‘মেজর’ সেজে পাহাড়ে ২০০ একর জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের লামা উপজেলার ফাইতংয়ে মোস্তফা জামাল নামের এক ব্যক্তি প্রতারণা করে, সেনাবাহিনীর পরিচয় দিয়ে আদিবাসীদের প্রায় ২০০ একর ভোগদখলীয় জুমের জমি ও বাগান দখল করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।স্থায়ী বাসিন্দা না হলে পার্বত্য বান্দরবানে জমি কেনা যায় না। কিন্তু মোস্তফা জামাল স্থানীয় এক বাসিন্দাকে ভুয়া পিতৃপরিচয় দিয়ে ফাইতংয়ে জন্মনিবন্ধন নেন। ভুয়া ওই জন্মনিবন্ধন দেখিয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও হেডম্যানের কাছ থেকে স্থায়ী বাসিন্দার সনদও নেন। তারপর জমির ভুয়া মালিক হাজির করে ক্রয় দলিল করেন। শুধু তা-ই নয়, স্থানীয় লোকদের প্রভাবিত করতে নিজেকে তিনি অবসরপ্রাপ্ত মেজর দাবি করেছেন বলেও অভিযোগ রয়েছে।সম্প্রতি সরেজমিনে ফাইতং ইউনিয়নের শিবাতলির ওই জমিতে গিয়ে দেখা যায়, বিশাল এলাকাজুড়ে প্রাকৃতিক বন ও শিবাতলিপাড়ার একতা সমিতির বাগান কেটে হাইব্রিড একাশিয়া গাছের চারা রোপণ করা হয়েছে। সেখানে একটি সাইনবোর্ডে লেখা রয়েছে, ‘এই জমির মালিক মোস্তফা জামাল ও ডা. তাবাসসুন সামাদ, পিতা: মেজর জেনারেল (অব.) আবদুস সামাদ।’ফাইতং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এমংচিং মারমা ও শিবাতলিপাড়ার বাসিন্দা অংহ্লাচিং মারমা বলেছেন, সাইনবোর্ড লাগানো জায়গায় শিবাতলিপাড়া একতা সমিতির সদস্যরা ২০০৯ সালে প্রায় ১০ হাজার গাছের চারা লাগিয়েছিলেন। তাঁদের চারা কেটে ও সমিতির সাইনবোর্ড তুলে সেখানে মোস্তফা জামাল নতুন সাইনবোর্ড টাঙিয়েছেন।নাম প্রকাশ না করার শর্তে সেনাবাহিনীর লামা সাব-জোনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে করা তদন্তে মোস্তফা জামাল সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে তাঁর শ্বশুর আবদুস সামাদ মেজর জেনারেল ছিলেন এবং এক ভাই মেজর পদে এখনো কর্মরত।কাগজপত্রে মোস্তফা জামাল ফাইতং এলাকার আলী হোসেনকে নিজের বাবা দেখিয়েছেন। প্রবীণ আলী হোসেন প্রথম আলোকে বলেন, ‘মোস্তফা জামাল নামে কাউকে আমি চিনি না, জানি না। একজন ইউপি সদস্য আমার বন্দোবস্ত পাওয়া জমির দলিলের ফটোকপি (ছায়ালিপি) নিয়েছিলেন। পরে ওই কাগজে তাঁর ছবি সংযুক্ত করে, আমাকে তাঁর বাবা পরিচয় দিয়ে তিনি স্থায়ী বাসিন্দার সনদ নিয়েছেন। এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না।’পার্বত্য জেলা পরিষদ আইন ও ১৯০০ সালের শাসনবিধি অনুযায়ী, বসবাসের সুনির্দিষ্ট ঠিকানা ও বৈধ জায়গা-জমির মালিকানা না থাকলে স্থায়ী বাসিন্দা হওয়া যায় না। আর স্থায়ী বাসিন্দা না হলে পার্বত্য এলাকায় জায়গা-জমি কেনা যায় না।ফাইতং ইউপির সদস্য এমংচিং মারমা এবং স্থানীয় বাসিন্দা হেলাল উদ্দিন ও জালাল উদ্দিন জানান, অবসরপ্রাপ্ত মেজর পরিচয় দিয়ে মোস্তফা জামাল এ বছরের শুরুতে ফাইতংয়ে আসেন। তিনি ১৯৮০-১৯৮১ সালের সেটেলার পুনর্বাসনের বন্দোবস্তি (রিহ্যাবিলিটেশন হোল্ডিং) দলিল দালাল চক্রের মাধ্যমে সংগ্রহ করেছেন। এসব দলিলের বিপরীতে সুনির্দিষ্ট কোনো জমি নেই। ভাড়া করা লোকজনকে জমির মালিক হিসেবে হাজির করে এই কাগুজে দলিলগুলোর বিপরীতে জামাল ক্রয়-দলিল করেছেন। ফাইতং ইউপির চেয়ারম্যান তাঁকে এ কাজে সহযোগিতা করেছেন বলে এমংচিং ও হেলাল অভিযোগ করেন।ভূমি দখলে সহযোগিতা করার কথা অস্বীকার করে ফাইতং ইউপির চেয়ারম্যান শামসুল আলম দাবি করেন, তিনি মোস্তফা জামালকে নাগরিকত্ব সনদ দিয়েছেন, কিন্তু তিনি ফাইতংয়ের স্থায়ী বাসিন্দা কি না, তা তাঁর জানা নেই।ফাইতংয়ের পাশে আজিজনগর ইউনিয়নের বাসিন্দা মতিউর রহমান জানান, ফাইতংয়ে তাঁর পাঁচ একর জমি আছে। তিনি পামগাছ ও ফলের বাগান করেছিলেন। তিনি অভিযোগ করেন, আরেকজনকে মালিক বানিয়ে নির্বাহী হাকিমের সামনে হাজির করে মোস্তফা জামাল সেই জমির বায়না দলিল করেছেন। দলিলে বিক্রেতা হিসেবে যাঁর ছবি সংযুক্ত আছে, তাঁকে মতিউর চেনেন না।ফাইতং মৌজার হেডম্যান (মৌজাপ্রধান, রাজস্ব আদায় ও ভূমি ব্যবস্থাপনা যাঁর দায়িত্ব) উম্রামং মারমা বলেন, ‘মোস্তফা জামাল নামের দখলদার ওই ব্যক্তির সবকিছুই ভুয়া।’ ভুয়া জন্মনিবন্ধন ও চেয়ারম্যানের সনদ দেখিয়ে তাঁর কাছ থেকেও স্থায়ী বাসিন্দার সনদ নিয়েছেন বলে জানান হেডম্যান।ফাইতং ইউপির সদস্য ধর্মচরণ ত্রিপুরা জানান, এলাকাবাসী জমি দখল ঠেকাতে চেষ্টা করলে তিনিসহ কয়েকজনকে সেনা অফিসে ডেকে কিছু চাপ দেওয়া হয়। এসব বিষয়ে তাঁরা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগও করেছেন। তবে সেনা কর্মকর্তারা বলছেন, চাপ দেওয়ার কথা ঠিক নয়। মোস্তফা জামাল হুমকিতে আছেন বলে অভিযোগ করলে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে।লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইলের মতে, মোস্তফা জামালের অধিকাংশ ‘জমি বিক্রেতা’ ভুয়া। তিনি বলেন, ভুয়া দলিলে স্থানীয় ব্যক্তিদের জমি দখলের বিষয়টি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় একাধিকবার আলোচনা হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।দালাল চক্রের মাধ্যমে জমি কেনার কথা স্বীকার করে মোস্তফা জামাল জানান, প্রথম দিকে কেনা জমিগুলোতে কিছুটা সমস্যা হয়েছিল। পরে ঝামেলামুক্ত জমি কিনেছেন। আলী হোসেনকে বাবা পরিচয় দিয়ে স্থায়ী বাসিন্দার সনদ নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, চেয়ারম্যান ও হেডম্যান যাচাই করে তাঁকে সনদ দিয়েছেন। শিবাতলি পাড়াবাসীর কারও জমি দখল হলে তিনি তা ফেরত দেবেন। তিনি অবসরপ্রাপ্ত মেজর কি না জানতে চাইলে মোস্তফা জামাল বলেন, তিনি মেজর ছিলেন না এবং কখনো, কোথাও নিজেকে মেজর পরিচয় দেননি। তাহলে মতিউর রহমানের সঙ্গে করা একটি জমির ক্রয়-দলিলে তাঁর নামের পাশে ‘মেজর’ লেখা এল কোত্থেকে—এমন প্রশ্নের জবাবে মোস্তফা জামাল বলেন, ফাইতং এলাকার লোকজন কেন তাঁকে মেজর হিসেবে জানেন তা তাঁর জানা নেই। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি ঢাকায় থাকেন এবং ব্যবসা করেন।বান্দরবানের জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম জানান, মোস্তফা জামালের বিরুদ্ধে এলাকার লোকজন কখন অভিযোগ দিয়েছেন, তাঁর মনে নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখবেন এবং এলাকার লোকজন নতুন করে অভিযোগ দিলে দ্রুত ব্যবস্থা নেবেন।