্যপ্রযুক্তি (আইটি)। আইটি নিজস্ব শিল্প হিসেবে ব্যাপক বিস্তৃতি লাভ করবে মূলত সফটওয়্যার এবং আইটিইএসের মতো শিল্পের মাধ্যমে। একই সঙ্গে আইটির ব্যাপক বিস্তার ঘটবে কলকারখানার উৎপাদন-ব্যবস্থাপনায় এবং উৎপাদন-প্রক্রিয়ায়। আইটি-নির্ভর সেবা খাত অনেক শক্তিশালী হবে; বিশেষত শিক্ষা, চিকিৎসা, গবেষণা, বিনোদন, প্রকাশনা ইত্যাদিতে। আইটির ব্যাপক বিস্তারে দেশে আইটিতে দক্ষ পেশাজীবী গড়ে উঠবে। শিল্প খাতে আইটির প্রয়োগ বাড়বে বহু গুণে। এর ফলে হার্ডওয়্যার খাত, বিশেষত কম্পিউটার এবং বিভিন্ন আনুষঙ্গিক যন্ত্রপাতি উৎপাদনের শিল্প গড়ে উঠবে দেশের ভেতরেই। আইটির মতো অন্যান্য সেবা খাতেরও বিকাশ ঘটবে।শিল্পের জন্য প্রয়োজনীয় পুঁজির সংস্থান হবে দেশ এবং দেশের বাইরের বিভিন্ন উৎস থেকে। অতি অল্প সুদে (২-৩ শতাংশ) ব্যাংকঋণ পাওয়ার ব্যবস্থা থাকবে, যা ব্যবসা-বাণিজ্যের প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে। এ লক্ষ্যে ব্যাংকগুলোর দক্ষতা ও উৎপাদনশীলতা বাড়িয়ে ব্যাংকের পরিচালন-ব্যয় অতি নিম্নমাত্রায় রাখা হবে, যেমনটি দেখা যায় উন্নত বিশ্বে। নতুন নতুন শিল্পোদ্যোক্তার ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগের ঝুঁকিপূর্ণ বিনিয়োগে ভেঞ্চার ক্যাপিটালের প্রাপ্তি নিশ্চিত হবে। এভাবে দেশে নতুন শিল্পোদ্যোগ বিস্তার লাভ করবে। বৃহদাকার শিল্পের জন্য প্রয়োজনীয় শিল্পপুঁজির সংস্থান হবে পুঁজিবাজারের মাধ্যমে। বর্তমানের দুর্বল ও অদক্ষ পুঁজিবাজারের বিপরীতে থাকবে দক্ষ, সক্ষম এবং নির্ভরযোগ্য পুঁজিবাজার, যেখানে কারও দৌরাত্ম্য থাকবে না। এর পাশাপাশি দেশে বিদেশি বিনিয়োগ আসবে ম্যানুফ্যাকচারিং ও সেবা খাতের বড় বড় শিল্প প্রতিষ্ঠায়, অবকাঠামো নির্মাণে, স্বাস্থ্য-ব্যবস্থাপনায়, উচ্চশিক্ষায় এবং খনিজ সম্পদের (তেল ও কয়লা) উত্তোলনে। বিদেশি বিনিয়োগের মাধ্যমে শিল্প খাতে আধুনিক প্রযুক্তির প্রয়োগ ঘটবে এবং ব্যবস্থাপনার পদ্ধতিতে আধুনিকায়ন হবে। পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি বিনিয়োগের উদ্দেশ্যে বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন।দেশের শিল্প এমন এক শিল্পোদ্যোক্তা শ্রেণীর হাত ধরে বিকশিত হবে, যেখানে বৃহৎ, মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তার সহাবস্থান থাকবে। ব্যবসায় পরিবেশের এমন একটি অবস্থা বজায় থাকবে, যেখানে শিল্পোদ্যোক্তারা ধীরে ধীরে বড় হতে পারবেন। ব্যবসায় মুনাফা বৃদ্ধির উদ্দেশ্যে কোনো ধরনের অনৈতিক কার্যক্রম, আইন ভঙ্গ বা আইনের ফাঁক গলে বের হয়ে যাওয়া ইত্যাদি কঠোরভাবে দমন করা হবে। এতে শিল্পোদ্যোক্তারা প্রতিযোগিতা-সক্ষম বাজারব্যবস্থায় নিজেদের ব্যবসার বা শিল্পের পূর্ণ বিকাশের সুযোগ পাবেন।করপোরেট সংস্কৃতির চর্চা বাড়বে বহু গুণে। ব্যবস্থাপনা এবং মালিকানা আলাদাভাবে কাজ করবে। এ ক্ষেত্রে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যেমন স্বাধীনতা নিশ্চিত হবে, অন্যদিকে বোর্ডের কাছে ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত হবে। করপোরেট খাতে ব্যবস্থাপক থেকে শুরু করে ব্যবস্থাপনা পরিচালক পর্যন্ত প্রত্যেকের মূল্যায়ন হবে তাঁর যোগ্যতার ভিত্তিতে। পারিশ্রমিক হিসেবে বেতনের পাশাপাশি যোগ্যতার ভিত্তিতে আকর্ষণীয় বোনাসের ব্যবস্থা থাকবে। কর্মকর্তা-কর্মচারীদের পদায়ন হবে যোগ্যতার ভিত্তিতে। আত্মীয়তা, আঞ্চলিকতা, রাজনৈতিক পরিচিতি বা উচ্চপদস্থ কারও অনুরোধ বা অনৈতিক লেনদেনের ভিত্তিতে নয়। এর ফলে দক্ষ, যোগ্য এবং সক্ষম ব্যবস্থাপক-গোষ্ঠী বিকাশ লাভ করবে।আগামী দিনের শিল্পে এমন এক শিল্পসম্পর্ক প্রতিষ্ঠা পাবে, যেখানে শ্রমিক তাঁর প্রতিষ্ঠানের কাজের প্রতি কর্তব্যপরায়ণ থাকবেন এবং মালিক শ্রমিককে উপযুক্ত মর্যাদা দেবেন। সেখানে শ্রমিকের সব অধিকারপ্রাপ্তি নিশ্চিত হবে। শ্রমিকের মর্যাদাসম্পন্ন জীবন নির্বাহ করা, বিশেষত তাঁর এবং তাঁর পরিবারের সুন্দর আবাসন, স্বাস্থ্য, শিক্ষা, চিকিৎসা ও বিনোদন নিশ্চিত হবে তাঁর উপার্জনের মাধ্যমে। এসবের জন্য শ্রমিকের প্রয়োজন হবে উপযুক্ত বেতন, যা তাঁর উৎপাদনশীলতা ও দক্ষতার জন্য ন্যায্যত পাওনা। এ জন্য মালিক শ্রমিকের উপযুক্ত মজুরি নিশ্চিত করবেন। কারখানায় উন্নত শ্রমপরিবেশের ব্যবস্থা থাকবে, একই সঙ্গে শ্রম আইন ভঙ্গ হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শ্রমিকদের দর-কষাকষির এবং ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে একটি সুনির্দিষ্ট আইনি কাঠামোর মধ্যে, যেখানে এ ধরনের কার্যক্রমের জন্য কারখানায় নিয়মিত কার্যক্রম বাধাগ্রস্ত হবে না। অন্যদিকে শ্রমিকদেরও দাবি জানানোর কারণে ছাঁটাইয়ের হুমকিতে পড়তে হবে না। শ্রমিকদের সামাজিক সুবিধা নিশ্চিত করতে মালিকপক্ষ বিভিন্ন ধরনের সিএসআর কার্যক্রম গ্রহণ করবে। এ কাজে সংশ্লিষ্ট এনজিওগুলোকে কাজে লাগানো হবে। আবার আগামী দিনের শিল্পে শ্রমিকেরা কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্ত বাস্তবায়নের হাতিয়ার হিসেবে কাজ করে উৎপাদন কার্যক্রম বাধাগ্রস্ত করবেন না।শিল্পক্ষেত্রে নারীর অবস্থান হবে পুরুষের সমকক্ষ হিসেবে। এ ক্ষেত্রে পুরুষের সমান মজুরির পাশাপাশি নারীর জন্য আইনগতভাবে প্রদেয় অধিকার এবং উপযুক্ত কর্মপরিবেশ নিশ্চিত হবে। নারীর কর্মক্ষেত্রে প্রবেশের পথের অন্তরায়গুলো দূর হবে। উদ্যোক্তা হিসেবে তাঁর ব্যাংকঋণ প্রাপ্তি, পুঁজিবাজার থেকে পুঁজি সংগ্রহ করা, ভেঞ্চার ক্যাপিটাল সংগ্রহ করা এবং বিশেষ বিশেষ শিল্পাঞ্চলে উদ্যোগ গ্রহণের সুবিধা থাকবে।শিল্প হবে পরিবেশদূষণমুক্ত। শিল্পের উৎপাদিত প্রতিদিনকার বর্জ্য উপযুক্ত পদ্ধতিতে শোধিত হবে। বর্জ্য-ব্যবস্থাপনায় উন্নত দেশের কারিগরি জ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ট্রেনিংয়ের সহায়তা নেওয়া হবে। এ ক্ষেত্রে পরিবেশদূষণ আইন কঠোরভাবে মেনে চলা হবে। দেশের শিল্প হবে ‘সবুজ শিল্প’-এর প্রতিরূপ। শিল্প প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন অঞ্চল নির্দিষ্ট থাকবে, যাতে কৃষি অঞ্চল শিল্পাঞ্চলে পরিণত না হয়।আগামী দিনের শিল্পের এ কল্পিত রূপ বাস্তবায়নে সব পক্ষের ধারাবাহিক উদ্যোগ প্রয়োজন। এ কল্পনার বাস্তব রূপ দেখতে হয়তো বহু বছর লেগে যাবে, কিন্তু সে লক্ষ্যে কাজ শুরু করতে কোনো সমস্যা নেই। আগামী দিনের শিল্প গড়ে উঠবে একঝাঁক উদ্যমী, সাহসী, অগ্রসরমনা, আধুনিক এবং শিক্ষিত উদ্যোক্তার হাত ধরে। তাঁদের সঙ্গে থাকবেন অসংখ্য দক্ষ, যোগ্য, তরুণ পেশাজীবী ও শ্রমিক। সেই তরুণদের গড়ে তুলতে হবে উপযুক্ত শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে। এ প্রচেষ্টা হতে হবে ধারাবাহিকভাবে। কারণ, এ তরুণদের হাতেই আগামী দিনের শিল্পের মশাল।ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম: সিনিয়র রিসার্চ ফেলো, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।[email protected]