‘মেট্রো রেল সংসদে স্থায়ী কলঙ্ক লেপে দেবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যাপক মোজাফফর আহমেদ বলেছেন, জাতীয় সংসদ ভবন কেবল একটি দালান নয়, জনগণের সার্বভৌমত্বের প্রতীক। আগেও এর বিচ্যুতি হয়েছে, এখন মেট্রো রেলের মাধ্যমে যে বিচ্যুতি হতে যাচ্ছে তা স্থায়ী কলঙ্ক লেপে দেবে।সংসদ ভবনের পাশ দিয়ে নয়, বিজয় সরণি হয়ে মেট্রো রেল বাস্তবায়নের দাবিতে আজ শনিবার সকালে এক প্রতীকী গণ-অনশন কর্মসূচিতে তিনি এ কথা বলেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ পাশে এ গণ-অনশনের আয়োজন করে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স, বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ আরও কয়েকটি সংগঠন।মোজাফফর আহমেদ বলেন, মেট্রো রেলের বিষয়ে বিকল্প পথ আছে। সেই বিকল্প গ্রহণ না করে সংসদের পাশ দিয়ে এটা করলে ইতিহাস আমাদের প্রশ্ন করবে।সংসদকে গর্বের বিষয় উল্লেখ করে তিনি বলেন, কেন আমরা এ সর্বনাশ করব? এখন শহরে নতুন কোনো সেবা দিতে হলে অনেক কিছু বিবেচনায় নিতে হবে। আমরা বিজয় অর্জন করেছি, এ বিজয় কি শুধু পাকিস্তানি হানাদারদের দূর করা জন্য? আমরা বিজয় চেয়েছি সুন্দরের পক্ষে, ন্যায়ের পক্ষে। বিজয় সরণি হয়ে মেট্রো রেলের আন্দোলনকে সুন্দরকে রক্ষার আন্দোলন বলে আখ্যা দেন অধ্যাপক মোজাফফর আহমেদ।গণ-অনশনে স্থপতি মোবাশ্বের হোসেন, স্থপতি রবিউল হোসেন, আইনজীবী সৈয়দা রেজওয়ানা হাসান প্রমুখ বক্তব্য দেন। বেলা ১১টার দিকে শুরু হওয়া এ অনশন চলবে বিকেল চারটা পর্যন্ত।